লাবিব মাহফুজ চিশতী
এ পথটির মালিক আমি নই
আমি এক জীবন্ত সংশয় – চলমান ভাঙন
প্রশ্নচিহ্ন গলায় ঝুলিয়ে ছুটে চলি অবিরাম।
আমি জানি, আত্মাটি জন্মেছে শব্দের বহু পূর্বে
সকল শব্দ যে তারই ক্রন্দন সুর –
ক্ষত চিহ্নের ব্যথা-বিলাপ!
যা লিখি তা “সত্য নয়” –
সত্য কেবল সেই যন্ত্রণা, যা লেখা যায় না।
ধর্মটি আমার, ধর্মের অহংকার নয়
ইবাদত আমার, ইবাদতের প্রদর্শন নয়
আমার সেজদা মাটিতে নয় –
তাঁর হাতের বিষাক্ত খঞ্জরে, কারণ – আমি জানি
সেঁ আর আমি এক সেজদারই ব্যাবধান।
আমি জানি তাকে কভূ পাওয়া যায় না
পাওয়া, না পাওয়া যে দূরত্বেরই গল্প বলে!
আমি বরং ভূলে যাই নিজেকে!
দহন ঘনীভূত হলেই তলায় জমে থাকে
শাশ্বত অস্তিত্ব।
আমি প্রশ্ন করি – আমি জানি
প্রশ্ন আত্মাকে জন্ম দেয়
আর উত্তর ডেকে আনে অবসর।
আমি জেগে থাকতে চাই অন্ধকারে –
আমি জানি, প্রতিটি জন্মই অন্ধকারে
আলোটিরও।
আমি আজানের সুরে গাই কীর্ত্তন
সিজদায় ঢালি পূজার নৈবেদ্য
এ বিদ্রোহ নয়, হৃদয়ের আদি ভাষা
একত্বের।
হৃদয় যাদের দাড়িয়ে আছে – ভাঙন নদীর কূলে
নব নির্মাণের অসীম প্রত্যাশায় –
তারাই আমার সহযাত্রী।
এ যাত্রা অনন্তকালের!
আত্মাটি এখনো পথে!
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 20/01/2026

