চৈতন্যের বাতিঘর, এলমে মারেফতের মহাসমুদ্র হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামীর পবিত্র আবির্ভাব দিবসে আমাদের এশকের অর্ঘ্য
কিছু আবির্ভাব কেবল জন্মের ইতিহাস নয়, কিছু আগমণ কেবল মানবদেহের এই ধরাধামে পদার্পণ নয়; কোনো কোনো আগমণ যেন হৃদয়ের অনন্ত নীরবতা ভেঙ্গে এই সমীমের বুকে অসীমের বারতা পৌঁছে দেয়ার রহস্যময় উপলক্ষ। যাঁরা আসেন মানুষের ভীড়ে মানুষ হয়ে, অথচ তাদের অন্তরে ধারণ করেন যুগান্তরের শাশ্বত মহাসত্যকে। তাঁরা করস্পর্শে জাগিয়ে তোলেন মানুষের অন্তর্স্থিত সে সত্যকে – যার সন্ধানে যুগ যুগ আরেফগণ আপন অস্তিত্বের পর্দা উন্মোচণ করেছেন।
কাঁদামাটির মানুষে যে অপার আকাশ প্রচ্ছন্ন থাকে, তারই দ্বারোৎঘাটন করতে তাঁরা আসেন। আত্মবিস্মৃত মানুষকে ফিরিয়ে দেন আত্মা, পরিচয়। আপন রূহের রহস্যময় শামাদানে জ্বালিয়ে দেন রূহ কুদসির চিরন্তন প্রবাহ।
এমনই এক মারেফতি চেতনার ধারক, আত্মপরিচয়ের আহ্বানকারী, বাংলার আধ্যাত্ম-আকাশের জ্বলজ্বলে নক্ষত্র, এশকে হাকীকির পরম মুর্শিদ হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী।
দাদামুর্শিদ হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী। তাঁর পবিত্র আবির্ভাব দিবসে আমাদের আত্মার অন্তঃপুরে যে ঐশী আনন্দের ঢেউ জেগেছে, তারই কল্লোলে আজ মুখরিত হবার দিন। আজ আমরা শ্রদ্ধা-সিজদায় স্মরণ করি এমন এক মহাসাধককে, যাঁর মারেফতি চিন্তার কেন্দ্রে ছিল মানুষ, মানুষের আত্মপরিচয়, অন্তর্গত চৈতন্যের জাগরণ ও মানবসত্ত্বার গভীরে নিহিত মহাসত্যের অনুসন্ধান এবং উজ্জীবন।
যে চৈতন্যে বেহুঁশের হয় নিদ্রাভঙ্গ, সে চৈতন্যের প্রকাশক আপনি। অস্তিত্বের সংবাদ হারিয়ে বর্হিজগতের মোহে নিমগ্ন আত্মাকে চৈতন্যরূপ আত্মপরিচয় প্রদানের কারিগর আপনি। নূরের পথে অর্ন্তদৃষ্টির পথপ্রদর্শক আপনি। আমাদের আধ্যাত্মিক পরম্পরার এমন এক মহান পূর্বসূরী আপনি, যার চরণাশ্রয়ে আমরা খূঁজে পাই এশক, আদব, তাযকিয়া ও মারেফতের ফল্গুধারার সন্ধান। প্রভুগুরু হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী বাবাজানের পবিত্র চরণ-স্বান্নিধ্যে আমরা যে চিরকালীন চৈতন্য-মহার্ঘ্যের সন্ধান পাই, তা আপনারই অনন্ত চৈতন্যের উত্তরাধিকার, মাওলাইয়াতের উত্তরাধিকার।
আপনার পবিত্র আবির্ভাব দিবসে আমাদের শ্রদ্ধায় অবনত হৃদয়ের সেজদা ও এশকের অর্ঘ্য গ্রহণ করুন। আমাদের অন্তরের গাফলত, নফসের অহংকার ও হৃদয়ের সংকীর্ণতাকে আপনার চরণস্পর্শে আলোকিত করুন। আমাদের অজ্ঞানতাকে জ্ঞানের প্রদীপ্ত শিখায় আদব ও মহব্বতের অলংকারে পরিণত করুন।
যে হৃদয়ে এশক নেই, সেখানে মারেফতের ফুল ফোটে না। যে অন্তরে বিনয় নেই, সেখানে সত্যের দর্পন স্বচ্ছ হয়না। যে আপন অস্তিত্বের সংবাদ জানে না, জগৎ তার কাছে বিভ্রমমাত্র। আমাদের সকল অজ্ঞতা, অপূর্ণতা ও অক্ষমতাকে আপনার শাশ্বত মাহাত্ম্যের ক্ষমায় বিভূষিত করুন। আমাদের ভক্তিপ্রার্থনাকে কবুল করুন।
দাদামুর্শিদ, আপনার পবিত্র চরণে অগণন সাজদা, ভক্তি।
লাবিব মাহফুজ চিশতী
সম্পাদক, আপন খবর
৩০ অক্টোবর ২০২৬ খ্রি.

