অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী
দরিয়া সাহিব (Dariya Sahib of Bihar) ছিলেন অষ্টাদশ শতকের ভারতীয় নির্গুণ ভক্তিধারার একজন বিশিষ্ট সাধক, মরমি কবি ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। তিনি বিহারের রোহতাস জেলার ধরকান্ধা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৬৭৪ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৭৮০ খ্রিষ্টাব্দে দেহত্যাগ করেন। তাঁর পিতার নাম পীরন শাহ।
দরিয়া সাহিবের সাধনদর্শনের কেন্দ্রে ছিল পরম সত্যের উপলব্ধি, সদ্গুরুর কৃপা, নামস্মরণ, অন্তর্জাগরণ এবং প্রেমময় ভক্তি। তিনি বাহ্যিক আচার-অনুষ্ঠান, ধর্মীয় সংকীর্ণতা ও লোকদেখানো সাধনার পরিবর্তে আত্মশুদ্ধি এবং অন্তরের সাধনাকে অধিক গুরুত্ব দিতেন। তাঁর মতে, প্রকৃত সত্যের সন্ধান বাহিরে নয়, মানুষের অন্তর্জগতেই নিহিত। সদ্গুরুর নির্দেশনায় নামের সাধনা ও অন্তরের শব্দধারার উপলব্ধির মধ্য দিয়ে সাধক সেই সত্যের সন্ধান পেতে পারে।
তাঁর রচনাবলির মধ্যে দরিয়া সাগর, জ্ঞান দীপক, জ্ঞান রতন, ভক্তি হেতু ও ব্রহ্ম বিবেক বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর বাণীতে প্রেম, বিরহ, নাম, সদ্গুরু ও আত্মোপলব্ধির গভীর মরমি ব্যঞ্জনা প্রকাশ পেয়েছে। তাঁর অনুসারীদের নিয়ে গড়ে ওঠে দরিয়া পন্থ, যা আজও তাঁর সাধনভাবনার ঐতিহ্য বহন করে চলেছে।
01.
নিখাদ প্রেমের প্রকাশ
কস্তুরির সুগন্ধ মৃগের নাভিতেই বিরাজমান,
অথচ সে আপন অন্তরে তার সন্ধান না করে
বহির্জগতের তৃণভূমিতে খুঁজে ফেরে।
কখনো এদিকে, কখনো ওদিকে ছুটে বেড়ায়,
দিশাহারা হয়ে ভাবতে থাকে—
কোথা থেকে ভেসে আসছে এই মদির সুবাস!
অথচ সেই সুগন্ধ তার অতি সন্নিকটে,
তার নিজেরই দেহের অভ্যন্তরে;
তবু সে তার সন্ধান জানে না।
মোহ-মায়ার আবরণে আচ্ছন্ন হয়ে
সে দিগ্বিদিক ঘুরে বেড়ায়।
ঠিক তেমনি মানুষও তীর্থভ্রমণ
ও বাহ্যিক আচার-অনুষ্ঠানের মোহে
দ্বারে দ্বারে, দেশে দেশে পরিভ্রমণ করে।
যদি তুমি তোমার আপন সত্যধামের সন্ধান পেতে চাও,
তবে নিজের অন্তর্লোকে দৃষ্টিপাত করো;
নিজেরই অন্তঃপুরে সেই ধামকে খুঁজে নাও
এবং সেখানে স্থিত হয়ে বসবাস করো।
সেই পরম সত্যের অধিপতি
এই মানবদেহের অভ্যন্তরেই অধিষ্ঠিত।
নিখাদ প্রেমের আত্মপ্রকাশের মধ্য দিয়ে
তাঁকে চিনে নাও, তাঁর স্বরূপ উপলব্ধি করো।
এই দেহরূপ আধারকে মন্থন করো,
নিজের অন্তর্লোকে গভীরভাবে প্রবেশ করো;
তবেই দর্শন পাবে
সেই পরম জ্ঞানতত্ত্বের স্বরূপপ্রকাশ।
02.
