পর্ব ৩৭ এবং পর্ব ৩৮ একত্রে
ভাবানুবাদ – লাবিব মাহফুজ চিশতী
পর্ব ৩৭
ঈশ্বরের সমস্ত সৃজন এক নির্ভূল ও নিরবচ্ছিন্ন ছন্দ অনুসারে চলমান। যে ছন্দে কভূও বিন্দুমাত্র ছন্দপতন ঘটে না। অত্যন্ত যত্নে তিনি নির্মাণ করেছেন মহাজাগতিক এই ঐকতানকে। যেখানে, অনাদি এক ঐশ্বরিক নিয়মের আবর্তে সকলি বাঁধা। কারও সাধ্য নেই এই নিয়মের বাহিরে যাওয়ার।
ঈশ্বরের বিধান এতটাই সুনির্দিষ্ট যে, জগতে সকল কিছুই তার নির্ধারিত সময়ে ঘটে। মুহুর্ত কাল পূর্বেও নয়, মুহুর্তকাল বিলম্বেও নয়। কোনোরূপ ব্যাতিক্রম ব্যাতিরেকেই প্রত্যেকের জন্য নিয়মটি চিরকাল চলমান। জগতের এই শাশ্বত ঐক্য নিরবচ্ছিন্ন গতিতে বয়ে চলেছে একদম সৃষ্টির সূচনালগ্ন থেকে। প্রতিটি মানুষও সেই ছন্দে ছন্দায়িত। আমাদের ভেতরেও প্রতিনিয়ত বেজে চলে সে তান, যেখানে আমরা খুঁজে পাই আমাদের অতিত বর্তমান ভবিষ্যত, যেখানে মূলত আমাদের শেকড়। সময়ের গহীনে সেখান থেকেই নিয়ন্ত্রিত হয় আমাদের জীবন মৃত্য সহ অনন্ত অস্তিত্বের সকল হিসাব নিকাশ। যেখানে আমাদের জীবনের প্রতিটি কর্মের জন্য নির্ধারিত থাকে সময়। আমাদের প্রত্যেকের জীবনে ভালোবাসার যেমন একটি কাল বর্তমান আছে, তেমনি আছে মৃত্যুরও।
ঈশ্বর যত্নশীল নির্মাতা। তাঁর শাশ্বত নিয়মের কোলেই আমরা বাস করি।
পর্ব ৩৮
আমরা স্থবিরচিত্তে সন্তুষ্ট থাকি আমাদের বর্তমান জীবনটিকে নিয়ে। জীবনের প্রকৃত প্রসাদ আমরা তখনি পাই, যখন আমাদের জীবনটি প্রতিনিয়ত সময়ের সাথে এগিয়ে যায়। স্থবিরতা কখনো জীবনের প্রকৃত সুখ দিতে পারে না। প্রকৃত সুখ গতিময়তায়, সামনের দিকে নিরবচ্ছিন্ন অগ্রসরতায়।
নিজেকে এই প্রশ্নটি করুন, আপনি কি আপনার জীবনকে বদলানোর জন্য প্রস্তুত? আপনি কি আপনার অভ্যন্তর জগতকে বদলানোর জন্য প্রস্তুত? যদি আপনার দিনগুলো পূর্বেকার মতই হয়, তাহলে তা অর্থশূণ্য। গতকালকের চেয়ে আজকের দিনকে একটু হলেও এগিয়ে নিন। প্রতি মুহুর্তে, প্রতিটি নিঃশ্বাসের সাথে নিজেকে জাগিয়ে তুলুন, লাভ করুন নতুন নতুন প্রাণপ্রবাহ। পূর্বের নিজেকে নিজেই অতিক্রম করুন, নতুন আপনত্বে সজ্জিত হোন। পুরাতনকে ধরে রাখা জগতের নীতি নয়। নতুনত্ব কে স্বাগত জানান। প্রতিক্ষন নতুন জীবনে জন্ম নিন।
নতুন জীবনে জন্ম নেওয়ার একটিই পথ আছে। মৃত্যু। মৃত্যুর পর্বেই মরে যাওয়া নব জন্মের একমাত্র দরজা।

