Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

রাব্বি আব্রাহাম জোশুয়া হেশেলের দুটি মরমী কবিতার অনুবাদ

রাব্বি আব্রাহাম জোশুয়া হেশেল (1907–1972) ছিলেন পোলিশ-আমেরিকান ইহুদি ধর্মতাত্ত্বিক, দার্শনিক, কবি ও আধ্যাত্মিক চিন্তাবিদ। ১৯০৭ সালে পোল্যান্ডের ওয়ারশতে এক ঐতিহ্যবাহী হাসিদি রাব্বি পরিবারে তাঁর জন্ম।

বার্লিন বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে গবেষণা করে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ইহুদি ধর্মতত্ত্ব, কাব্বালা, হাসিদি মরমিবাদ ও আধ্যাত্মিক দর্শন তাঁর চিন্তাজগতকে গভীরভাবে প্রভাবিত করেছিল। নাৎসি নিপীড়নের শিকার হয়ে ১৯৩৮ সালে তিনি জার্মানি থেকে পোল্যান্ডে নির্বাসিত হন। পরে ইংল্যান্ড হয়ে ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। সেখানে তিনি ইহুদি নৈতিকতা ও মরমিবাদ বিষয়ে অধ্যাপনা করেন।

হেশেলের দর্শনের কেন্দ্রে ছিল মানুষ ও ঈশ্বরের অন্তরঙ্গ সম্পর্ক, অস্তিত্বের বিস্ময়, প্রার্থনা, আত্মিক জাগরণ এবং জীবনের পবিত্রতা। তাঁর কাছে আধ্যাত্মিকতা কেবল ব্যক্তিগত সাধনা ছিল না; মানুষের প্রতি ভালোবাসা, ন্যায়বিচার ও মানবমুক্তির সংগ্রামও ছিল ধর্মীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি মার্কিন নাগরিক অধিকার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং মার্টিন লুথার কিং জুনিয়রের সঙ্গে বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে The Sabbath, Man Is Not Alone, God in Search of Man এবং The Prophets। তাঁর কবিতায় ঈশ্বরের অনুসন্ধান, আত্মার নিঃসঙ্গতা, অস্তিত্বের রহস্য এবং ঐশী উপস্থিতির অনুভব গভীর কাব্যিক ভাষায় প্রকাশ পেয়েছে।

১৯৭২ সালে নিউইয়র্কে তাঁর জীবনাবসান ঘটে। ধর্মীয় দর্শন ও মানবতাবাদী আধ্যাত্মিক চিন্তার ইতিহাসে তিনি আজও এক স্মরণীয় ব্যক্তিত্ব।

1. ঈশ্বর সর্বত্র আমাকে অনুসরণ করেন

ঈশ্বর সর্বত্র আমাকে অনুসরণ করেন,
তাঁর দৃষ্টির জালে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেন,
আর প্রজ্বলিত সূর্যের মতো
আমার দৃষ্টিহীন পৃষ্ঠদেশকে করে দেন আলোকান্ধ।

অরণ্যের ঘন নিবিড়তার মতো
ঈশ্বর আমাকে অনুসরণ করেন।

আমার অধর চিরকাল কোমল, নীরব, বিস্ময়ে বিহ্বল—
যেন কোনো প্রাচীন পবিত্র অরণ্যে
পথ হারিয়ে ফেলা এক শিশু।

নীরব শিহরণের মতো
ঈশ্বর আমাকে অনুসরণ করেন।

আমি চাই প্রশান্তি, চাই বিশ্রাম—
কিন্তু তিনি আহ্বান করেন,
‘এসো! দেখো—
কীভাবে দর্শনগুলো পথহীন গৃহহীন মানুষের মতো
নগরীর পথে পথে হেঁটে বেড়ায়।’

আমার চিন্তাগুলোও ঘুরে বেড়ায়
এক ভবঘুরে রহস্যের মতো—
পৃথিবীর দীর্ঘ করিডর ধরে
অবিরাম হেঁটে চলে।

কখনো কখনো দেখি,
ঈশ্বরের অবয়বহীন মুখমণ্ডল
আমার ওপর ভেসে আছে।

ট্রামগাড়িতে, কফিশালায়—
সর্বত্র ঈশ্বর আমাকে অনুসরণ করেন।

প্রতিটি দীপ্তিমান আপেল
আমার কাছে হয়ে ওঠে এক স্বচ্ছ স্ফটিকগোলক,
যার ভেতর দিয়ে আমি দেখতে পাই—
কীভাবে রহস্যের জন্ম হয়,
কীভাবে দর্শনের আবির্ভাব ঘটে।

2. অন্তরঙ্গ স্তবগান

শব্দ থেকে শব্দে আমি ঘুরে বেড়াই,
প্রভাত থেকে গোধূলি অবধি।
স্বপ্নের ভেতরে, স্বপ্নের বাইরে—
নিজেকে ও নগরসমূহকে অতিক্রম করে চলি,
এক মানবীয় উপগ্রহের মতো।

আমি অপেক্ষা করি, আশায় বুক বাঁধি—
যেমন কেউ পাথরের কাছে অপেক্ষা করে,
কখন তার বুক চিরে ঝরনার জল উৎসারিত হবে,
আর অবিরাম উৎসারিত হতে থাকবে।

আমার অনুভব হয়, আমি যেন আলোকোজ্জ্বল—
মনে হয়, কোথাও মিল্কিওয়ে ছায়াপথের বুকে
তাঁবু গেড়ে বসবাস করছি।

পৃথিবীকে অনুভব করতে উদ্বুদ্ধ করার জন্য
আমি হেঁটে চলি নিঃসঙ্গতার নির্জন প্রান্তর ধরে।

আমার চারপাশে বিদ্যুৎ চমকে ওঠে,
আমার দৃষ্টির ঝলক থেকে ছড়িয়ে পড়ে অগ্নিস্ফুলিঙ্গ—
যেন সমস্ত আলোকে প্রকাশ করে,
সর্বত্রের মুখাবয়বের অবগুণ্ঠন উন্মোচন করে।

ঈশ্বরের অভিমুখে, সম্মুখপানে—
অন্তিম বিচারের দিকে এগিয়ে চলি,
তৃষ্ণার শক্তিতে অতিক্রম করি
ভারী বোঝার সমস্ত ভার।

জন্মগ্রহণকারী সকল প্রাণের আকুলতা
নিরন্তর চিৎকার করে ওঠে—
‘এখানে কি কেউ আছে?’

আমি জানি, প্রত্যেকেই তিনিই;
তবু আমার হৃদয়ের গভীরে
এক অশ্রুবিন্দু ছটফট করে ওঠে—

যখন মানুষের কথা শুনি,
শিলাখণ্ড ও বৃক্ষের কথা শুনি;
সকলেই মিনতি করে—

‘আমাদের অনুভব করো।’
‘আমাদের দেখো।’

হে ঈশ্বর!
তোমার দৃষ্টিটি আমাকে দান করো!

আমি এসেছি অস্তিত্ব লাভ করতে,
পৃথিবীতে দৃষ্টির বীজ বপন করতে;
বিশ্বের ছদ্মবেশে আত্মগোপনকারী ঈশ্বরের
মুখোশ উন্মোচন করতে—

আর হ্যাঁ,
আমি অপেক্ষা করে আছি
সর্বপ্রথম ‘উষা’ বা নতুন প্রভাতের আগমনী
ঘোষণা করার জন্য।

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