লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

ইবনুল আরাবির তত্ত্বসন্ধান: হাক্ক, তাহকীক ও অস্তিত্বের অন্তর্লীন স্থাপত্য

লাবিব মাহফুজ চিশতী

মুহিউদ্দিন ইবনুল আরাবি ইসলামি আধ্যাত্মিক চিন্তার ইতিহাসে এমন এক বিরল ব্যক্তিত্ব, যাঁর চিন্তাকে কোনো নির্দিষ্ট ঘরানার ভেতর সীমাবদ্ধ করা কঠিন। তাঁর বৌদ্ধিক পরিসরের মধ্যে কুরআন, হাদিস, ফিকহ, কালাম, দার্শনিক তত্ত্ব, সুফি সাধনা, অন্তর্দৃষ্টি এবং অস্তিত্বতত্ত্ব এক বৃহৎ সমন্বিত রূপ লাভ করেছে। ইবনুল আরাবির তত্ত্বমতে এই সমগ্র ভাবজগতের কেন্দ্রীয় সূত্র হিসেবে যে ধারণাটি সবচেয়ে প্রবলভাবে সামনে আসে, তা হলো তাহকীক (taḥqīq) অর্থাৎ কোনো বিষয়কে তার প্রকৃত হাকিকত অনুযায়ী উপলব্ধি করা এবং সেই উপলব্ধির ভিত্তিতে তার সঙ্গে যথাযথ সম্পর্ক স্থাপন করা।

এই তাহকীক একই সঙ্গে জ্ঞানতত্ত্ব, নীতিতত্ত্ব, আত্মতত্ত্ব এবং অস্তিত্বতত্ত্বের একটি সমন্বিত পদ্ধতি। ইবনুল আরাবির কাছে মানুষ কে, কেন মানুষ এখানে এলো, এই অনন্ত সৃষ্টির প্রকৃতি কী, আল্লাহ ও তাঁর সৃষ্টির সম্পর্ক কেমন, জগতের বহুত্বের অন্তরালে অসীম একত্ব কীভাবে বোঝা যায় এবং মানুষ কীভাবে তার অস্তিত্বের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে—এসব প্রশ্ন বিচ্ছিন্ন নয়; বরং একটি অভিন্ন অনন্য তত্ত্বসন্ধানের বিভিন্ন দরজা। ইবনুল আরাবির ধর্মচিন্তার বিশেষত্ব এখানেই যে, তিনি কোনো একক মতাদর্শ বা চিন্তার অবস্থানকে চূড়ান্ত করে দেন না; বরং প্রতিটি অবস্থানের নিজস্ব ‘হাক্ক’ স্বীকার করে এমন এক দৃষ্টিতে পৌঁছাতে চান, যেখানে প্রত্যেক সত্যকে তার যথাস্থানে দেখা যায়। এ কারণেই তাঁর তাহকীক শেষ পর্যন্ত কেবল ‘সত্যকে জানা’ নয়, বরং সত্যকে তার যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করা।

ইবনুল আরাবিকে বোঝার প্রথম শর্ত হলো তাঁকে কোনো একক দর্শনের প্রবক্তা হিসেবে পাঠ না করা। তাঁর জীবন ও রচনার বৈশিষ্ট্যই এমন যে, তিনি প্রচলিত অর্থে কেবল একজন নিরস তাত্ত্বিক ছিলেন না; আবার শুধু জগতবিমুখ একজন মরমিয়া সাধক হিসেবেও তাঁকে ধরলে তাঁর কাজের ব্যাপ্তি ধরা পড়ে না। তিনি কুরআন ও হাদিস থেকে শুরু করে ইসলামী জ্ঞানের বহু শাখার রস উপাদান গ্রহণ করেছেন, দার্শনিক পরিভাষার সঙ্গে পরিচিত ছিলেন, কালামের পদ্ধতি আত্মস্থ করেছিলেন এবং পূর্ববর্তী সুফি ঐতিহ্যের বহু ধারণাকে নিজের আধ্যাত্মিক উন্মোচন ও ঐশ্বরিক অনুভূতির আলোকে নতুন অর্থে বিন্যস্ত করেছিলেন। তাঁর আল-ফুতূহাত আল-মাক্কিয়্যাহ ধর্মীয় বিধান থেকে শুরু করে সাধকের মাকাম-আহওয়াল, মহাজাগতিক স্তরবিন্যাস, আরবি হরফের আধ্যাত্মিক তাৎপর্য, আল্লাহর নামসমূহ এবং নবী-রাসুলদের তাত্ত্বিক তাৎপর্য পর্যন্ত বিস্তৃত। ফুসুস আল-হিকাম-এ আবার বিভিন্ন নবীর মাধ্যমে ঐশী প্রজ্ঞার বিশেষ বিশেষ দিক প্রকাশিত হয়েছে বলে তিনি ব্যাখ্যা করেন। ফলে ইবনুল আরাবির প্রকৃত কর্মপন্থা ছিল বিচ্ছিন্ন জ্ঞানের সমাবেশ নয়; বরং বহুবিধ জ্ঞানকে এমন এক সমন্বিত দৃষ্টিতে স্থাপন করা, যার অন্তর্নিহিত কেন্দ্র হল আল-হাক্ক তথা তাহকীক।