প্রেমতরীর আশ্রয়
কে বর্ণনা করতে পারে সেই বিশ্বজগতের আদি উৎসের মহিমা,
যাঁর সৃষ্টির পরিসরে ধারণ করা রয়েছে
এই দৃশ্যমান জগৎ, অধোলোক
এবং ঊর্ধ্বজগতের অসংখ্য নক্ষত্রপুঞ্জ ও গ্যালাক্সির সমাবেশ?
যাঁর জ্যোতির্ময় দীপ্তি, উজ্জ্বল মণিরাজির মতো,
সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে আলোকিত করে রেখেছে,
কোন কবি তাঁর সেই বিচিত্র তাজাল্লি ও
সৃষ্টির প্রকাশধারার নিগূঢ় বিন্যাস
সম্যক উপলব্ধি করতে পারে?
কে-ই বা অনুসরণ করতে পারে
তাঁর সেই অনন্ত প্রকাশলীলার রহস্যময় ছন্দ?
সেই পরম করুণাময় প্রভুই
আমার প্রতি আপন রহমত ও করুণার বর্ষণ করেছেন;
তাঁরই কৃপায় আমি অবলোকন করতে পেরেছি
তাঁর সমুদয় প্রকাশের মহিমা ও জ্যোতির্ময় বিভা।
সেই সীমাহীন আদিসত্তার
অনন্ত প্রেমলীলার পূর্ণাঙ্গ রূপ
আমি স্বচক্ষে অবলোকন করেছি।
এ এক অগম্য, অনির্বচনীয়
ও অতলান্ত ঐশী বিস্ময়!
যার গভীরতা ও ব্যাপ্তির কোনো কূলকিনারা নেই।
কোন কবির সাধ্য আছে
তার যথার্থ স্বরূপ বর্ণনা করার?
কোন ভাষারই বা এমন সামর্থ্য রয়েছে,
যা সেই পরম বিস্ময়ের মহিমাকে
শব্দের পরিসরে ধারণ করতে পারে?
তোমার কোনো দুশ্চিন্তার কারণ নেই,
হে সাধক, সকল উৎকণ্ঠা ও ভাবনার ভার
অন্তর থেকে বিসর্জন দিয়ে
প্রিয়তম পরম সত্তার প্রেমে মগ্ন হয়ে থাকো।
তাঁরই কৃপায় তুমি সংসার-সাগরের
দুর্লঙ্ঘ্য তরঙ্গরাশি অতিক্রম করে
পরপারের কূলে উপনীত হবে,
যদি এই ভবসাগরে ভেসে চলা
তাঁর প্রেমতরির আশ্রয় গ্রহণ করতে পারো।
কোনো তাবিজ-কবচ, মন্ত্র-তন্ত্র,
যোগসাধনা কিংবা বাহ্যিক জপ-তপে
প্রকৃত মুক্তির পথ মেলে না।
একমাত্র তিনিই সেই সাধনপদ্ধতির সন্ধান দেন,
যার দ্বারা পাপরাশি বিনষ্ট হয়
এবং অন্তঃকরণের গভীরে সঞ্চিত
সমস্ত রিপু, কলুষ ও কদ্প্রবৃত্তি
নির্মূল হয়ে যায়।
নিজ হৃদয়ের গভীরে দৃষ্টিপাত করো,
অন্তর্দৃষ্টির আলোয় নিজেকে অবলোকন করো
এবং সেই সত্যের স্বরূপ নিয়ে ভাবনায় নিমগ্ন হও।
দরিয়া বলেন—
তখন তুমি সকল অমঙ্গল ও ব্যাধির বন্ধন থেকে
মুক্তি লাভ করবে,
যদি সদ্গুরুর প্রদীপের নূর দিয়ে
নামের শিখাটি প্রজ্বলিত করতে পারো।
03.
