সলোমন ইবনে গাবিরোল (Solomon ibn Gabirol) ছিলেন একাদশ শতাব্দীর আন্দালুসীয় ইহুদি কবি, দার্শনিক ও নীতিবিদ। তিনি স্পেনের মালাগা নগরীতে আনুমানিক ১০২১ বা ১০২২ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। পাশ্চাত্য দর্শনের ইতিহাসে তিনি ‘আভিসেব্রন’ (Avicebron) নামেও পরিচিত। অল্প বয়সেই পিতামাতাকে হারান। শৈশব থেকেই তাঁর মধ্যে সাহিত্য, ধর্মতত্ত্ব, ভাষা ও দর্শনের প্রতি গভীর অনুরাগ জন্ম নেয়। আরবি ও হিব্রু ভাষায় তাঁর অসাধারণ দক্ষতা ছিল। সারাগোসায় তিনি শিক্ষা লাভ করেন এবং সেখানকার ইহুদি বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত হন।
ইবনে গাবিরোলের দর্শনের কেন্দ্রে ছিল নিওপ্লেটোনিক চিন্তাধারা। তাঁর মতে, সমগ্র সৃষ্টিজগৎ এক পরম উৎসের ওপর নির্ভরশীল এবং সৃষ্টির অন্তর্গত বস্তু ও রূপের সমন্বয় মহাজাগতিক বাস্তবতার মৌলিক বৈশিষ্ট্য। ঈশ্বরের ইচ্ছা ও প্রজ্ঞা তাঁর দর্শনে বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর অন্যতম বিখ্যাত দার্শনিক গ্রন্থ ফনস ভিটাই (Fons Vitae), যার অর্থ ‘জীবনের উৎস’। গ্রন্থটিতে সত্তা, আত্মা, বুদ্ধি, বস্তু ও রূপের সম্পর্ক নিয়ে গভীর আলোচনা রয়েছে। মধ্যযুগীয় খ্রিষ্টীয় দর্শনেও এই গ্রন্থের উল্লেখযোগ্য প্রভাব পড়েছিল।
কবিতা ছিল তাঁর আত্মপ্রকাশের প্রধান মাধ্যম। তাঁর রচনায় ঈশ্বরের অসীম মহিমা, মানবসত্তার ক্ষুদ্রতা, আত্মার আকুলতা, সৃষ্টির রহস্য এবং পরম সত্তার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর শ্রেষ্ঠ কাব্যকীর্তি কেতের মালখুত (Keter Malkhut), অর্থাৎ ‘রাজমুকুট’। এটি ঈশ্বরের মহিমা ও বিশ্বসৃষ্টির বিস্ময় নিয়ে রচিত এক দীর্ঘ আধ্যাত্মিক কাব্য। তাঁর তিখুন মিডত হানেফেশ এবং মিভখার হাপেনিনিম নীতিশাস্ত্র ও প্রজ্ঞামূলক সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা।
আনুমানিক ১০৫৭–১০৫৮ খ্রিষ্টাব্দে স্পেনের ভ্যালেন্সিয়ায় তাঁর মৃত্যু হয় বলে অধিকাংশ গবেষক মনে করেন; তবে মৃত্যুসাল নিয়ে মতভেদ রয়েছে। স্বল্পায়ু এই কবি-দার্শনিক তাঁর আধ্যাত্মিক কাব্য ও মৌলিক দর্শনের মাধ্যমে ইহুদি, খ্রিষ্টীয় এবং পাশ্চাত্য চিন্তার ইতিহাসে স্থায়ী আসন লাভ করেছেন।
1. আমার অস্তিত্বের পূর্বেই তোমার করুণা এসেছিল
আমার অস্তিত্বের পূর্বেই তোমার করুণা এসেছিল,
শূন্যতা ও অস্তিত্বের বিপরীত রূপ বদলে তুমি আমাকে অস্তিত্ব দান করেছিলে।
কে আমার অবয়ব নির্মাণ করলেন, আমার সত্তাকে
ঢেলে দিলেন গলনপাত্রে, আর দিলেন এই রূপ?
কে আমার মধ্যে আত্মা ফুঁকে দিলেন,
পাতালপুরীর গর্ভ উন্মুক্ত করে আমাকে তুলে আনলেন?