এই কেন্দ্রীয় শব্দটি হলো হাক্ক (ḥaqq)। আরবি ভাষায় হাক্ক শব্দের অর্থ হল সত্য, বাস্তব, যথার্থ, সঠিক, ন্যায়সঙ্গত, উপযুক্ত এবং প্রাপ্য। ইসলামী তাত্ত্বিক পরিসরে এটি আল্লাহর একটি নাম—আল-হাক্ক, অর্থাৎ পরম সত্য, পরম বাস্তব, পরম যথার্থতা। ইবনুল আরাবির চিন্তায় ‘হাক্ক’ শব্দটি কেবল ontological reality বা অস্তিত্বগত সত্যই বোঝায় না; এতে নৈতিক ও সম্পর্কগত অর্থও নিহিত রয়েছে। যে জিনিস যেমন, তাকে তেমনভাবে জানা যেমন হাক্ককে স্বীকার করা, তেমনি তার সঙ্গে তার প্রকৃতি অনুযায়ী যথার্থ আচরণ করাও হাক্ক আদায় করা। এই জায়গাতেই ইবনুল আরাবির দর্শন এক অনন্য মোড় নেয়। কারণ এখানে ‘সত্য’ কোনো শুষ্ক বুদ্ধিবৃত্তিক বিষয় নয়; সত্যের মধ্যে দায়িত্ব নিহিত, এবং বাস্তবতার মধ্যে নৈতিক আহ্বানটিও সক্রিয়।

হাক্কের বিপরীতে ইবনুল আরাবির আলোচনায় আসে বাতিল (bāṭil) এবং পাশাপাশি খালক (khalq)—সৃষ্টি। বাতিল হলো হাক্কের প্রত্যাখ্যান, অসত্য, শূন্যতা বা অনর্থকতার পরিসর। কিন্তু খালককে বাতিলের সঙ্গে এক করে দেখা যায় না। সৃষ্টি সত্য নয়—এ কথা বলা যেমন অতিরঞ্জিত, তেমনি সৃষ্টি আল্লাহর মতো পরম সত্য—এ কথাও ইবনুল আরাবির সুক্ষ্ম অবস্থানের সঙ্গে যায় না। সৃষ্টি এক মধ্যবর্তী বাস্তবতা: একদিকে তার অস্তিত্ব এসেছে পরম হাক্কের কাছ থেকে, অন্যদিকে সে নিজে স্বাধীন অস্তিত্বের অধিকারী নয়। ফলে সৃষ্টিজগতের অবস্থান হাক্ক ও বাতিলের মধ্যবর্তী, অস্তিত্ব ও অনস্তিত্বের মধ্যবর্তী, আলো ও অন্ধকারের মধ্যবর্তী। এই দ্বৈততার মধ্যেই মানব-অস্তিত্বের রহস্য নিহিত। মানুষ একই সঙ্গে অস্তিত্বপ্রাপ্ত এবং নির্ভরশীল; প্রকাশ এবং পর্দা; সাক্ষ্য এবং সীমাবদ্ধতা।

এখান থেকেই উদ্ভূত হয় ইবনুল আরাবির আসল প্রশ্ন: মানুষ কী এবং সে কেন? অর্থাৎ আমরা কী, আমাদের প্রকৃত অবস্থা কী, এবং আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কী? এই দুটি প্রশ্নের উত্তরই তাহকীকের কেন্দ্রে। মানুষ যদি না জানে সে কে, তবে সে কীভাবে জানবে তার কর্তব্য কী? আর যদি সে না জানে কেন অস্তিত্ব লাভ করেছে, তবে তার জীবন কোন অভিমুখে পরিচালিত হবে? কুরআন রয়েছে “তিনি প্রত্যেক বস্তুকে তার সৃষ্টি দান করেছেন, তারপর পথনির্দেশ দিয়েছেন” (২০:৫০)। এখানে প্রথমে সৃষ্টির পরিচয়, তারপর তার জন্য পথনির্দেশ—অর্থাৎ অস্তিত্ব ও উদ্দেশ্য, হাল ও গন্তব্য, সত্তা ও সাধনার মধ্যে একটি অন্তর্গত সম্পর্ক স্থাপিত হয়।

তাহকীকের সবচেয়ে মানবিক রূপ প্রকাশ পায় ‘হাক্কসমূহ’-এর হাদিসে। নিজের নফসের হাক্ক আছে, রবের হাক্ক আছে, অতিথির হাক্ক আছে, দাম্পত্যের হাক্ক আছে—প্রত্যেক হকদারকে তার হাক্ক দিতে হবে। কোনো মানুষ, কোনো বস্তু, কোনো সম্পর্ক, কোনো দায়িত্বই নিরর্থকভাবে আমাদের সামনে উপস্থিত হয় না। প্রত্যেকের একটি যথার্থ স্থান, প্রকৃতি ও প্রাপ্যতা আছে। ফলে তাহকীক মানে একদিকে জ্ঞান, অন্যদিকে সেই জ্ঞানের নৈতিক প্রতিফলন। মানুষ যখন কোনো কিছুর হাক্ক বুঝতে পারে এবং সে অনুযায়ী আচরণ করে, তখন সে বাস্তবতার সঙ্গে সঠিক সম্পর্ক স্থাপন করতে পারে। এই ‘সঠিক সম্পর্ক’-ই তাহকীকের প্রাণ।

এখানে মানুষের আত্মপরিচয়ের প্রশ্নটি অনিবার্য হয়ে ওঠে। ইবনুল আরাবির চিন্তায় আত্মা বা নফস প্রথম হাক্কগুলোর একটি; কারণ নিজেকে না চিনলে নিজের দায়িত্ব বোঝা যায় না, আর নিজের সত্যিকারের অবস্থা না বুঝলে রবের সঙ্গে সম্পর্কও বিকৃত হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে তিনি বহুল প্রচলিত সেই বাণী উদ্ধৃত করেন—“যে নিজেকে চিনেছে, সে তার রবকে চিনেছে।”

