সংকলন ও প্রকাশনা: আপন খবর
কুমাইল ইবনে জিয়াদ আন-নাখাঈ (كميل بن زياد النخعي) ছিলেন প্রথম যুগের একজন বিশিষ্ট মুসলিম সাধক, জ্ঞানান্বেষী ও মাওলা আলী ইবনে আবি তালিব (আ.)-এর ঘনিষ্ঠ অনুসারী। তিনি ৭ম শতাব্দীতে কুফার আধ্যাত্মিক পরিমণ্ডলে সক্রিয় ছিলেন। ইসলামী ঐতিহ্যে তিনি বিশেষভাবে পরিচিত মাওলা আলী (আ.) থেকে প্রাপ্ত জ্ঞান, হিকমত ও আধ্যাত্মিকতার জন্য। তাঁর নামের সঙ্গে আত্মার পরিচয়, মারিফাত, তাওহিদ ও অন্তর্জগতের উপলব্ধিসংক্রান্ত বহু বর্ণনা জড়িয়ে আছে। বিশেষত মাওলা আলী (আ.) এর সঙ্গে তাঁর কথোপকথনগুলো পরবর্তী সুফি ও ইরফানি সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
দোয়া কুমায়েল (دعاء كميل) দোয়া কুমায়েল ইসলামী আধ্যাত্মিক ঐতিহ্যের একটি প্রসিদ্ধ মুনাজাত। মাওলা আলী (আ.) কুমাইল ইবনে জিয়াদকে এই দোয়া শিক্ষা দিয়েছিলেন। শরহে দোয়া কুমায়েল (شرح دعاء كميل) হলো দোয়া কুমায়েলের একটি বিস্তারিত ব্যাখ্যাগ্রন্থ। এর রচয়িতা বিশিষ্ট আলেম ও দার্শনিক সাইয়্যিদ আবদুল আ‘লা সাবজাওয়ারি। গ্রন্থটিতে দোয়ার অন্তর্নিহিত আধ্যাত্মিক ও দার্শনিক তাৎপর্যের পাশাপাশি নফস, রুহ, মানবসত্তা, আত্মশুদ্ধি ও মারিফাতের নানা গূঢ়তত্ত্ব আলোচনা করা হয়েছে। এই গ্রন্থের আলোচনায় মানবাত্মার প্রকৃতি, তার বিভিন্ন অবস্থা ও আধ্যাত্মিক স্তর সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়, যা সুফিদর্শনের পাঠকদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। শরহে দোয়া কুমাইল থেকে আত্মা ও নফস বিষয়ক আলোচনা একত্র করে পাঠকের সামনে পেশ করা হল।
মানুষ কি কেবল একটি দেহ, নাকি তার অন্তরে রয়েছে বহুস্তরবিশিষ্ট এক আত্মিক জগৎ?