প্রেম ও ভক্তির মহিমা
প্রেম ব্যতীত ভক্তি ও প্রজ্ঞার উদয় হয় না।
অন্তরে প্রেমের সঞ্চার ঘটলে
সদ্গুরুর কৃপায় এ দুয়েরই উপলব্ধি লাভ করা যায়।
প্রেম যখন ক্রমে গভীর ও নিবিড় হয়ে ওঠে,
তখন সাধক পরম সত্যের অনাহত নাদের সংস্পর্শ লাভ করে;
আর জলের বুকে প্রস্ফুটিত পদ্মের মতো
সেই নাদের প্রশান্তি ও পরম আনন্দে স্থিত হয়।
যখন প্রেম ও প্রীতির শিকড় অন্তরে সুদৃঢ়ভাবে প্রোথিত হয়,
তখন সাধক নামের অমৃতরস লাভ করে
এবং তার অনির্বচনীয় আনন্দ আস্বাদন করে।
প্রেম ও প্রীতিতে অবিচল থেকে,
ভক্তির রসে পরিপূর্ণভাবে সিক্ত হয়ে
মানুষ যথার্থ প্রেমের সন্ধান লাভ করে।
হে জ্ঞানীজন,
সদ্গুরুর শ্রীচরণপদ্মে প্রেম নিবেদন করো।
মানবজীবন অতি স্বল্পস্থায়ী।
অকারণে দীর্ঘ তর্ক-বিতর্কে সময় ক্ষয় করো না।
অন্তরে প্রেম ও প্রজ্ঞার উদয় হলে
মানুষ সংসারের মাঝে থেকেও অনাসক্তভাবে বিচরণ করে।
যে সদ্গুরুর সন্ধান লাভ করে,
দরিয়া বলেন, সে-ই মুক্তির পথের যথার্থ পরিচয় লাভ করে।
যতক্ষণ প্রেমিক প্রেমের গভীরে নিমগ্ন না হয়,
ততক্ষণ তার পাপ ও কুচিন্তার কালিমা ধুয়ে যায় না।
যার চিত্ত অন্তরাকাশে নিবিষ্ট হয়নি,
সে কীভাবে অন্তর্জগতের বিস্ময়কর দৃশ্যাবলি অবলোকন করবে?
যতক্ষণ প্রিয়তমের জন্য
তীব্র বিরহব্যাকুলতা জাগ্রত না হয়,
যতক্ষণ হৃদয় প্রেমে পরিপূর্ণ হয়ে না ওঠে,
ততক্ষণ আধ্যাত্মিক সাধনার পরম লক্ষ্য অর্জিত হয় না—
কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠান,
ব্রত, উপবাস ও বিধিবিধান পালনের দ্বারা নয়।
মানুষ যত বিপুল পরিমাণ দান-খয়রাত করুক,
যত পুণ্যকর্মই সম্পাদন করুক না কেন,
ভক্তি ব্যতীত কোথাও তার সত্যিকার আশ্রয় মেলে না।
প্রেম ও ভক্তির প্রতি অটল বিশ্বাস স্থাপন করো।
প্রেমই আধ্যাত্মিক সত্যের সারতত্ত্ব।
সাধু-সন্তদের এই বাণী অন্তরে ধারণ করে
তার মর্ম নিয়ে গভীরভাবে চিন্তা করো।
একমাত্র এই প্রেমের পথেই
মানুষ ভবসাগরের বন্ধন থেকে পরিত্রাণ লাভ করে।
প্রেমহীন মানুষ যমের অধীন লোকের পথে ধাবিত হয়,
আর প্রেমে বিভূষিত সাধক লাভ করে অমরত্বের ফল।
ধন্য সেই নয়ন,
যে নয়ন প্রেমের রসে সিক্ত।
প্রেমহীন চোখ নুড়ি কিংবা পাথরের মতো নিষ্প্রাণ।
যেমন উদ্যানহীন মালী,
তেমনি প্রেমহীন নয়নও শূন্য ও সৌন্দর্যহীন।
প্রেমহীন মানুষের অবস্থাই বা কেমন?