এই আত্মজ্ঞানকে ইবনুল আরাবি কেবল নৈতিকতা বা মনস্তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ করেন না। ‘আমি কে?’ প্রশ্নটি তাঁর কাছে anthropology-এর মতোই ontology এবং cosmology-এর প্রশ্ন। অর্থাৎ নিজেকে বোঝা মানে একই সঙ্গে সেই বাস্তবতাকে বোঝা, যার থেকে নিজের অস্তিত্ব এখানে এসেছে, এবং সেই মহাজাগতিক বিন্যাসকে বোঝা যার মধ্যে নিজের অবস্থান নির্ধারিত। এই জায়গা থেকেই ওয়াহদাতুল উজুদের ভিত্তি তৈরি হয়।

ইবনুল আরাবির সেই পরম বাস্তবতা আল-হাক্ক; সৃষ্টি তাঁর দ্বারা প্রতিষ্ঠিত আপেক্ষিক হাক্ক। এখানেই ‘এক’ ও ‘বহু’র সমস্যাটি নতুনভাবে দেখা দেয়। আল্লাহ এক, কিন্তু তাঁর নাম বহু। তাঁর সত্তা সীমাহীন, কিন্তু তাঁর নাম ও গুণাবলির তাজাল্লি বহুবিধ। ইবনুল আরাবি আল্লাহর সত্তার একত্বকে আহাদিয়্যাত এবং তাঁর নামসমূহের মাধ্যমে প্রকাশিত সমন্বিত একত্বকে ওয়াহদানিয়্যাত-র বলেন। অর্থাৎ পরম সত্তার একত্ব এমন এক একত্ব যা কোনো বৈশিষ্ট্যের দ্বারা সীমাবদ্ধ নয়; আবার নামসমূহের স্তরে সেই একত্ব প্রকাশিত হয় বহুমাত্রিক পরিপূর্ণতায়। বহুত্ব তাই কখনোই একত্বের বিরোধী নয়; বরং একত্বের তাজাল্লির প্রকাশরূপ ক্ষেত্রবিশেষের এক স্বর্গীয় ভাষা।

এই জায়গায় আল্লাহর আসমাউল হুসনা ইবনুল আরাবির অস্তিত্বতত্ত্বের অপরিহার্য চাবিকাঠি হয়ে ওঠে। ফুতুহাত-এর অভ্যন্তরীণ গঠন বোঝার জন্যও ঐশী নামসমূহের গুপ্ত তাৎপর্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আল্লাহ রহমান, রহিম, আলিম, হাকিম, গফুর, হাই, সামি‘, মুতাকাব্বির—প্রত্যেক নামই তাঁর একটি বিশেষ পরিপূর্ণতার দিকেই ইঙ্গিত করে। মানুষ সরাসরি আল্লাহর জাতকে ধারণ করতে পারে না; কিন্তু তিনি নিজের পরিচয় তাঁর নাম ও গুণাবলির মাধ্যমে যতটুকু প্রকাশ করেন, মানুষ ততটুকুই জানতে পারে। “আল্লাহ না চাইলে তাঁর জ্ঞান থেকে তারা কিছুই ধারণ করতে পারে না”—কুরআনের এই নীতিকে ইবনুল আরাবি জ্ঞানতাত্ত্বিক সীমা হিসেবে গ্রহণ করেন। ফলে আল্লাহ সম্পর্কে সত্য জ্ঞান মানে আল্লাহকে পুরোপুরি ধারণ করা নয়; বরং তিনি নিজেকে যেভাবে প্রকাশ করেন, সেই প্রকাশকে যথার্থভাবে গ্রহণ করা।

কিন্তু এখানেই একটি গভীর দ্বৈততা দেখা দেয়। আল্লাহ একদিকে এমন যে কোনো সৃষ্টির সঙ্গে তাঁর তুলনা চলে না—এটি তানযীহ বা তনযীয়া। অন্যদিকে তিনি তাঁর নামসমূহের মাধ্যমে সৃষ্টির মধ্যে পরিচিত—এটি তাশবীহ বা তশবীয়া। ইবনুল আরাবির আধ্যাত্মিক প্রজ্ঞা এই দুইকে কোনো একটির পক্ষে বিসর্জন দেয় না। কেবল তানযীহ গ্রহণ করলে মানুষ এমন এক বিমূর্ত ঈশ্বরের ধারণায় পৌঁছতে পারে যিনি সৃষ্টির অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন; আবার কেবল তাশবীহ গ্রহণ করলে সৃষ্টিকে আল্লাহর সঙ্গে অভিন্ন করে ফেলার বিপদ দেখা দেয়। তাই সত্যিকার জ্ঞান উভয় দৃষ্টিকে ধারণ করে। বুদ্ধি ও কাশফ—উভয় চোখ দিয়ে এ দুই প্রকার বাস্তবতাকে দেখা হয়। এই দ্বিমুখী দর্শনের ফলে যে বিস্ময় জন্ম নেয়, ইবনু আরাবি সেটিকে হায়রা, আধ্যাত্মিক বিস্ময় বা bewilderment-এর বলেন। আরিফ যত গভীরে যান, ততই তিনি বুঝতে পারেন যে বাস্তবতা তাঁর ধারণার তুলনায় অধিক অসীম।

