আইন আল-কুযাত হামাদানি (Ayn al-Qozat Hamadani, 1098–1131) ছিলেন দ্বাদশ শতকের পারস্যের প্রখ্যাত সুফি সাধক, দার্শনিক, কবি ও ধর্মতাত্ত্বিক। তাঁর জন্ম ১০৯৮ সালে ইরানের হামাদান নগরে। অল্প বয়সেই তিনি অসাধারণ পাণ্ডিত্য ও গভীর আধ্যাত্মিক চিন্তার পরিচয় দেন।
তাঁর চিন্তাজগতে গভীর প্রভাব বিস্তার করেছিলেন সুফি সাধক আহমদ গাজ্জালি। হামাদানি প্রেম, মারিফত, আত্মবিলোপ, অস্তিত্বের রহস্য এবং আল্লাহর সঙ্গে মানুষের আধ্যাত্মিক সম্পর্ক নিয়ে অভিনব দার্শনিক ব্যাখ্যা উপস্থাপন করেন। তাঁর মতে, পরমসত্যকে কেবল যুক্তি ও পাণ্ডিত্য দিয়ে উপলব্ধি করা যায় না; এর জন্য প্রয়োজন অন্তর্দৃষ্টি, প্রেম ও আত্মিক অভিজ্ঞতা।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে তামহিদাত (Tamhidat), জুবদাতুল হাকায়েক (Zubdat al-Haqa’iq) এবং শাকওয়াল গারিব (Shakwa al-Gharib)। এসব রচনায় তিনি সুফিবাদের গভীর তত্ত্বকে কাব্যিক ও দার্শনিক ভাষায় প্রকাশ করেছেন। তাঁর চিন্তাধারা পরবর্তী পারস্যের সুফি সাহিত্য এবং ভারতীয় চিশতিয়া সাধনপরম্পরায়ও প্রভাব ফেলেছিল।
মাত্র তেত্রিশ বছর বয়সে, ১১৩১ সালে সেলজুক শাসকের আদেশে হামাদানেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সুফি ইতিহাসে তিনি ‘শহীদে মারিফত’ হিসেবে স্মরণীয়। তাঁর জীবন যেন সাক্ষ্য দেয়—সত্যের অনুসন্ধান কখনো কখনো মানুষের কাছে সবচেয়ে বড় অপরাধ হয়ে ওঠে।
1. যতদিন বেঁচে থাকব
যতদিন বেঁচে থাকব,
ততদিন তোমার প্রেমের বিরহ-বেদনা
আহার করব, পান করব।
এই বেদনা আমি কারও হাতে তুলে দেব না—
এমনকি মৃত্যুর পরেও নয়।
আগামীকাল,
পুনরুত্থানের সেই মহাদিবসে,
এই দুর্দমনীয় তৃষ্ণা
আমার মস্তিষ্কে তখনো ঝড় তুলবে;
সেই তৃষ্ণা বুকে নিয়েই
আমি এগিয়ে যাব সম্মুখপানে।
2. যিনি সহস্র জগৎ রঙে রাঙিয়ে দিলেন
যিনি সহস্র জগৎকে রঙে রাঙিয়ে দিলেন,
তিনি কীভাবে ‘আমি’ ও ‘তুমি’র রঙ কিনবেন?
রং, রং—সবই কেবল খেয়াল ও কল্পনার খেলা;
তিনি তো বর্ণহীন, আর সাধকের কর্তব্য তাঁরই রঙে রঞ্জিত হওয়া।
3. অস্তিত্বের অন্তরে অনস্তিত্ব
অস্তিত্বের অন্তরে
অনস্তিত্ব—
এটাই আমার বিধান।
হারিয়ে যাওয়ার মাঝেই
নিজেকে হারিয়ে ফেলা—
এটাই আমার ধর্ম।
4. নয়নেরও অন্তর্নয়নে
নয়নেরও অন্তর্নয়নে
আমি স্থাপন করেছিলাম এক নয়ন—
তাঁর সৌন্দর্যে
যাকে করেছিলাম মসৃণ ও সুশোভিত।
কিন্তু সহসাই পতিত হলাম
পূর্ণতার পরিমণ্ডলে;
আর এখন আমি মুক্ত দৃষ্টির বন্ধন থেকে—
এমনকি ধ্যানের অন্তর্নয়ন থেকেও।
