লাবিব মাহফুজ চিশতী
তুমি আছো “আমি” জুড়ে
আমার সকল ব্যাপ্ত করে
আমার কোমল প্রেমের কাতর নিবেদনে –
অলক্ষ্যে মোর নয়ন তারায়
শ্রবণ মাঝে ধ্বনি ধারায়
পরশ-মধুর সুধায় আছো স্পর্শ-আলিঙ্গনে।
চিরন্তন মাধূর্য লয়ে
মহিমার আবরণ হয়ে
স্বাদে গন্ধে আছো মিশে ধরার সকল খানে –
অলক্ষ্যে মোর কন্ঠস্বরে
মুনাজাতে হস্ত পরে
আছো আমার মুক্ত-গভীর আকুল আহ্বানে।
ধ্যানের আড়াল আছো ধ্যানী
জ্ঞানের আড়াল অভিমানী
সন্ধানেরি আড়াল হয়ে লুকাও প্রদর্শনে –
স্বরূপ তোমার অলক্ষ্য যে
সকল রূপে সকল মাঝে
স্বরূপ রূপে দিও ধরা – অরূপ উন্মোচনে।

