সংগ্রহ, সংকলন ও সম্পাদনা: লাবিব মাহফুজ চিশতী
প্রকাশনায় : আপন খবর
সুফি হৃদয়তত্ত্ব, ধ্যানকেন্দ্র, লতায়েফ, আলমে মিসাল ও মারিফতি জ্ঞানভাণ্ডারের একটি অনুসন্ধানী আর্কাইভ।
বিষয়: সুফি দর্শন, ইলমুর রূহ, ইলমুর নফস, ইলমুল কালব, আধ্যাত্মিক অন্তর্জগৎ।
মূল পরিভাষা: Dil-i Sanawbarī, Dil-i Mudawwar, Dil-i Nilūfarī.
প্রধান ঐতিহাসিক সূত্র: দারা শিকোহের রিসালা-ই হক-নুমা।
সম্পূরক সূত্র: ইমাম গাজ্জালির ইহইয়াউ উলুমিদ্দিন, ফারসি কাব্য, নকশবন্দিয়া-মুজাদ্দিদিয়া লতায়েফ এবং আপন খবরের মারিফতি আলোচনা।
মানবদেহের অন্তরালে তিন দিলের রহস্য
মানুষের দেহকে সুফি সাধকেরা কেবল মাংস, রক্ত, অস্থি ও স্নায়ুর সমষ্টি হিসেবে দেখেননি। তাঁদের কাছে মানবদেহ একই সঙ্গে একটি দৃশ্যমান জগৎ এবং এক অদৃশ্য অন্তর্জগতের আধার। এই অন্তর্জগতে রয়েছে নফস, রূহ, কলব, আকল, সিরর, খফি, আখফা এবং আরও নানা সূক্ষ্ম অস্তিত্বের আলোচনা। মানুষের আত্মপরিচয়, আত্মশুদ্ধি, জিকির, মুরাকাবা, মারিফত ও আত্মদর্শনের সঙ্গে এসব ধারণার সম্পর্ক রয়েছে।
সুফি ঐতিহ্যের কিছু বিশেষ আলোচনায় মানবহৃদয়ের তিনটি কেন্দ্রের নাম পাওয়া যায়—দিলে সানুবরী, দিলে মুদাওয়ারী ও দিলে নিলুফরী।
দারা শিকোহের রিসালা-ই হক-নুমা গ্রন্থে এই তিন দিলের সবচেয়ে সুস্পষ্ট ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায়। আবার ইমাম গাজ্জালি তাঁর ইহইয়াউ উলুমিদ্দিন-এর “শরহু আজায়িবিল কলব” অধ্যায়ে শারীরিক হৃদয় ও আধ্যাত্মিক কলবের মধ্যে মৌলিক পার্থক্য করেছেন। ফারসি কবি হাফিজের কবিতায় “দিলে সানুবরী” এসেছে প্রেমিক হৃদয়ের কাব্যিক প্রতীক হিসেবে। নকশবন্দিয়া-মুজাদ্দিদিয়া ধারায় ক্বলব-ই সানুবরী হৃদয়ের সূক্ষ্ম কেন্দ্রের আলোচনায় ব্যবহৃত হয়েছে। এই লেখার উদ্দেশ্য হলো বিচ্ছিন্ন সূত্রগুলোকে একত্র করে তিন দিলের একটি গবেষণাভিত্তিক সুফি আর্কাইভ নির্মাণ করা।
১. তিন দিলের নাম, ভাষাগত পরিচয় ও শব্দমূল
তিনটি নামের মধ্যে দুটি শব্দের উৎস ফারসি এবং তাদের বিশেষণগুলোর মধ্যে আরবি ও ফারসি ভাষার সংমিশ্রণ রয়েছে।
1. দিলে সানুবরী — دِلِ صَنَوْبَرِي
রোমান রূপ: Dil-i Sanawbarī / Dil-i Sanoubari / Dil-i Sanowbari
বাংলা উচ্চারণ: দিল-ই সানুবরী বা দিলে সানুবরী।
দিল (دِل): হৃদয় বা অন্তর।
সানুবর (صنوبر): পাইন বা দেবদারুজাতীয় শঙ্কুবিশিষ্ট বৃক্ষের নাম।
সানুবরী (صنوبرى): সানুবরের মতো আকৃতিবিশিষ্ট।
আক্ষরিক অর্থ দাঁড়ায়—সানুবর বৃক্ষের শঙ্কুর মতো আকৃতির হৃদয়।