এই মহাজাগতিক তাজাল্লির ভাষাকে আরও স্পষ্ট করতে ইবনুল আরাবির নাফসুর রহমান, অর্থাৎ সর্বদয়াময়ের নিঃশ্বাস বা পরমের দম ধারণাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আল্লাহর রহমত অস্তিত্বদানের সঙ্গে গভীরভাবে যুক্ত। “আমার রহমত সবকিছুকে পরিব্যাপ্ত করেছে”—কোরান। সৃষ্টির অস্তিত্ব নিজে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত নয়; তা ঐশী দানের ফল। এই অর্থে সৃষ্টিজগত কেবল পদার্থের সমাহার নয়, বরং আল্লাহর রহমতের উচ্চারিত বা বিকশিত ফল। নফস বা নিঃশ্বাসের প্রতীক আরও সুক্ষ্ম: এটি নিছক নিঃশ্বাস নয়, বরং উচ্চারিত বাণীর মতো। “হও বা কুন”—এই আদেশের মাধ্যমে সম্ভাবনা প্রকাশিত রূপে আসে। সুতরাং বিশ্বজগৎ ইবনুল আরাবির কাছে এক ধরনের ঐশী ভাষা; অসংখ্য অস্তিত্ব যেন সেই ভাষার অক্ষর, শব্দ, বাক্য ও গ্রন্থ।

এখানে এসে আবির্ভূত হয় আয়ানে সাবিতা—ঈশ্বরীয় জ্ঞানে স্থিত ‘স্থির সত্তা’ গুলোর ধারণা। এগুলো সৃষ্ট বস্তুর স্বাধীন অস্তিত্ব নয়; বরং আল্লাহর জ্ঞানে চিরপরিচিত সম্ভাব্য বাস্তবতার রূপ। তারা ‘মা‘দুম’—অস্তিত্বের নিজস্ব অধিকারী নয়; ‘মালুম’—আল্লাহর জ্ঞাত; মোমকিন’—সম্ভাব্য; এবং ‘সাবিত’—ঈশ্বরীয় জ্ঞানে স্থির। তারপর ঐশী তাজাল্লির মাধ্যমে তারা প্রকাশিত অস্তিত্বের স্তরে আসে। এই ধারণাটির আধ্যাত্মিক তাৎপর্য হলো, কোনো সৃষ্টিকে স্বয়ংসম্পূর্ণ সত্তা হিসেবে দেখা সম্ভব নয়। তার প্রকাশ আছে, কিন্তু সেই প্রকাশের পেছনে আরও গভীর নির্ভরতা রয়েছে। মানুষ নিজেকে যতই স্বাধীন মনে করুক, তার অস্তিত্বের গভীরে আছে নির্ভরতার এক অনিবার্য সত্য।

ঈশ্বরীয় প্রকাশের এই দুই স্তরকে ফয়যে আকদাস এবং ফয়যে মুকাদ্দাস বলা হয়েছে। প্রথমটি গায়েবী আত্মপ্রকাশের স্তর, যেখানে সৃষ্টির সম্ভাব্য বাস্তবতাগুলো ঈশ্বরীয় জ্ঞানে স্থিত; দ্বিতীয়টি সেই প্রকাশের সাক্ষ্যযোগ্য (শহুদ) বা দৃশ্যমান পরিণতি, যেখানে নির্দিষ্ট সত্তাগুলো বিশ্বজগতে প্রকাশ লাভ করে। কিন্তু এই প্রকাশে আল্লাহর সত্তা বহুত্বে পরিণত হয় না। এক পরম ওজুদ বহু তাজাল্লিতে নিজেকে প্রকাশ করেন; যেমন একটি আলো বিভিন্ন কাঁচের মধ্য দিয়ে বিভিন্ন রঙে প্রতিফলিত হলেও আলো নিজে খণ্ডিত হয় না। ইবনুল আরাবির চিন্তার সূক্ষ্মতা ঠিক এখানেই—বহুত্ব বাস্তবতার প্রকাশমান স্তরে, একত্ব তার পরম ontological ভিত্তিতে।

এই আলো-রূপকটি আমাদের নিয়ে যায় ইস্তিদাদ, অর্থাৎ প্রস্তুতি বা গ্রহণক্ষমতার দিকে। কেন একই ঐশী নূর বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্নভাবে প্রকাশিত হয়? কেন কেউ জ্ঞানকে জীবন করে তুলতে পারে, কেউ সারাজীবন কেবল তথ্য সংগ্রহ করে; কেউ প্রেমে নিজেকে অর্পণ করতে পারে, কেউ প্রেমকেও আত্মমর্যাদার উপকরণে পরিণত করে? ইবনুল আরাবির উত্তরে আসে পাত্রের ধারণা। আলো এক, কিন্তু পাত্রের স্বচ্ছতা এক নয়। stained-glass window দেখুন, তার গভীরে আছে এই শিক্ষা: অস্তিত্ব নিজেকে প্রতিটি সত্তার নিজস্ব ক্ষমতা ও স্বভাব অনুসারে প্রকাশ করে। তাই সাধনার প্রশ্ন আল্লাহর নূরকে বাড়ানো নয়; বরং নিজের গ্রহণক্ষমতাকে পরিশুদ্ধ ও মরিচামুক্ত করা।