মানুষের অস্তিত্বের সবচেয়ে বিস্ময়কর রহস্যগুলোর একটি হচ্ছে তার আত্মা। আমাদের দৃশ্যমান দেহের আড়ালে এমন এক অদৃশ্য সত্তা নিয়ত ক্রিয়াশীল, যার মাধ্যমে আমরা অনুভব করি, চিন্তা করি, স্মরণ করি, ভালোবাসি, আকাঙ্ক্ষা করি, বিবেকের তাড়না অনুভব করি এবং পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত করি। আমাদেরকে নিয়ত পরিচালিত করে আমাদের প্রবৃত্তি। মানুষ কখনো প্রবৃত্তির কাছে পরাজিত হয়, কখনো বিবেকের অনুশাসনে ফিরে আসে, কখনো অন্তরের অনুপ্রেরণায় সত্যের দিকে অগ্রসর হয়, আবার কখনো এমন প্রশান্তি লাভ করে, যেখানে তার সমগ্র অস্তিত্ব স্রষ্টার স্মরণে স্থির হয়ে যায়।
ইসলামী আধ্যাত্মিক দর্শনে এই অন্তর্জগতের অনুসন্ধনের দুটি দিক হলো ইলমুর রুহ ও ইলমুন নফস। আত্মার সংজ্ঞা, পাঁচটি আধ্যাত্মিক অবস্থা, চারটি অস্তিত্বগত বিভাগ, আত্মার বিভিন্ন শক্তি, মানবজন্মের ক্রমবিকাশ, আকল ও প্রবৃত্তির দ্বন্দ্ব এবং আত্মার পরিশুদ্ধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা জরুরী।
১. নফস বা আত্মার প্রকৃত স্বরূপ
النفس جوهر مجرد في ذاتها لا في فعلها
অর্থাৎ, আত্মা তার সত্তাগত দিক থেকে একটি বিমূর্ত বা অশরীরী সত্তা; তবে তার কার্যপ্রকাশের ক্ষেত্রে সে সম্পূর্ণভাবে দেহের সঙ্গে সম্পর্কহীন নয়।
এই সংজ্ঞার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দার্শনিক পার্থক্য নিহিত রয়েছে। আত্মার প্রকৃতি একদিকে অশরীরী, অন্যদিকে তার কার্যক্রমের অনেক কিছুই দেহের অঙ্গপ্রত্যঙ্গ ও ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকাশিত হয়। চোখের মাধ্যমে দেখা, কানের মাধ্যমে শোনা, মস্তিষ্কের মাধ্যমে স্মরণ ও চিন্তার কার্যক্রম প্রকাশ পাওয়া—এসব আত্মার কার্যপ্রকাশের সঙ্গে সম্পর্কিত। মানবদেহের উপকরণ ও শক্তিগুলোর উৎপত্তি বস্তুগত হলেও আত্মার অস্তিত্বের পরিণতি আধ্যাত্মিক। দেহ ও আত্মা মানবসত্তার দুটি সম্পর্কিত দিক। দেহ আত্মার কার্যপ্রকাশের ক্ষেত্র, আর আত্মা মানুষের অভ্যন্তরীণ উপলব্ধি, বোধ ও অস্তিত্বের গভীরতর পরিচয়।
২. আত্মার পাঁচটি আধ্যাত্মিক অবস্থা
আত্মার পাঁচটি অবস্থা বা স্তর রয়েছে। এগুলো মূলত আত্মার নৈতিক প্রবণতা, অন্তর্গত অবস্থান এবং আধ্যাত্মিক বিকাশের বিভিন্ন পরিচয়।
ক. নফসে আম্মারা — النفس الأمارة
এটি এমন আত্মা, যা প্রবৃত্তি ও কামনার অনুসরণে মানুষকে পরিচালিত করে। ন্যায়-অন্যায়, শুভ-অশুভ কিংবা পরিণতির বিচার না করে তাৎক্ষণিক আকাঙ্ক্ষা পূরণই এর প্রধান প্রবণতা।
إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي
অর্থ: নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের দিকে প্রবলভাবে প্ররোচিত করে, তবে আমার প্রতিপালক যার প্রতি রহম করেন সে ব্যতিক্রম। —সূরা ইউসুফ, ১২:৫৩।
নফসে আম্মারার বৈশিষ্ট্য হলো প্রবৃত্তির আধিপত্য। মানুষ যখন নিজের কামনা, ক্রোধ, লোভ, অহংকার ও ভোগলিপ্সাকে বিবেক ও নৈতিকতার ঊর্ধ্বে স্থান দেয়, তখন তার মধ্যে এই অবস্থার প্রকাশ ঘটে। এখানে আত্মার প্রধান প্রয়োজন আত্মসংযম, নৈতিক অনুশীলন এবং প্রবৃত্তির ওপর আকলের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।
খ. নফসে লাওয়ামা — النفس اللوامة
নফসে লাওয়ামা হলো আত্মসমালোচনাকারী আত্মা। এটি ভুল করলে নিজের ভুল সম্পর্কে সচেতন হয়, অন্যায় করলে অন্তরে অনুশোচনা অনুভব করে এবং নিজের কর্মের জন্য নিজেকেই তিরস্কার করে।
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
অর্থ: আমি শপথ করছি আত্মভর্ত্সনাকারী নফসের। —সূরা আল-কিয়ামাহ, ৭৫:২।
এই আত্মার মধ্যে বিবেকের জাগরণ ঘটে। মানুষ এখানে নিজের আচরণ, উদ্দেশ্য ও কর্মের বিচার করতে শেখে। সে নিজের ভুলকে অন্যের ওপর চাপিয়ে না দিয়ে আত্মসমালোচনার মাধ্যমে সংশোধনের পথ অনুসন্ধান করে। নফসে লাওয়ামা তাই আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ স্তর। এখানে মানুষ প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা অনুভব করে।
গ. নফসে মুসাওয়ালাহ — النفس المسولة
এটি এমন আত্মা, যা মানুষকে নানা প্রলোভন ও যুক্তির মাধ্যমে ভুল পথে পরিচালিত করে। আরবি ‘তাসউইল’ বা تسويل শব্দের অর্থ কোনো কিছুকে আকর্ষণীয় করে তোলা, মন্দকে ভালো হিসেবে উপস্থাপন করা কিংবা প্রবৃত্তির পক্ষে আত্মপ্রবঞ্চনামূলক যুক্তি তৈরি করা।
بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنْفُسُكُمْ أَمْرًا
অর্থ: বরং তোমাদের নিজেদের আত্মাই তোমাদের কাছে একটি বিষয়কে মনোমুগ্ধকর করে তুলেছে। —সূরা ইউসুফ, ১২:১৮।
সম্পদ, জমিজমা, সন্তান, নারী, সামাজিক মর্যাদা এবং অন্যান্য পার্থিব আকর্ষণ যেমন এর প্রলোভনের বিষয় হতে পারে, তেমনি পরকালীন পুরস্কার ও সৌন্দর্যের আকাঙ্ক্ষাও আত্মার মোহে পরিণত হতে পারে। এখানে মূল সমস্যা কোনো বস্তু বা প্রাপ্তি নয়; সমস্যা হচ্ছে আকাঙ্ক্ষার মোহে সত্যবোধ হারিয়ে ফেলা এবং উদ্দেশ্য পূরণের জন্য যেকোনো পথকে বৈধ মনে করা।
ঘ. নফসে মুলহামাহ — النفس الملهمة
নফসে মুলহামাহ হলো অনুপ্রেরণাপ্রাপ্ত আত্মা। লেখকের আলোচনায় এই আত্মা আল্লাহর পক্ষ থেকে অথবা ফেরেশতার মাধ্যমে অনুপ্রেরণা লাভ করতে পারে। এই অনুপ্রেরণা মানুষের কাজকর্ম, আনুগত্য, ইবাদত, অদৃশ্য বিষয়ে উপলব্ধির আকাঙ্ক্ষা কিংবা তার বিপরীত দুষ্টতা ও অহংকারের প্রবণতার সঙ্গেও সম্পর্কিত হতে পারে।