2. দিলে মুদাওয়ারী — دِلِ مُدَوَّر
রোমান রূপ: Dil-i Mudawwar / Dil-i Muddawari
বাংলা উচ্চারণ: দিল-ই মুদাওয়ারী।
দিল (دِل): হৃদয়।
মুদাওয়ার (مُدَوَّر): গোলাকার, বৃত্তাকার বা গোলকসদৃশ।
মুদাওয়ার শব্দটি আরবি ধাতু د و ر থেকে এসেছে। এই ধাতুর মধ্যে ঘোরা, আবর্তিত হওয়া ও বৃত্তাকারতার অর্থ রয়েছে।
আক্ষরিক অর্থ—গোলাকার হৃদয়।
দারা শিকোহের বর্ণনায় একে দিলে বেয়ারং (دِلِ بے رنگ), অর্থাৎ বর্ণহীন হৃদয়ও বলা হয়েছে।
3. দিলে নিলুফরী — دِلِ نِيلُوفَرِي
রোমান রূপ: Dil-i Nilūfarī / Dil-i Nilofari
বাংলা উচ্চারণ: দিল-ই নিলুফরী বা দিলে নিলুফরী।
দিল (دِل): হৃদয়।
নিলুফর (نیلوفر): শাপলা বা জললিলি জাতীয় জলজ ফুল।
নিলুফরী: নিলুফর ফুলের মতো আকৃতিবিশিষ্ট।
আক্ষরিক অর্থ—নিলুফর বা জললিলির মতো আকৃতির হৃদয়।

২. ইমাম গাজ্জালির হৃদয়তত্ত্ব—শারীরিক কলব ও রূহানি কলব
ইমাম আবু হামিদ আল-গাজ্জালি (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ إحياء علوم الدين — ইহইয়াউ উলুমিদ্দিন-এর তৃতীয় রুবের “কিতাবু শরহি আজায়িবিল কলব” অধ্যায়ে তিনি কলবের দুটি অর্থ বর্ণনা করেছেন।
প্রথম অর্থ: শারীরিক হৃদয়। গাজ্জালি বলেন, কলবের একটি অর্থ হলো বক্ষের বাম পাশে অবস্থিত বিশেষ মাংসপিণ্ড, যার ভেতরে একটি গহ্বর রয়েছে এবং যার সঙ্গে রক্ত ও রূহের শারীরিক সম্পর্ক রয়েছে। তিনি একে বলেছেন: اللحم الصنوبري الشكل অর্থাৎ, সানুবর বা পাইন-শঙ্কুর মতো আকৃতির মাংসপিণ্ড। গাজ্জালির বক্তব্য অনুযায়ী, এই শারীরিক হৃদয় মানুষ ও প্রাণী উভয়েরই রয়েছে। এটি দেহের জড় জগতের অন্তর্গত এবং চোখে দেখা যায়।
দ্বিতীয় অর্থ: আধ্যাত্মিক হৃদয়। গাজ্জালি কলবের দ্বিতীয় অর্থ হিসেবে বলেছেন: لطيفة ربانية روحانية অর্থাৎ, রব্বানি ও রূহানি এক সূক্ষ্ম সত্তা। এই সূক্ষ্ম সত্তার সঙ্গে শারীরিক হৃদয়ের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। গাজ্জালির আলোচনায় এই আধ্যাত্মিক কলবই মানুষের জ্ঞান, উপলব্ধি, আত্মপরিচয় ও প্রকৃত মানবিক সত্তার সঙ্গে সম্পর্কিত। এখানে তাঁর বক্তব্যের সারকথা হলো—শরীরের হৃদয় ও আধ্যাত্মিক কলব এক জিনিস নয়। শারীরিক হৃদয় দৃশ্যমান মাংসপিণ্ড; আর রূহানি কলব হলো এমন এক সূক্ষ্ম সত্তা, যার মাধ্যমে মানুষ উপলব্ধি ও জ্ঞান অর্জন করে।
৩. দারা শিকোহ ও তিন দিলের ঐতিহাসিক সূত্র