এই ধারণা থেকেই মাজহার বা ঐশী প্রকাশের স্থান এবং ইনসান আল-কামিল বা পরিপূর্ণ মানুষের তত্ত্বের দিকে অগ্রসর হওয়া যায়। সাধারণ মানুষ আল্লাহর নির্দিষ্ট বিশেষ কিছু নাম ও গুণের প্রকাশ ঘটায়; নবী অলী বা সাধুগণ অপেক্ষাকৃত সার্বজনীন ও পরিপূর্ণ ঐশী নামসমূহের প্রকাশের অধিকতর সক্ষম মাজহার বা প্রকাশের উপযুক্ত স্থান। তাই পরিপূর্ণতা অলৌকিক ক্ষমতার সমষ্টি নয়। কামাল মানে মানুষের অস্তিত্বে ঐশী নামসমূহের এমন ভারসাম্য ও পূর্ণতা, যেখানে জ্ঞান, কর্ম, অভ্যন্তরীণ পরিশুদ্ধি এবং সম্পর্কের ন্যায়সঙ্গত বিন্যাস একত্রিত হয়। এই কারণে তাহকীক ও ইনসান-এ-কামিল একই আধ্যাত্মিক যাত্রার দুটি ভাষা: প্রথমটি বাস্তবতাকে তার হাক্কসহ জানা, দ্বিতীয়টি সেই জ্ঞানের জীবন্ত মানবিক রূপ।

ইবনুল আরাবির কদর-চিন্তাও এই অস্তিত্বগত সত্য থেকে আলাদা নয়। প্রতিটি সত্তার নিজস্ব প্রস্তুতি ও নিজস্ব হাক্ক রয়েছে; আল্লাহ তাঁর জ্ঞানে প্রতিটি সত্তাকে জানেন এবং তার সম্ভাব্য প্রকাশকে অস্তিত্বের ধারায় আনেন। এখানে ‘তকদীর’ কোনো সরল যান্ত্রিক পূর্বনির্ধারণ নয়। মানুষের বাস্তব জীবনে তাকে নির্বাচন করতে হয়। সৃষ্টিদানকারী আদেশ—আমর তাকবিনী, যার মাধ্যমে অস্তিত্ব আসে—এবং বিধানমূলক আদেশ—আমর তাকলিফী, যার মাধ্যমে মানুষকে দায়িত্ব অর্পণ করা হয়। এই পার্থক্য আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ: যা ঘটছে তা সৃষ্টিগত বিধানের অধীন, কিন্তু আমি কী করব—সে প্রশ্নে আমিই স্বয়ং নৈতিকভাবে দায়বদ্ধ।

ইবনুল আরাবির কাছে প্রতিটি মানুষের একটি বিশেষ মুখ (wajh khāṣṣ) আছে—ঈশ্বরীয় দৃষ্টির এমন একটি বিশেষ সম্পর্ক, যার মাধ্যমে আল্লাহ তাকে অন্য সব সত্তা থেকে স্বতন্ত্রভাবে জানেন। কুরআনের “যেদিকে ফিরো, সেদিকেই আল্লাহর মুখ” আয়াতকে এমন এক দৃষ্টিতে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে প্রতিটি সৃষ্টির সঙ্গে আল্লাহর নির্দিষ্ট সম্পর্কের দিকটি প্রকাশিত। মানুষ তাঁর কাছে ফিরে যায়, কিন্তু সেই প্রত্যাবর্তন নিছক কোনো বহিরাগত গন্তব্যে পৌঁছে যাওয়া নয়; বরং নিজের জন্য নির্ধারিত সেই বিশেষ রব্বানীয়াত সম্পর্কের দিকে প্রত্যাবর্তন। এই চিন্তা আত্মপরিচয়কে আরও গভীর করে: আমি শুধু ‘একজন মানুষ’ নই; আমি একটি নির্দিষ্ট ঐশী সম্ভাবনার ধারক ও বাহক।

মানুষ আল্লাহকে তাঁর সত্তার পূর্ণতায় ধারণ করতে পারে না; সে নিজের ইস্তিদাদ, ভাষা, মন এবং আধ্যাত্মিক পরিসরের সীমায় তাঁকে উপলব্ধি করে। ফলে একজন মানুষের আল্লাহ-জ্ঞান তার নিজের পাত্রের প্রতিবিম্বও বটে। নবী অলী ও সাধুগণের বিশেষত্ব এই যে তাঁদের গ্রহণক্ষমতা অধিকতর বিস্তৃত, ফলে তাঁদের মাধ্যমে আল্লাহর সর্বসমন্বিত নামের প্রকাশও অধিক পরিপূর্ণ। সাধারণ মানুষের উপাসনা তাই আল্লাহরই উপাসনা, কিন্তু নির্দিষ্ট নাম ও গুণের সীমিত উপলব্ধির ভেতর দিয়ে। এই তত্ত্ব মানুষের বিনয় শেখায়, কারণ এটি মনে করিয়ে দেয়—আমার আল্লাহ-ধারণা এবং আল্লাহ স্বয়ং এক জিনিস নয়।

ইবনুল আরাবির খেয়াল ধারণা এই বাস্তবতাকে আরও অস্তিত্বগত গভীরতা দেয়। জগত পরিবর্তনশীল। কোনো বস্তু একই অবস্থায় স্থির থাকে না। যা এক মুহূর্তে আছে, পরের মুহূর্তে বদলে যায়। এই পরিবর্তনশীলতাকে বোঝাতে তিনি স্বপ্নের প্রতীক ব্যবহার করেন। স্বপ্নে আমরা যে রূপ দেখি তা অভিজ্ঞতার মুহূর্তে বাস্তব বলে মনে হয়, কিন্তু জাগরণের পর তার প্রকৃতি অন্যভাবে উন্মোচিত হয়। তেমনি জগত ‘মিথ্যা’ এই সরল অর্থে নয়; বরং তার সত্যতা আপেক্ষিক, পরিবর্তনশীল এবং নির্ভরশীল। আল্লাহর ওজুদ ছাড়া কোনো সৃষ্টি সেই পরম স্বাধীন অস্তিত্ব বহন করে না।  সমগ্র বিশ্ব ‘ননদালিমিটেড ইমাজিনেশন’—এক চলমান, ক্রমপরিবর্তনশীল তাজাল্লির ক্ষেত্র।