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
অর্থ: অতঃপর তিনি আত্মাকে তার পাপপ্রবণতা ও তাকওয়ার উপলব্ধি দান করেছেন। —সূরা আশ-শামস, ৯১:৮।
মন্দ ও অবাধ্যতার অনুপ্রেরণা মানুষের জন্য ক্ষতি ও বঞ্চনার কারণ; অন্যদিকে আনুগত্য, ইবাদত ও সৎকর্মের অনুপ্রেরণা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ও কল্যাণ। অতএব, প্রত্যেক অন্তর্গত তাড়নাকে ঐশী অনুপ্রেরণা মনে করা উচিত নয়। তার প্রকৃতি, উৎস এবং ফলাফল বিচার করা জরুরি।
ঙ. নফসে মুতমাইন্নাহ — النفس المطمئنة
এটি আত্মার প্রশান্ত অবস্থা। আল্লাহর স্মরণে যে আত্মা স্থিরতা লাভ করে, জীবনের প্রতিটি পরিস্থিতিতে তাঁর ওপর নির্ভর করে এবং বিশ্বাসের দৃঢ়তায় অন্তরের অস্থিরতা অতিক্রম করে, তাকে নফসে মুতমাইন্নাহ বলা হয়।
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً
অর্থ: হে প্রশান্ত আত্মা! তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো, সন্তুষ্ট ও সন্তোষভাজন অবস্থায়। —সূরা আল-ফজর, ৮৯:২৭–২৮।
আত্মার পাঁচটি অবস্থার মধ্যে এটিই সর্বোচ্চ ও মহিমান্বিত অবস্থান। এখানে আত্মা বাহ্যিক প্রাপ্তি ও অপ্রাপ্তির দ্বারা সহজে বিচলিত হয় না। তার অন্তরের প্রশান্তি আল্লাহর স্মরণ, নির্ভরতা এবং নিশ্চিত বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। তবে এর অর্থ দায়িত্ব ও কর্ম পরিত্যাগ করা নয়; বরং দুনিয়াবি কর্মের মধ্যেও অন্তরের নির্ভরতা ও স্থিরতা বজায় রাখা।
৩. আত্মার চারটি অস্তিত্বগত (মূল) বিভাগ
হযরত খাজা কুমায়েল ইবনে জিয়াদ (রা.) আমিরুল মুমিনীন মাওলা আলী (আ.)-এর কাছে নিজের আত্মাকে চিনতে চেয়েছিলেন। তখন তাঁকে জানানো হয়, আত্মা একটিমাত্র সরল পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এর চারটি বিভাগ বা স্তর রয়েছে। সেগুলো হলো:
১. নফসে নাবাতিয়া — النفس النباتية
২. নফসে হায়ওয়ানিয়া — النفس الحيوانية
৩. নফসে নাতিকা কুদসিয়া — النفس الناطقة القدسية
৪. নফসে কুল্লিয়া ইলাহিয়া — النفس الكلية الإلهية।
প্রতিটি বিভাগের পাঁচটি শক্তি এবং দুটি বিশেষ বৈশিষ্ট্যে রয়েছে।
ক. নফসে নাবাতিয়া: উদ্ভিদসুলভ আত্মা
নফসে নাবাতিয়া হলো জীবদেহের বৃদ্ধি, পুষ্টি ও বিকাশের সঙ্গে সম্পর্কিত প্রাণশক্তি। লেখক এর পাঁচটি মৌলিক ক্ষমতার কথা বলেছেন।
পাঁচটি শক্তি:
- মাসিকা — الماسكة: ধারণ বা ধরে রাখার শক্তি।
- জাজিবা — الجاذبة: আকর্ষণ করার শক্তি।