দারা শিকোহ (১৬১৫–১৬৫৯) ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র। তিনি রাজকীয় জীবনের পাশাপাশি সুফিবাদ, দর্শন, আধ্যাত্মিক সাধনা ও বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যের তুলনামূলক অনুসন্ধানে গভীর আগ্রহী ছিলেন। তিনি কাদিরিয়া সুফি ধারার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর আধ্যাত্মিক জীবনে মিয়ান মীর ও মুল্লা শাহের প্রভাব বিশেষভাবে আলোচিত।
দারা শিকোহের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ: رساله حق نما — Risāla-i Ḥaqq Numā. বাংলা উচ্চারণ: রিসালা-ই হক-নুমা। ইংরেজি নাম: The Compass of Truth। ব্রিটিশ লাইব্রেরির পাণ্ডুলিপি-তালিকা অনুসারে, দারা শিকোহের এই ফারসি-আরবি গ্রন্থটি ১০৫৫ হিজরির ৮ রজব, অর্থাৎ ৩০ আগস্ট ১৬৪৫ খ্রিষ্টাব্দে সম্পন্ন হয়েছিল। গ্রন্থে কাদিরিয়া সুফি দৃষ্টিকোণ থেকে অস্তিত্বের চারটি জগত—নাসুত, জাবারুত, লাহুত ও হুবিয়াত—আলোচিত হয়েছে। ১৯১২ সালে রাও বাহাদুর শ্রীশ চন্দ্র বসু এর ইংরেজি অনুবাদ বা রূপান্তর প্রকাশ করেন।
৪. দারা শিকোহের বর্ণনায় তিন দিলের অবস্থান
1. দিলে সানুবরী
অবস্থান: বক্ষের ভেতরে বাম স্তনের নিচে। এই কেন্দ্রের আকৃতি সানুবর বা পাইনজাতীয় বৃক্ষের ফলের মতো। শারীরিক অর্থে মানুষ ও প্রাণী উভয়েরই এমন হৃদয় রয়েছে। “বক্ষের ভেতরে বাম স্তনের নিচে একটি হৃদয় রয়েছে, যাকে দিলে সানুবরী বলা হয়; কারণ এর আকৃতি সানুবরের মতো।” এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। মানুষ ও প্রাণী উভয়েরই এই ধরনের শারীরিক হৃদয় রয়েছে; কিন্তু এর আধ্যাত্মিক উদ্দেশ্য কেবল মাংসপিণ্ডের বর্ণনা দেওয়া নয়।
2. দিলে মুদাওয়ারী
অবস্থান: উম্মুদ দিমাগ বা মস্তিষ্কের কেন্দ্রস্থল। দ্বিতীয় কেন্দ্রটি হলো দিলে মুদাওয়ারী। একে দিলে বেয়ারং বা বর্ণহীন হৃদয়ও বলা হয়েছে। সাধক যখন এই হৃদয়ের দিকে মনোযোগ নিবদ্ধ করেন, তখন সেখানে কোনো খতরা বা চিন্তার বিক্ষেপ উপস্থিত হয় না—এমন একটি বৈশিষ্ট্য এই কেন্দ্রের সঙ্গে যুক্ত। এখানে “বর্ণহীন” বলতে শারীরিক রং বোঝানো হচ্ছে না; এটি ধ্যানতাত্ত্বিক একটি নাম।
3. দিলে নিলুফরী
অবস্থান: নশিস্তগাহ বা বসার স্থানের মধ্যবর্তী অংশ। তৃতীয় কেন্দ্রটির নাম দিলে নিলুফরী। এর নাম এসেছে নিলুফর ফুলের আকৃতি থেকে। “বসার স্থানের মধ্যবর্তী অংশ”। বিক্রমা জিত হাসরতের ইংরেজি গবেষণাগ্রন্থে একে “rectal centre” হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
1. সানুবরী – বাম বক্ষের নিচে – পাইন-শঙ্কু
2. মুদাওয়ারী – উম্মুদ দিমাগ বা মস্তিষ্কের কেন্দ্র – গোলাকার
3. নিলুফরী – বসার স্থানের মধ্যবর্তী অংশ – নিলুফর ফুল