কে শৈশব থেকে আজ পর্যন্ত আমাকে পথ দেখিয়ে এনেছেন?
কে আমাকে বুঝতে শিখিয়েছেন, বিস্মিত হতে শিখিয়েছেন?
নিশ্চয়ই, আমি তোমার হাতে গড়া মাটির পিণ্ড।
সত্যিই তুমি আমাকে সৃষ্টি করেছ; আমি নিজেকে সৃষ্টি করিনি।
আমি আমার পাপ স্বীকার করব; তোমাকে এ কথা বলব না—
“সর্প আমাকে প্রতারিত করেছে, বিপথে নিয়ে গেছে।”
তোমার কাছ থেকে কীভাবে আমার অপরাধ গোপন রাখব?
কারণ, আমার অস্তিত্বের পূর্বেই তোমার করুণা এসেছিল।
2. পরমানন্দ
আমার চিন্তারা বিস্ময়ে হতবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল—
কেন আমি ঊর্ধ্বাকাশের ঘূর্ণায়মান চক্রগুলোর দিকে
পরমানন্দে ছুটে চলি, উড়ে যাই?
জীবন্ত পরমেশ্বরই আমার আকাঙ্ক্ষা,
তাঁর আকর্ষণ অগ্নিপক্ষের ডানায় আমাকে বহন করে নিয়ে যায়;
আমার দেহ ও আত্মা—উভয়ই তাঁর অভিমুখে ধাবিত।
ঈশ্বর একই সঙ্গে আমার আনন্দ ও নিয়তি,
এই আকুলতা তিনিই আমার অন্তরে সৃষ্টি করেছেন;
তাঁর কথা ভাবলেই আমার হৃদয় স্পন্দিত হয়ে ওঠে।
গান কি তার সমস্ত মাধুর্য নিয়ে
আমার আত্মাকে পরিপূর্ণ আনন্দে নিমজ্জিত করতে পারে,
ঈশ্বরেরও ঈশ্বরের সম্মুখে—তাঁর প্রশংসা গেয়ে?
3. আত্মায় বিনম্র
আত্মায় বিনম্র, নতজানু ও ক্ষুদ্র অবয়বে,
তবু ভয় ও গভীর শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে
আমি তোমার সম্মুখে উপস্থিত হই।
তোমার সান্নিধ্যে এসে নিজের কাছেই
আমি এক ক্ষুদ্র কেঁচোর মতো প্রতিভাত হই।
হে তুমি, যিনি সমগ্র পৃথিবীকে পূর্ণ করে রেখেছ,
যাঁর মহিমার কোনো সীমা নেই—
আমার মতো ক্ষুদ্র কেউ কি তোমার প্রশংসা করতে পারে?
আর কীভাবেই বা সে তোমার যথার্থ সম্মান করবে?
স্বর্গের ফেরেশতারাও তোমার মহিমা বর্ণনায় যথেষ্ট নয়,
তবে আমার মতো একজন কীভাবে তা করতে পারে?
তুমিই কল্যাণ সাধন করেছ,
তুমিই তোমার অনুগ্রহকে মহিমান্বিত করেছ;
তাই আত্মা তোমার প্রশংসাকে
আরও মহিমান্বিত করে তুলবে।
4. জগতের অধিপতি
জগতের অধিপতি, তিনি একাই রাজত্ব করতেন,
যখনও এই বিশ্বব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্ব ছিল না।
তাঁর ইচ্ছায় যখন সমস্ত কিছু সৃজিত হলো,
তখনই প্রথম তাঁর সার্বভৌম নাম প্রকাশিত হলো।
আর যখন সমগ্র সৃষ্টিজগৎ বিলীন হয়ে যাবে,
তখনও তিনি ভীতিজাগানিয়া নিঃসঙ্গ মহিমায় রাজত্ব করবেন।
তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন—
মহিমান্বিত অনন্তকালের বুকে।
কারণ, তিনি এক ও অদ্বিতীয়;
তাঁর সত্তায় কিংবা নিঃসঙ্গতায়
তাঁর কোনো দ্বিতীয় অংশীদার নেই।
তিনি অনন্ত, তাঁর কোনো আদি নেই;
সমস্ত শক্তি তাঁরই, সমস্ত কর্তৃত্ব তাঁরই।
তিনিই জীবন্ত ঈশ্বর, যিনি পরিত্রাণ দান করেন;
দুঃখের বন্ধন যতদিন স্থায়ী হয়,
ততদিন তিনিই আমার শিলা,
আমার পতাকা, আমার সুনিশ্চিত দুর্গ,
আর যখনই আকাঙ্ক্ষা করি, তিনিই আমার জীবনপাত্র।
জাগ্রত অবস্থায় যেমন, নিদ্রার পূর্বেও তেমন—
আমি আমার আত্মাকে তাঁর করতলে সমর্পণ করি।
আর যদিও আমার দেহকে পরিত্যাগ করি,
তবু প্রভুর আশ্রয়ে নির্ভয় প্রশান্তিতে বিশ্রাম নিই।
5. কোথায় তোমায় খুঁজে পাব?