- হাজিমা — الهاضمة: পরিপাক করার শক্তি।
- দাফিয়া — الدافعة: বর্জ্য নিষ্কাশনের শক্তি।
- মুরাব্বিয়া — المربية: পুষ্টি ও বিকাশ সাধনের শক্তি।
এর দুটি বৈশিষ্ট্য হলো:
- বৃদ্ধি — الزيادة
- হ্রাস — النقصان
- এই শক্তির উৎপত্তি যকৃতের সঙ্গে সম্পর্কিত।
নফসে নাবাতিয়া মানবদেহের জীবনীশক্তির মৌলিক স্তরকে নির্দেশ করে। খাদ্য গ্রহণ, পুষ্টি, বৃদ্ধি, দেহের গঠন এবং জীবদেহের স্বাভাবিক বিকাশের সঙ্গে এর সম্পর্ক রয়েছে।
খ. নফসে হায়ওয়ানিয়া: সংবেদনশীল প্রাণিসত্তা
নফসে হায়ওয়ানিয়া হলো অনুভব, ইন্দ্রিয়গ্রহণ এবং প্রবৃত্তিগত প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত আত্মিক শক্তি।
এর পাঁচটি ইন্দ্রিয়শক্তি হলো:
১. সামা — السمع: শ্রবণশক্তি।
২. বাসার — البصر: দৃষ্টিশক্তি।
৩. জাওক — الذوق: স্বাদগ্রহণ।
৪. শাম — الشم: ঘ্রাণশক্তি।
৫. লামস — اللمس: স্পর্শানুভূতি।
এর দুটি বিশেষ বৈশিষ্ট্য:
- শাহওয়াত — الشهوة: কামনা বা আকাঙ্ক্ষা।
- গাদাব — الغضب: ক্রোধ বা প্রতিরোধী প্রবৃত্তি।
- এই শক্তির উদ্ভব হৃদয়ের সঙ্গে সম্পর্কিত।
মানুষের মধ্যে আকাঙ্ক্ষা, ভালোবাসা, ভয়, ক্রোধ, আনন্দ, বেদনা ও ইন্দ্রিয়গত অনুভূতির প্রকাশ এই স্তরের আলোচনার অন্তর্ভুক্ত।
গ. নফসে নাতিকা কুদসিয়া: প্রজ্ঞাময় ও বিবেকসম্পন্ন আত্মা
নফসে নাতিকা কুদসিয়া মানবসত্তার উচ্চতর জ্ঞানবৃত্তিক ও উপলব্ধিগত পরিচয়।
এর পাঁচটি শক্তি হলো:
১. ফিকর — الفكر: চিন্তা ও বিচারবোধ।
২. জিকর — الذكر: স্মরণশক্তি।
৩. ইলম — العلم: জ্ঞান।
৪. হিলম — الحلم: সহিষ্ণুতা, ধীরস্থিরতা ও সংযম।
৫. নাবাহাহ — النباهة: প্রখর বোধশক্তি, সূক্ষ্ম উপলব্ধি ও মেধার তীক্ষ্ণতা।
এর দুটি বিশেষ বৈশিষ্ট্য:
- নাজাহাত — النزاهة: পবিত্রতা, নির্মলতা ও কলুষমুক্তি।
- হিকমাহ — الحكمة: প্রজ্ঞা।
- এই আত্মা ফেরেশতাসুলভ আত্মার সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ।
এখানে মানবসত্তা কেবল ইন্দ্রিয় ও প্রবৃত্তির দ্বারা পরিচালিত থাকে না; বরং চিন্তা, জ্ঞান, স্মৃতি, প্রজ্ঞা ও নৈতিক বিবেচনার মাধ্যমে নিজের অস্তিত্বকে পরিচালনা করতে সক্ষম হয়।
ঘ. নফসে কুল্লিয়া ইলাহিয়া: সামগ্রিক ঐশী আত্মার ধারণা
আত্মার চারটি বিভাগের মধ্যে সবচেয়ে গভীর ও দুরূহ আলোচনা হলো নফসে কুল্লিয়া ইলাহিয়া।
আরবি পরিভাষা: النفس الكلية الإلهية
লেখক এর পাঁচটি শক্তির কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো:
- বাকা ফি ফানা — بقاء في فناء: বিলয়ের মধ্যেও স্থায়িত্ব।
- নাঈম ফি শাকা — نعيم في شقاء: দুঃখের মধ্যেও আনন্দ।