৫. তিন দিলের ধ্যানপদ্ধতি ও সাধকের অন্তর্জগৎ
ধ্যানপদ্ধতির প্রাথমিক শর্ত হলো নির্জনতা ও মনের প্রশান্তি। এরপর সাধক তাঁর মুর্শিদ বা আধ্যাত্মিক পথপ্রদর্শকের রূপ স্মরণ করে হৃদয়ের প্রতি মনোযোগ স্থাপন করেন।
১. সানুবরী হৃদয়ের প্রতি মনোযোগ – তাসাওউর ও তাওয়াজ্জুহের প্রক্রিয়াটি সানুবরী হৃদয়ের সঙ্গে সম্পর্কিত। সাধক ধ্যানের মাধ্যমে অন্তরে যে প্রতিরূপ বা ভাবচিত্র উপলব্ধি করেন, তাকে আলমে মিসালের সঙ্গে সম্পর্কিত।
২. খাতরাত বা চিন্তার বিক্ষেপ – মুদাওয়ারী হৃদয়ের একটি বৈশিষ্ট্য। এখানে খতরা শব্দটি সুফি পরিভাষায় অন্তরে উদিত চিন্তা, কল্পনা বা মানসিক উদ্দীপনাকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। তবে সব খতরা একই প্রকৃতির নয়। সুফি সাহিত্যে খতরাতের ভালো-মন্দ, নফসানি, শয়তানি, মালাকুতি বা রহমানি প্রভৃতি শ্রেণিবিভাগও পাওয়া যায়। মুদাওয়ারীকে ধ্যানের বিক্ষেপহীন কেন্দ্র হিসেবে উপস্থাপন করা হয়েছে।
৩. নিলুফরী হৃদয়ের অবস্থান – নিলুফরীকে তৃতীয় কেন্দ্র। ধ্যানের মনোযোগ প্রথমে সানুবরী হৃদয়ে স্থাপন করে ক্রমে নিলুফরী কেন্দ্রের দিকে অগ্রসর করার কথা আছে।
৬. আলমে মিসাল ও আলমে মালাকুতের সঙ্গে তিন দিলের সম্পর্ক
আলমে মিসাল — عالم المثال – আলমে মিসাল হলো প্রতিরূপ, ভাবচিত্র বা মেসালি রূপের জগৎ। সুফি দর্শনে এটি এমন এক সূক্ষ্ম স্তর, যেখানে কোনো সত্তার প্রতিরূপ বা রূপাত্মক প্রকাশ উপলব্ধি করা হয়। ধ্যানের সময় অন্তর্দৃষ্টিতে যে প্রতিরূপ দেখা যায়, তা কেবল শারীরিক বস্তু নয়; বরং সেই রূপের একটি সূক্ষ্ম বা মেসালি প্রকাশ।
আলমে মালাকুত — عالم الملكوت – আলমে মালাকুতকে রূহের জগৎ, অদৃশ্য জগৎ, লতিফ বা সূক্ষ্ম জগৎ এবং স্বপ্নের জগৎ হিসেবেও বর্ণনা করা হয়েছে। আলমে মিসালকে মালাকুতের প্রবেশদ্বার বা চাবি হিসেবে উপস্থাপন করা হয়েছে।
তিন দিলের সঙ্গে সম্পর্ক – একটি ধ্যানগত ধারাবাহিকতা:
১. সাধক নির্জনতা ও মনোসংযোগ অর্জন করেন।
২. সানুবরী হৃদয়ের প্রতি তাওয়াজ্জুহ ও তাসাওউর করেন।
৩. অন্তরে মেসালি প্রতিরূপ বা ভাবচিত্র উপলব্ধির কথা বলা হয়।
৪. এই প্রতিরূপের জগতকে আলমে মিসাল বলা হয়।
৫. আলমে মিসালের উপলব্ধি মালাকুতের দিকে অগ্রসর হওয়ার পথ হিসেবে বর্ণিত।
৭. আরবি ও ফারসি ভাষায় তিন দিলের শব্দগত উপস্থিতি
সানুবরী: صنوبر ও صنوبري – আরবি صنوبر শব্দের অর্থ পাইনজাতীয় বৃক্ষ। এর বিশেষণ صنوبرى অর্থ সানুবরসদৃশ বা সানুবর-সম্পর্কিত। ইমাম গাজ্জালির আলোচনায় আল-লাহমুস সানুবরী শারীরিক হৃদয়ের আকৃতির বর্ণনায় ব্যবহৃত হয়েছে। ফারসি ভাষায় এই শব্দ থেকে দিলে সানুবরী গঠিত হয়েছে।