খেয়ালের দ্বিতীয় অর্থ আরও গুরুত্বপূর্ণ: এটি বরযখ, দুই জগতের মধ্যবর্তী এক অন্তর্বর্তী ক্ষেত্র। সেখানে আধ্যাত্মিক অর্থ রূপ ধারণ করতে পারে এবং রূপ অর্থের বাহক হতে পারে। মানুষের স্বপ্ন, অন্তর্দৃষ্টি, মৃত্যুর পর বিভিন্ন গুণের রূপায়ণ—এসব ব্যাখ্যার জন্য ইবনুল আরাবি এই মধ্যবর্তী জগতের ধারণা ব্যবহার করেন। আধ্যাত্মিক সাধনার দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য গভীর: রূপকে অস্বীকার করা যেমন ভুল, তেমনি রূপকেই চূড়ান্ত সত্য মনে করাটাও ভুল। প্রতিটি রূপের অন্তরে অর্থ আছে, আর প্রতিটি অর্থের গভীরে একটি ঐশী সম্পর্ক সক্রিয় আছে। ফলে মরমি দৃষ্টি দৃশ্যমান জগত থেকে পালায় না; বরং দৃশ্যমানের মধ্যে অদৃশ্যের ইশারা অনুসন্ধান করে।

এই সমগ্র তত্ত্বকে যদি একটি শব্দে সংক্ষেপ করা যায়, তবে সেটি আবার তাহকীক। কারণ তাহকীকই মানুষকে শেখায় কীভাবে বিভিন্ন স্তরের সত্যকে একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে না দেখে, তাদের যথাযথ অবস্থান নির্ণয় করতে হয়।

ইবনুল আরাবির “maqām lā maqām”—“কোনো নির্দিষ্ট অবস্থানের অবস্থান নয়”—এই পদ্ধতিরই প্রকাশ। এটি আদৌ নৈরাজ্যবাদী আপেক্ষিকতাবাদ নয়। বরং প্রত্যেক অবস্থানের নিজস্ব হাক্ক আছে, কিন্তু কোনো একটি সীমিত অবস্থান সম্পূর্ণ বাস্তবতাকে ধারণ করতে পারে না। শরিয়তের একটি পরিসর আছে, বুদ্ধির একটি পরিসর আছে, কাশফের একটি পরিসর আছে। মুহাক্কিকের কাজ একটি অবস্থানকে সবকিছুর ওপর চাপিয়ে দেওয়া নয়; বরং কোন পরিস্থিতিতে কোন সত্য কীভাবে প্রযোজ্য, তা অনুধাবন করা। এই কারণে তহকীক একই সঙ্গে নম্রতা ও বিচক্ষণতার শিক্ষা।

ইবনুল আরাবির মতে সত্যিকার মুহাক্কিক নববী আদর্শের পূর্ণ অনুকরণে পৌঁছান। তাহকীককে তাই “মুহাম্মদী মাকাম” বলা হয়। এর কারণ, জ্ঞান, কর্ম এবং অন্তর-রূপান্তর—এই তিন স্তরে নবী মুহাম্মদের সুন্নাহ অনুসরণ করেই মানুষ পূর্ণ বাস্তবতার দিকে এগিয়ে। মুহাক্কিক শরিয়তের আদেশ মানে, বুদ্ধির মাধ্যমে সত্য-মিথ্যা বিচার করে, এবং কাশফের আলোয় সত্তাগুলোর নিজস্ব হাক্কও দেখতে শেখে। অতএব তাহকীক কখনো বিধান অস্বীকার নয়; বরং বিধানের অর্থকে অস্তিত্বের বৃহত্তর প্রেক্ষাপটে উপলব্ধি করা।

ইবনুল আরাবির বিশ্বদৃষ্টিতে সৃষ্টি তাই নিছক বস্তুজগত নয়; এটি ঐশী নামসমূহের তাজাল্লির ক্ষেত্র। তাঁর নামসমূহ অসীম সৃষ্টির সঙ্গে সম্পর্কিত হওয়ায়, প্রতিটি সৃষ্টিও কোনো না কোনো অর্থে আল্লাহকে একটি নির্দিষ্ট নামের মাধ্যমে ‘নামকরণ’ করে। একটি গাছ তার অস্তিত্বের হাক্ক অনুযায়ী স্রষ্টার কোনো গুণের সাক্ষ্য বহন করে; একটি মানবহৃদয় অন্যভাবে; একজন প্রেমিক অন্যভাবে। এই দৃষ্টিতে মহাবিশ্ব একটি নীরব কিন্তু অসীম ভাষার মতো, যেখানে প্রতিটি অস্তিত্ব তার নিজস্ব ব্যাকরণে আল-হাক্কের ইশারা বহন করে চলেছে। আরিফের কাজ সেই ভাষা শোনা। বস্তু থেকে অর্থে, অর্থ থেকে নামে, নাম থেকে নামদাতার দিকে অগ্রসর হওয়া—এটাই এক অর্থে মারিফতের অন্তর্গত গতি।