- জিল্ল ফি ইজ্জ — ذل في عز: সম্মানের মধ্যেও বিনয়।
- সাবর ফি বালা — صبر في بلاء: বিপদের মধ্যে ধৈর্য।
এর দুটি বিশেষ বৈশিষ্ট্য:
- রিদা — الرضا: সন্তুষ্টি।
- তাসলিম — التسليم: আত্মসমর্পণ।
- এই আত্মিক বিভাগের উৎস ও প্রত্যাবর্তনকে আল্লাহর সঙ্গে সম্পর্কিত।
وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي অর্থ: আমি তার মধ্যে আমার রুহ থেকে ফুঁকে দিলাম। —সূরা আল-হিজর, ১৫:২৯।
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ অর্থ: হে প্রশান্ত আত্মা! তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো। —সূরা আল-ফজর, ৮৯:২৭–২৮।
৪. মানবসৃষ্টির চারটি পর্যায়: জড় থেকে মানবিক আত্মিক পূর্ণতা
মানবসত্তার বিকাশের চারটি পর্যায় :
১. জামাদি পর্যায় — الجمادية: জড় বা খনিজসদৃশ পর্যায়।
২. নাবাতি পর্যায় — النباتية: উদ্ভিদসদৃশ পর্যায়।
৩. হায়ওয়ানি পর্যায় — الحيوانية: প্রাণিসদৃশ পর্যায়।
৪. ইনসানি পর্যায় — الإنسانية: মানবিক পর্যায়।
প্রথম পর্যায়ে উপাদানগত গঠন, পরবর্তী পর্যায়ে বৃদ্ধি ও পুষ্টি, এরপর সংবেদন ও প্রাণশক্তি এবং সর্বশেষে মানবিক বোধ, চিন্তা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতা।
৫. রুহে নাবাতি, হায়ওয়ানি ও নাফসানি
মানবদেহের বিকাশের আলোচনায় লেখক তিন ধরনের রুহের কার্যপ্রকাশের কথা তুলে ধরেছেন।
রুহে নাবাতি — الروح النباتية
এটি পুষ্টি, বৃদ্ধি ও জীবনীশক্তির সঙ্গে সম্পর্কিত। এর উৎপত্তি যকৃতের সঙ্গে সম্পর্কিত।
রুহে হায়ওয়ানি — الروح الحيوانية
রক্ত ও রুহে নাবাতির পরিণত অংশের সঙ্গে সম্পর্কিত এই রুহের উৎপত্তি হৃদপিণ্ডের সঙ্গে যুক্ত। এটি দেহের বিভিন্ন অঙ্গে প্রাণশক্তি সঞ্চালনের মাধ্যম হিসেবে ব্যাখ্যাত।
রুহে নাফসানি — الروح النفسانية
রুহে হায়ওয়ানি মস্তিষ্কে পৌঁছে পরিশোধিত ও ভারসাম্যপূর্ণ হওয়ার পর রুহে নাফসানির রূপ লাভ করে। এটি বাহ্যিক ও অভ্যন্তরীণ উপলব্ধি, চিন্তা এবং গতিশীল শক্তিগুলোর বাহন।
৬. মানবিক আত্মার পূর্ণতা ও আকলের চারটি স্তর
আকলের চারটি গুরুত্বপূর্ণ পরিভাষা :
- আকল বিল কুওয়াহ — العقل بالقوة: সম্ভাবনাময় আকল।
- আকল বিল মালাকাহ — العقل بالملكة: অর্জিত যোগ্যতাসম্পন্ন আকল।
- আকল বিল ফি’ল — العقل بالفعل: কার্যকর আকল।
- আকলুল মুস্তাফাদ — العقل المستفاد: অর্জিত বা পরিপূর্ণ জ্ঞানগত আকল।
এই চারটি স্তর মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশের একটি দার্শনিক কাঠামো নির্দেশ করে।