মুদাওয়ারী: مدور – আরবি مُدَوَّر অর্থ গোলাকার বা বৃত্তাকার। এটি د و ر ধাতু থেকে গঠিত। কিন্তু দিল-ই মুদাওয়ার একটি ফারসি ইযাফত-গঠন। আরবিতে এর কাছাকাছি গঠন হতে পারে قلبٌ مُدَوَّرٌ—গোলাকার হৃদয়। আরবি ভাষায় মুদাওয়ার শব্দের উপস্থিতি থাকলেও “দিলে মুদাওয়ারী” নামে নির্দিষ্ট সুফি ধ্যানকেন্দ্রের প্রাচীন আরবি ব্যবহার এখন পর্যন্ত নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি।
নিলুফরী: نیلوفر – নিলুফর শব্দটি ফারসি সাহিত্যে জললিলি বা নীল পদ্মজাতীয় ফুল বোঝাতে ব্যবহৃত হয়। এই শব্দের সঙ্গে ফুলের আকৃতি, জলজ সৌন্দর্য এবং কাব্যিক প্রতীকের সম্পর্ক রয়েছে। তিন দিলের নামগুলো তাই কেবল আধ্যাত্মিক সংকেত নয়; এগুলোর পেছনে রয়েছে প্রকৃতি, বৃক্ষ, ফুল ও জ্যামিতিক আকৃতির ভাষাগত ঐতিহ্য।
৮. ফারসি কাব্যে দিলে সানুবরী—হাফিজের প্রেমতত্ত্ব
চতুর্দশ শতকের মহান কবি হাফিজ শিরাজি তাঁর ৬১ নম্বর গজলে লিখেছেন:
دل صِنوبَریام همچو بید لرزان است
ز حسرتِ قد و بالای چون صنوبرِ دوست
বাংলা ভাবানুবাদ: “আমার সানুবরী হৃদয় উইলো বৃক্ষের মতো কাঁপছে; প্রিয়তমের সানুবর বৃক্ষের মতো দীর্ঘ দেহকান্তির আকুলতায়।” এখানে সানুবরী হৃদয় প্রেমিকের অন্তরের এক কাব্যিক প্রতীক। প্রিয়তমের দীর্ঘ ও সুউচ্চ অবয়বের আকুলতায় প্রেমিকের হৃদয় কাঁপছে। এই পঙ্ক্তিতে সানুবরী প্রেম, আকুলতা, কম্পন ও অন্তরের অস্থিরতার কাব্যিক ভাষা।
৯. নকশবন্দিয়া-মুজাদ্দিদিয়া ধারায় ক্বলব-ই সানুবরী ও লতায়েফ
নকশবন্দিয়া-মুজাদ্দিদিয়া ধারায় পাঁচটি প্রধান আমরি লতিফার কথা বিশেষভাবে আলোচিত:
১. ক্বলব — قلب
২. রূহ — روح
৩. সিরর — سرّ
৪. খফি — خفي
৫. আখফা — أخفى
চিশতীয়া তরিকায় নফস ও চার উপাদান (আব, আতশ, খাক, বাদ)কে নিয়ে আশরাফি বা খালকি স্তরেরও আলোচনা পাওয়া যায়। নকশবন্দিয়া-মুজাদ্দিদিয়া ধারার কিছু বর্ণনায় হৃদয়ের লতিফাকে তথা কলবকে বক্ষের বাম দিকে, বাম স্তনের নিচে অবস্থিত বলা হয়েছে। এই লতিফাকে কলবে সানুবরী বলা হয়।
নকশবন্দি-মুজাদ্দিদি তরিকায় লতিফাসমূহের অবস্থান ও রঙের বিবরণ এমন:
1. ক্বলব – বাম স্তনের নিচে – সোনালি
2. রূহ – ডান স্তনের নিচে – লাল
3. সিরর – বাম স্তনের ওপরের দিকে – সাদা
4. খফি – ডান স্তনের ওপরের দিকে – কালো
5. আখফা – বক্ষের কেন্দ্রস্থলে – সবুজ
নকশাবন্দী ধারায় ৩ জিকির আছে। যাদের মধ্যে উকুফ ই কলবি এই কলবের সাথে তথা কলবে সানুবরীর সাথে যুক্ত।