এখানে ইবনু আরাবির আত্মতত্ত্ব ও নৈতিকতা অভিন্ন। মানুষ যেহেতু সকল নামের সম্ভাব্য ধারণক্ষমতায় বিশেষ মর্যাদা পেয়েছে, তাই তার দায়িত্বও অন্য সৃষ্টির তুলনায় বিশেষ। কোনো কিছুকে তার প্রকৃতি ও উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন করে ব্যবহার করলে তাহকীক ব্যর্থ হয়। সত্য জানা এবং সত্য অনুযায়ী আচরণ করা—এই দুইয়ের বিচ্ছেদে আধ্যাত্মিক অপূর্ণতা তৈরি হয়। সুতরাং ইবনুল আরাবির সাধক জগতত্যাগী বিচ্ছিন্ন মানুষ নন; তিনি সম্পর্কের মধ্যে সত্যের অনুবাদক। তাঁর আধ্যাত্মিকতা যত গভীর হয়, তাঁর দায়িত্ববোধও তত সূক্ষ্ম হওয়ার কথা।

এই তত্ত্বের আরেকটি বিস্ময়কর পরিণতি হলো অশুভের প্রশ্ন। ইবনুল আরাবি অশুভকে স্বতন্ত্র, পরম বাস্তবতা হিসেবে গ্রহণ করেন না। অস্তিত্ব আলো, অনস্তিত্ব অন্ধকার; কোনো সত্তা যতটুকু অস্তিত্ব প্রকাশ করে, ততটুকু হাক্কের দিকে; যতটুকু নিজস্ব অনস্তিত্ব দ্বারা সত্যকে আড়াল করে, ততটুকু বাতিলের দিকে। আল্লাহ হলেন পরম কল্যাণ। ফলে অশুভের উপস্থিতি অস্বীকার করা হয় না, কিন্তু তাকে একটি স্বাধীন ontological principle-এ উন্নীতও করা হয় না। এই ভাবনা আধ্যাত্মিকভাবে এক নতুন নৈতিক বোধ তৈরি করে: অন্ধকারের সঙ্গে লড়াই করার উপায় অন্ধকারকে সর্বময় শক্তি হিসেবে মানা নয়; বরং আলোর প্রকাশকে ঘনীভূত করা।

এই সমগ্র অস্তিত্বতত্ত্বের পরিণতি শেষ পর্যন্ত এসে দাঁড়ায় মহব্বতে। ইবনুল আরাবির কাছে সৃষ্টি কেবল বিধান বা তাজাল্লির ফল নয়; মহব্বতেরও প্রকাশ। হিডেন ট্রেজার—সুফি ঐতিহ্যে এই সৃষ্টিতত্ত্ব বোঝাতে বহুল ব্যবহৃত হয়েছে। ইবনুল আরাবির আলোচনায় প্রেম এমন এক আদিম আকর্ষণ, যার মাধ্যমে অস্তিত্ব প্রকাশের দিকে এগোয়। ফলে সৌন্দর্য, আকর্ষণ, প্রেম, অনুসন্ধান—এসব মানবিক অভিজ্ঞতা শেষ পর্যন্ত এক গভীরতর ঐশী প্রেমের ছায়া। প্রেমিক যখন কোনো প্রিয়জনকে ভালোবাসে, তখন সে প্রকৃতপক্ষে যে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট, সেই সৌন্দর্যের পরম উৎস সম্পর্কে অজ্ঞ থাকতে পারে। তার প্রেম সত্য, কিন্তু তার প্রেমের লক্ষ্য পরম নয়—এই আড়ালের মধ্যেই আধ্যাত্মিক যাত্রার সম্ভাবনা।

ইবনুল আরাবির প্রেমতত্ত্বকে নিছক রোমান্টিক মরমিয়া ভাবনা হিসেবে পড়া যায় না। তাঁর কাছে প্রেমের বস্তু বহুবিধ হলেও প্রেমের মূল উৎস এক। মানুষ জগতকে ভালোবাসে, মানুষ জ্ঞানকে ভালোবাসে, সৌন্দর্যকে ভালোবাসে, ক্ষমতাকে ভালোবাসে, মানুষের প্রতি আকৃষ্ট হয়; কিন্তু আরিফ প্রশ্ন করেন—এই আকর্ষণের গভীরতম কেন্দ্র কোথায়? কোনো প্রিয়ের মুখে যে সৌন্দর্য, কোনো জ্ঞানে যে বিস্ময়, কোনো প্রকৃতিতে যে মুগ্ধতা, কোনো সত্যের প্রতি যে তৃষ্ণা—এসব কি বিচ্ছিন্ন? ইবনুল আরাবির উত্তর হলো, সৃষ্টির সৌন্দর্যে যে আকর্ষণ কাজ করছে তার গভীরে স্রষ্টার প্রেমেরই প্রতিধ্বনি আছে। কিন্তু মানুষ বস্তুতে থেমে গেলে আড়াল সৃষ্টি হয়; রূপের ওপারে যে হাক্ক, তার দিকে অগ্রসর হলে প্রেম জ্ঞান হয়ে ওঠে এবং জ্ঞান প্রেমে পরিণত হয়।

আজকের মানুষ যে জ্ঞানকে ‘জ্ঞান’ বলে গ্রহণ করছে, তার মূল্য নির্ধারণের মাপকাঠি কী? বৈজ্ঞানিক শাখা, রাজনৈতিক মতাদর্শ, তথ্যপ্রযুক্তি, আধুনিক প্রতিষ্ঠান বা একাডেমিক দক্ষতা—এসব কি নিজে থেকেই কল্যাণকর জ্ঞানে পরিণত হয়? তাঁর আলোচনায় তাহকীক এমন একটি মানদণ্ড হিসেবে আবির্ভূত হয়, যা জিজ্ঞাসা করে: এই জ্ঞান কি সত্তাকে তার প্রকৃত হাক্কসহ বুঝতে সাহায্য করছে? এটি কি মানুষকে তার পরম গন্তব্যের দিকে জাগ্রত করছে? নাকি অসংখ্য তথ্যের ভিড়ে তাকে নিজের প্রকৃত প্রশ্ন থেকেই দূরে সরিয়ে দিচ্ছে?