কোথায়, হে প্রভু, তোমায় খুঁজে পাব?
তোমার অবস্থান সুউচ্চ, দৃষ্টির আড়ালে।
আর কোথায়ই বা তোমায় খুঁজে পাব না?
তোমার মহিমা তো সমগ্র জগৎজুড়ে পরিব্যাপ্ত।
তুমি গভীর অন্তরে অধিষ্ঠিত,
অথচ সৃষ্টির সকল সীমারেখা তুমিই নির্ধারণ করেছ।
তুমি নিকটবর্তীদের জন্য সুউচ্চ দুর্গ,
দূরবর্তীদের জন্য আশ্রয়স্থল।
তুমি এখানে পবিত্র সিন্দুকের ঊর্ধ্বে শায়িত,
অথচ বাস করো সর্বোচ্চ স্বর্গলোকে।
তোমার স্বর্গীয় বাহিনীর মাঝে তুমি মহিমান্বিত,
তবু তাদের স্তবগানও তোমার মহিমার নাগাল পায় না।
স্বর্গের কোনো গোলকই তোমাকে ধারণ করতে পারে না,
তাহলে কোনো ক্ষুদ্র কক্ষ কীভাবে তোমাকে ধারণ করবে?
তাদের ঊর্ধ্বে মহিমান্বিত সিংহাসনে অধিষ্ঠিত হয়েও
তুমি তাদের কাছে তাদের শ্বাস ও ত্বকের চেয়েও অধিক নিকটবর্তী।
তাদের মুখই তাদের পক্ষে সাক্ষ্য দেয়—
তুমিই একমাত্র, যিনি তাদের অবয়ব দান করেছেন।
তোমার রাজত্বের ভার তাদের অন্তরেই বিরাজমান;
তোমাকে কে-ই বা ভয় না করবে?
আর কে-ই বা তোমার সন্ধান না করবে—
যিনি যথাসময়ে আহার পাঠিয়ে দেন?
আমি তোমার সান্নিধ্য কামনা করেছি,
সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ডেকেছি।
তোমার সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্যে যখন এগিয়ে গেছি,
দেখেছি, তুমিই আমার দিকে এগিয়ে আসছ।
তোমার অসীম শক্তির বিস্ময়কর প্রকাশে
এবং তোমার পবিত্র কর্মসমূহে আমি তোমাকে প্রত্যক্ষ করেছি।
কে বলতে পারে, সে তোমার মহিমা দেখেনি?
স্বর্গীয় বাহিনীগুলো তো নীরবেই
তোমার প্রতি তাদের গভীর বিস্ময় ও ভক্তি প্রকাশ করে।
কিন্তু সত্যিই কি প্রভু
পৃথিবীর মানুষের অন্তরে অধিষ্ঠান করতে পারেন?
ধূলি ও কাদা দিয়ে যাদের তুমি সৃষ্টি করেছ,
সেই মানুষ কীভাবে তোমার সেই উপস্থিতির গভীরতা উপলব্ধি করবে,
যেখানে তুমি তাদেরই প্রশংসার সিংহাসনে অধিষ্ঠিত?
পৃথিবীর ঊর্ধ্বে ভেসে থাকা সৃষ্টিজীবেরা
তোমার বিস্ময়কর মহিমার প্রশংসা করে।
তাদের মাথারও ঊর্ধ্বে বহন করা হয় তোমার সিংহাসন,
আর তুমি চিরকাল সকল কিছুর ঊর্ধ্বে মহিমান্বিত।