উকুফ-ই জামানি (وقوف زمانی): সময় সম্পর্কে সচেতনতা।
উকুফ-ই আদাদি (وقوف عددی): জিকিরের সংখ্যা সম্পর্কে সচেতনতা।
উকুফ-ই কলবি (وقوف قلبی): হৃদয়ের অবস্থা ও আল্লাহর স্মরণ সম্পর্কে সচেতনতা।
১০. দিলে মুদাওয়ারী ও নিলুফরী
مُدَوَّر — মুদাওয়ার অর্থ: গোলাকার, বৃত্তাকার বা গোলকসদৃশ। دِلِ مُدَوَّر — দিলে মুদাওয়ার অর্থ: গোলাকার হৃদয়। এটি উম্মুদ দিমাগ বা মস্তিষ্কের কেন্দ্রস্থলে অবস্থিত। এর সঙ্গে পিটুইটারি বা পিনিয়াল গ্রন্থির তুলনা করা হয়। মুদওয়ারীকে বর্ণহীন হৃদয় বা দিলে বেয়ারং ও বলা হয়। মুদাওয়ারীকে এমন একটি কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে সাধক মনোযোগ স্থাপন করলে কোনো খতরা বা চিন্তার বিক্ষেপ সামনে আসে না। মুদাওয়ারীকে ধ্যানের এমন এক কেন্দ্র হিসেবে বোঝা যায়, যেখানে চেতনার স্থিরতা ও মনোযোগের গভীরতা বিশেষ গুরুত্ব পায়।
নিলুফরী তিন দিলের তৃতীয় কেন্দ্র। এর নাম এসেছে নিলুফর বা জললিলি ফুল থেকে। নিলুফর ফুল জলাশয়ে জন্মায়। এর পাতা ও ফুল পানির ওপর প্রসারিত হয়। বিভিন্ন সাহিত্যিক ও আধ্যাত্মিক ঐতিহ্যে জললিলি বা পদ্মজাতীয় ফুল পবিত্রতা, বিকাশ, সৌন্দর্য ও অন্তর্গত প্রস্ফুটনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি বসার স্থানের মধ্যবর্তী অংশে অবস্থিত বলে বর্ণিত। একে rectal centre বলা হয়।
তিন দিল—মানব-অন্তর্জগতের তিনটি রহস্যময় দরজা
দিলে সানুবরী, দিলে মুদাওয়ারী ও দিলে নিলুফরী—এই তিনটি পরিভাষা সুফি হৃদয়তত্ত্বের এক বিশেষ অধ্যায় উন্মোচন করে।
সানুবরী আমাদের নিয়ে যায় শারীরিক হৃদয় ও তার সঙ্গে সম্পর্কিত অন্তর্জগতের আলোচনায়। মুদাওয়ারী আমাদের নিয়ে যায় মস্তিষ্কের কেন্দ্র, বর্ণহীনতা, ধ্যানের স্থিরতা ও খতরাহীনতার ধারণায়। নিলুফরী তৃতীয় কেন্দ্র হিসেবে তিন দিলের কাঠামো সম্পূর্ণ করে।
সুফি সাধনার মূল আকাঙ্ক্ষা বাহ্যিক রহস্যের প্রদর্শন নয়; বরং আত্মপরিচয়ের মাধ্যমে সত্যের সন্ধান। হৃদয়ের ভাষা, রূহের পরিচয়, নফসের পরিশুদ্ধি এবং অন্তরের জাগরণ—এসবের সম্মিলিত অনুসন্ধানেই তিন দিলের আলোচনার প্রকৃত তাৎপর্য খুঁজে পাওয়া যেতে পারে।
তিন দিলের তত্ত্ব তাই কেবল তিনটি নামের বিবরণ শুধু নয়; এটি মানব-অন্তর্জগতের ভাষা, প্রতীক ও উপলব্ধির ইতিহাস অনুসন্ধানের তিনটি দরজা।
তথ্যসূত্র :
1. রিসালায়ে হকনুমা
2. দ্যা কম্পাস অব ট্রুথ
3. দারা শিকো: লাইফ এন্ড ওয়ার্কস
4. গাজ্জালী, হাফিজ ও নকশবন্দী তরিকার আর্কাইভ