ইবনুল আরাবির তত্ত্বের প্রকৃত কেন্দ্রে ‘ওয়াহদাতুল উজুদ’ শব্দবন্ধ যতটা পরিচিত, তার চেয়েও গভীরতর হলো হাক্ক ও তাহকীকের সম্পর্ক। একত্বের দাবি আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই একত্ব কীভাবে জানা হবে, কীভাবে বহুত্বের মধ্যে দেখা হবে, কীভাবে মানুষের জীবনকে রূপান্তর করবে—এই প্রশ্নের উত্তর তাহকীক ছাড়া অসম্পূর্ণ। পরম হাক্ক আল্লাহ; সৃষ্টি তাঁর দ্বারা প্রতিষ্ঠিত আপেক্ষিক হাক্ক; প্রতিটি সত্তার নিজস্ব অধিকার ও অবস্থান আছে; মানুষকে সেই অবস্থান চিনতে এবং যথাযথভাবে সাড়া দিতে হবে; নববী ওহি তার জন্য মিজান; ঐশী নামসমূহ বাস্তবতার গভীর ব্যাকরণ; তাজাল্লি বহুত্ব সৃষ্টি করে কিন্তু পরম উজুদকে খণ্ডিত করে না; আর মানুষের চূড়ান্ত পরিপূর্ণতা নিহিত সেই জ্ঞানে, যেখানে সে নিজের সীমা অতিক্রম করে বাস্তবতার যথার্থ সম্পর্কগুলো দেখতে শেখে।

বাস্তবতা কেবল চোখে দেখা বস্তু নয়; সত্য কেবল ধারণা নয়; ধর্ম কেবল বিধানের তালিকা নয়; আত্মজ্ঞান কেবল মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ নয়; প্রেম কেবল আবেগ নয়। এগুলো পরস্পরকে অতিক্রম করে একটি বৃহত্তর তত্ত্বে মিলিত হয়। সেই তত্ত্বের কেন্দ্রে আছে হাক্ক—যিনি সত্য, বাস্তব, ন্যায়, যথার্থতা এবং পরম প্রাপ্যতার একক উৎস। মানুষ সেই হাক্কের সামনে দাঁড়িয়ে নিজের অবস্থান বুঝতে শেখে; তারপর সৃষ্টি ও স্রষ্টার, জ্ঞান ও কর্মের, বাহির ও অন্তরের, তানযীহ ও তাশবীহের, একত্ব ও বহুত্বের মধ্যকার সম্পর্ককে নতুন চোখে দেখতে শেখে। এই দেখাই তাহকীক, এই উপলব্ধিই মারিফত, এবং এই উপলব্ধি যখন মানুষের চরিত্র ও কর্মে নেমে আসে তখনই তা সত্যিকারের আধ্যাত্মিক রূপ লাভ করে।

ইবনুল আরাবির দর্শনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এই যে মানুষকে সত্যের মালিক হওয়ার আগে সত্যের সামনে নিজেকে সোপর্দ করতে হয়। ‘আমি জানি’—এই অহংকার থেকে ‘আমি কতটুকু জানি?’—এই বিনয়ের দিকে যাত্রা; ‘সবই আমি’—এই আত্মপ্রতারণা থেকে ‘আমি কার সৃষ্টি?’—এই প্রশ্নের দিকে প্রত্যাবর্তন; ‘জগতই চূড়ান্ত’—এই মোহ থেকে ‘জগত কোন সত্যের আয়না?’—এই অনুসন্ধানে উত্তরণ; এবং ‘আমি আল্লাহকে ধারণ করেছি’—এই দাবির বিপরীতে ‘আল্লাহ যতটুকু নিজেকে প্রকাশ করেন, আমি ততটুকুই গ্রহণ করতে পারি’—এই আধ্যাত্মিক বিনয়—এসবই ইবনুল আরাবির তত্ত্বসন্ধানের অন্তর্গত পরিণতি। তাঁর কাছে পূর্ণতা কোনো স্থির অর্জন নয়; বরং সত্যকে প্রতিক্ষণ তার যথার্থ স্থানে দেওয়া। সেই অর্থে তাহকীক একটি সমাপ্তি নয়, একটি অনন্ত প্রত্যাবর্তন—অস্তিত্ব থেকে অর্থে, অর্থ থেকে হাক্কে, হাক্ক থেকে নিজের প্রকৃত পরিচয়ে, আর সেই পরিচয় থেকে আবার আল্লাহর দিকে। এই পরিক্রমাই ইবনুল আরাবির মরমি জগতকে শুধু দর্শনের ইতিহাসে নয়, মানুষের অন্তর্গত সত্যসন্ধানের ইতিহাসেও এক অনন্য অধ্যায়ে পরিণত করেছে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 08/10/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ

বিভাগসমূহ