প্রথম অবস্থায় জ্ঞান অর্জনের সম্ভাবনা থাকে। দ্বিতীয় অবস্থায় জ্ঞান ও উপলব্ধির যোগ্যতা প্রতিষ্ঠিত হয়। তৃতীয় অবস্থায় সেই জ্ঞান কার্যকরভাবে প্রকাশিত হয়। আর চতুর্থ অবস্থায় জ্ঞানগত পরিপক্বতা ও উচ্চতর উপলব্ধির স্তর অর্জিত হয়।
৭. আত্মার সঙ্গে রুহ ও কলবের সম্পর্ক
ইসলামী দর্শনের বিভিন্ন ধারায় নফস, রুহ ও কলব একই মানবিক সত্তার ভিন্ন দিক হিসেবে ব্যবহৃত।
- নফস মানবসত্তার পরিচয়, প্রবৃত্তি, আত্মিক অবস্থা ও জ্ঞানগত বিকাশ।
- রুহ জীবনীশক্তি ও মানবসত্তার আধ্যাত্মিক পরিচয়।
- কলব মানুষের অন্তর্গত অনুভব, প্রবণতা ও নৈতিক-আধ্যাত্মিক অবস্থার কেন্দ্র।
৮. আত্মার খেয়াল ও অন্তরের চার ধরনের প্রেরণা
الخواطر — আল-খাওয়াতির বা খেয়াল বা প্রেরণাকে চার ভাগে বিভক্ত।
১. খাতিরে মালাকি — الخاطر الملكي
এটি ফেরেশতাসুলভ প্রেরণা। মানুষকে সৎকর্ম, আনুগত্য ও কল্যাণের দিকে উদ্বুদ্ধ করে। একে ইলহাম হিসেবেও উল্লেখ করা হয়।
২. খাতিরে নাফসানি — الخاطر النفساني
এটি আত্মার নিজস্ব আকাঙ্ক্ষা, স্বার্থ ও প্রবৃত্তিগত চাহিদা থেকে উদ্ভূত চিন্তা। একে হুজুস বা অন্তর্গত প্রবৃত্তির তাড়না বলা যায়।
৩. খাতিরে শয়তানি — الخاطر الشيطاني
এটি এমন প্ররোচনা, যা মানুষকে সত্য থেকে বিচ্যুত করে এবং অন্যায় ও অবাধ্যতার দিকে আহ্বান জানায়। ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা।
৪. খাতিরে রব্বানি — الخاطر الرباني
এটি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ও ইলহামের সঙ্গে সম্পর্কিত প্রেরণা।
৯. আত্মার সঙ্গে আকল ও শয়তানের দ্বন্দ্ব
প্রথমে মানুষের মধ্যে কোনো আকাঙ্ক্ষা বা খেয়াল জন্ম নেয়। প্রবৃত্তি সেই আকাঙ্ক্ষার দিকে আকৃষ্ট হয়। এরপর শয়তানি প্ররোচনা সেই আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং তাকে বাস্তবায়নের জন্য নানা যুক্তি হাজির করে। অন্যদিকে আকল ও ঈমান মানুষকে কাজটির পরিণতি সম্পর্কে সতর্ক করে। তাৎক্ষণিক আনন্দের বিপরীতে দীর্ঘমেয়াদি কল্যাণ ও পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়। এভাবে অন্তরে দুটি বিপরীত আহ্বান সক্রিয় থাকে। একটি আহ্বান মানুষকে সাময়িক ভোগ ও প্রবৃত্তির দিকে নিয়ে যায়; অন্যটি তাকে সংযম, দায়িত্ব, সত্য ও কল্যাণের পথে আহ্বান করে।
যে ব্যক্তি প্রবৃত্তির আহ্বানে সাড়া দেয়, তার মধ্যে শয়তানি বৈশিষ্ট্য প্রাধান্য পেতে থাকে। আর যে ব্যক্তি আকলের উপদেশ গ্রহণ করে, তার মধ্যে ফেরেশতাসুলভ ও নৈতিক বৈশিষ্ট্যের বিকাশ ঘটে। মানুষের আত্মিক অবস্থান নির্ধারিত হয় তার অন্তরে কোন প্রবণতা প্রাধান্য বিস্তার করছে, তার ওপর।
১০. আত্মার খেয়ানত: নিজের প্রকৃত কল্যাণকে বিসর্জন দেওয়া
