ইবনে আতাউল্লাহ আল-ইস্কান্দারি (Ibn Ata’illah al-Iskandari আনুমানিক ১২৫০–১৩০৯ খ্রিষ্টাব্দ) ছিলেন মধ্যযুগের ইসলামী মরমিবাদ ও সুফি দর্শনের অন্যতম শ্রেষ্ঠ সাধক। তাঁর পূর্ণ নাম তাজউদ্দিন আবুল ফজল আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আবদুল করিম ইবনে আতা ইল্লাহ। মিশরের আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। মালিকি ফিকহ, হাদিস, ধর্মতত্ত্ব ও আরবি সাহিত্যে গভীর পাণ্ডিত্য অর্জন করে পরবর্তীকালে সুফি সাধনায় আত্মনিয়োগ করেন।
প্রথম জীবনে সুফিবাদের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ ছিল না। কিন্তু শাজিলি তরিকার দ্বিতীয় প্রধান সাধক আবুল আব্বাস আল-মুরসির সান্নিধ্যে এসে তাঁর জীবনদর্শনে গভীর পরিবর্তন ঘটে। তিনি তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন এবং পরবর্তীকালে শাজিলি তরিকার তৃতীয় মহান আধ্যাত্মিক শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হন। কায়রোর আল-আজহারসহ বিভিন্ন শিক্ষাকেন্দ্রে তিনি ধর্মীয় জ্ঞান ও আধ্যাত্মিক শিক্ষাদান করেন।
তাঁর সর্বাধিক প্রসিদ্ধ গ্রন্থ আল-হিকাম আল-আতাইয়্যাহ—যা সংক্ষিপ্ত অথচ গভীর আধ্যাত্মিক বাণীর এক অনন্য সংকলন। এতে তাওয়াক্কুল, তাওবা, আত্মশুদ্ধি, ইখলাস, ফানা, আল্লাহর নৈকট্য এবং আত্মার অন্তর্গত জাগরণ সম্পর্কে অসাধারণ প্রজ্ঞা প্রকাশিত হয়েছে। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা মিফতাহুল ফালাহ, আল-তানভীর ফি ইসকাতিত তাদবীর এবং লাতায়িফুল মিনান।
১৩০৯ খ্রিষ্টাব্দে কায়রোতে তাঁর জীবনাবসান ঘটে। তাঁর রচনাবলি আজও বিশ্বের বিভিন্ন সুফি সাধনকেন্দ্রে অধ্যয়ন ও ব্যাখ্যা করা হয়। সংক্ষিপ্ত বাক্যে গভীরতম আধ্যাত্মিক সত্য প্রকাশের অসাধারণ ক্ষমতার জন্য তিনি সুফি জ্ঞানধারায় চিরস্মরণীয় হয়ে আছেন।
1. অন্য কিছু তাঁকে কি আড়াল করে রাখে?
কীভাবে কল্পনা করো, অন্য কিছু তাঁকে আড়াল করে রেখেছে,
অথচ তিনিই তো সবকিছুর মাধ্যমে প্রকাশিত?
কীভাবে কল্পনা করো, অন্য কিছু তাঁকে আড়াল করে রেখেছে,
অথচ তিনিই তো প্রতিটি বস্তুর মধ্যে নিজেকে প্রকাশ করেছেন?
কীভাবে কল্পনা করো, অন্য কিছু তাঁকে আড়াল করে রেখেছে,
অথচ তিনিই তো সকলের কাছে সুপ্রকাশিত?
কীভাবে কল্পনা করো, অন্য কিছু তাঁকে আড়াল করে রেখেছে,
অথচ কোনো কিছুর অস্তিত্বের পূর্বেই তিনিই ছিলেন প্রকাশমান?
কীভাবে কল্পনা করো, অন্য কিছু তাঁকে আড়াল করে রেখেছে,
অথচ সবকিছুর চেয়েও তিনিই অধিক প্রকাশিত?
কীভাবে কল্পনা করো, অন্য কিছু তাঁকে আড়াল করে রেখেছে,
অথচ তিনিই সেই সত্তা, যাঁর সঙ্গে অন্য কারও অস্তিত্ব নেই?
কীভাবে কল্পনা করো, অন্য কিছু তাঁকে আড়াল করে রেখেছে,
অথচ তিনি তোমার কাছে সবকিছুর চেয়েও অধিক নিকটবর্তী?
কীভাবে কল্পনা করো, অন্য কিছু তাঁকে আড়াল করে রেখেছে,
অথচ তিনি না থাকলে কোনো কিছুরই অস্তিত্ব থাকত না?
কী বিস্ময়!
দেখো, কীভাবে অস্তিত্ব প্রকাশিত হয় অনস্তিত্বের মধ্য দিয়ে!
আর কীভাবে ক্ষণস্থায়ী সত্তা দৃঢ়ভাবে অবস্থান করে তাঁর পাশে,
যাঁর গুণ চিরন্তন!
2. অন্তর্দৃষ্টির আলো
অন্তর্চক্ষুর আলো তোমাকে দেখায়—তোমার কত নিকটে তিনি অবস্থান করছেন।
অন্তর্চক্ষুর উৎস তোমাকে দেখায়—তোমার অস্তিত্বের মধ্য দিয়েই তোমার অনস্তিত্বকে।
অন্তর্চক্ষুর সত্য তোমাকে প্রত্যক্ষ করায় তাঁর অস্তিত্বকে—
তোমার নিজের অস্তিত্ব কিংবা অনস্তিত্বকে নয়।
“আল্লাহ ছিলেন, আর তাঁর সঙ্গে অন্য কিছুই ছিল না। এখনও তিনি তেমনই আছেন, যেমন ছিলেন।”
3. যারা তাঁর অভিমুখে যাত্রা করে
যারা তাঁর অভিমুখে যাত্রা করে,
তারা তাঁর দিকে মুখ ফেরানোর আলোয় পথনির্দেশ পায়।
আর যারা তাঁর সান্নিধ্যে পৌঁছে গেছে,
তাদের রয়েছে সম্মুখ-সাক্ষাতের আলো।
প্রথমোক্তরা আলোর অধীন;
কিন্তু আলোগুলোই অধীন শেষোক্তদের—
কারণ তারা আল্লাহর, আর আল্লাহরই একান্ত নিজস্ব।
“বলো, ‘আল্লাহ’; তারপর তাদের ছেড়ে দাও, তারা তাদের খেলাধুলায় মগ্ন থাকুক।”