আত্মার খেয়ানত হলো স্থায়ী কল্যাণ ও পরকালীন মুক্তির পরিবর্তে সাময়িক ভোগ, ক্ষণস্থায়ী আকাঙ্ক্ষা এবং প্রবৃত্তিগত তৃপ্তিকে অগ্রাধিকার দেওয়া। মানুষ যখন আকলের উপদেশ উপেক্ষা করে, নিজের অন্তর্গত সত্যকে অস্বীকার করে এবং শয়তানি প্ররোচনার অনুসরণ করে, তখন সে প্রকৃতপক্ষে নিজের আত্মার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করে। এই আত্মপ্রবঞ্চনার পেছনে রয়েছে নিজের প্রকৃত পরিচয় ও অন্তর্গত সামর্থ্য সম্পর্কে অজ্ঞতা। মানুষ জানে না তার অস্তিত্বের প্রকৃত লক্ষ্য কী, কোন পথ তাকে স্থায়ী কল্যাণের দিকে নিয়ে যাবে এবং কোন আকাঙ্ক্ষা তাকে নিজের সত্য থেকে বিচ্যুত করবে।
১১. আত্মার জাগরণ: আত্মপরিচয় থেকে স্রষ্টার পরিচয়
মানুষের আত্মার মধ্যে রয়েছে জীবনীশক্তি, ইন্দ্রিয়, কামনা, ক্রোধ, চিন্তা, স্মৃতি, জ্ঞান, প্রজ্ঞা, পবিত্রতা ও আত্মসমর্পণের বিভিন্ন দিক। এই শক্তিগুলো বিচ্ছিন্ন নয়; বরং মানবসত্তার বিভিন্ন স্তরে পরস্পরের সঙ্গে সম্পর্কিত। নফসে আম্মারা মানুষকে প্রবৃত্তির দিকে টানে। নফসে লাওয়ামা তাকে আত্মসমালোচনা শেখায়। নফসে মুসাওয়ালাহ প্রলোভন ও আত্মপ্রবঞ্চনার স্বরূপ প্রকাশ করে। নফসে মুলহামাহ অনুপ্রেরণার প্রশ্ন সামনে আনে। আর নফসে মুতমাইন্নাহ আত্মার প্রশান্ত ও পরিণত অবস্থার পরিচয় দেয়।
অন্যদিকে চারটি আত্মিক বিভাগ মানবসত্তার জৈবিক, সংবেদনশীল, বুদ্ধিবৃত্তিক এবং উচ্চতর আধ্যাত্মিক পরিচয়কে তুলে ধরে।
সুফি ও ইরফানি দৃষ্টিতে আত্মপরিচয়ের সাধনা এখানেই গুরুত্বপূর্ণ। কারণ মানুষ যখন নিজের প্রবৃত্তিকে চিনতে শেখে, নিজের অন্তরের প্রেরণাকে যাচাই করে, আকলকে জাগ্রত করে এবং অন্তরকে পরিশুদ্ধ করে, তখন তার মধ্যে সত্য উপলব্ধির সক্ষমতা বৃদ্ধি পায়।
যে নিজের আত্মাকে চিনতে শুরু করে, সে নিজের অস্তিত্বের গভীরতর রহস্যের সন্ধান পায়। আর সেই অনুসন্ধানই তাকে স্রষ্টার পরিচয়ের দিকে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠতে পারে।
গ্রন্থপঞ্জি ও পাঠসূত্র:
১. السيد عبد الأعلى السبزواري, شرح دعاء كميل, বিশেষত মুদ্রিত পৃষ্ঠা ৮৩–৮৫ এবং ১১২–১২২।
২. পবিত্র কোরআন: সূরা ইউসুফ ১২:১৮, ১২:৫৩; সূরা আল-কিয়ামাহ ৭৫:২; সূরা আশ-শামস ৯১:৭–৮; সূরা আল-ফজর ৮৯:২৭–৩০; সূরা আল-হিজর ১৫:২৯।
৩. ইমাম গাজ্জালি, إحياء علوم الدين — আত্মা, আকল, প্রবৃত্তি ও শয়তানি প্ররোচনার পারস্পরিক দ্বন্দ্ববিষয়ক আলোচনা।
৪. صدر المتألهين, মোল্লা সাদরা — আত্মার অস্তিত্ব ও মানবসত্তার দার্শনিক পূর্ণতা সম্পর্কে উদ্ধৃত আলোচনা।
সংকলন ও প্রকাশনা: আপন খবর — শাশ্বত সত্যের সন্ধানে।