সে যেন এমন এক হতভাগ্য,
যার সামনে সকল সুস্বাদু আহার থেকেও বঞ্চিত করা হয়েছে,
আর যার মুখ কেবল ধূলিকণায় পরিপূর্ণ।
প্রেম ব্যতীত অন্তরের শব্দধারার প্রবাহের সন্ধান মেলে না।
কিন্তু যখন হৃদয়ে প্রেমের কুসুম প্রস্ফুটিত হয়,
তখন তার সৌরভে চারদিক মুখরিত হয়ে ওঠে
এবং সকলেই তার মহিমা কীর্তন করে।
এই জগতে মুক্তির বহু পথ প্রচলিত রয়েছে।
কিন্তু যথার্থ প্রজ্ঞা ও বিবেচনাবোধ অর্জন করে
নিজের মুক্তির সাধনায় আত্মনিয়োগ করো।
যে প্রজ্ঞাবান ও বিচারবুদ্ধিসম্পন্ন সাধু-সন্তের সান্নিধ্য লাভ করে,
সে-ই মুক্তির পথ চিনে নিতে পারে।
প্রেমের সাধনকৌশলই প্রকৃতপক্ষে
আধ্যাত্মিকতার মূল ভিত্তি।
সদ্গুরু যে প্রেমসাধনার উপায় শিক্ষা দেন,
তা নিষ্ঠার সঙ্গে অনুসরণ করো।
তাঁর কৃপায় যখন অন্তরের প্রদীপ প্রজ্বলিত হয়,
তখন সর্বসত্তার আশ্রয় সেই সত্যনাম
আপন মহিমায় দৃষ্টিগোচর হয়।
যেমন পদ্ম জলের মধ্যে অবস্থান করে,
কিন্তু কেবল জলের স্পর্শেই তার পাপড়ি প্রস্ফুটিত হয় না।
সূর্যের আলোক উদ্ভাসিত হলেই
পদ্ম তার পাপড়িগুলো মেলে ধরে;
তেমনি অন্তর্দৃষ্টিও যথার্থ আলোর সংস্পর্শে
দর্শনের জন্য উন্মীলিত হয়।
আধ্যাত্মিক পদ্মও তেমনি
মানবদেহরূপ সরোবরের মধ্যে বিরাজ করে।
যে জল তাকে সজীব ও সঞ্জীবিত রাখে,
তা পদ্মের অতি নিকটেই অবস্থান করে।
কিন্তু সদ্গুরুর প্রতি প্রেমের উদয় না হওয়া পর্যন্ত
অন্তরের সেই পদ্ম প্রস্ফুটিত হয় না।
আর যখন তা প্রস্ফুটিত হয়,
তখনই মানুষ প্রভুর পবিত্র চরণে
একনিষ্ঠ ভক্তরূপে আত্মনিবেদন করে।
প্রেম ব্যতীত কোনো আধ্যাত্মিক পথ নেই।
প্রেমের মধ্যেই সেই পথের অস্তিত্ব,
প্রেমের মধ্যেই তার প্রাণ।
প্রেম যখন ক্রমে গভীর ও নিবিড় হয়ে ওঠে,
তখন সাধক পরম সত্যের অনাহত নাদের সংস্পর্শ লাভ করে;
আর জলের বুকে প্রস্ফুটিত পদ্মের মতো
সেই নাদের প্রশান্তি ও পরম আনন্দে স্থিত হয়।
যখন প্রেম ও প্রীতির শিকড় অন্তরে সুদৃঢ়ভাবে প্রোথিত হয়,
তখন সাধক নামের অমৃতরস লাভ করে
এবং তার অনির্বচনীয় আনন্দ আস্বাদন করে।
প্রেম ও প্রীতিতে অবিচল থেকে,
ভক্তির রসে পরিপূর্ণভাবে সিক্ত হয়ে
মানুষ যথার্থ প্রেমের সন্ধান লাভ করে।
প্রেম ব্যতীত অন্তরের শব্দধারার প্রবাহের সন্ধান মেলে না।
কিন্তু যখন হৃদয়ে প্রেমের কুসুম প্রস্ফুটিত হয়,
তখন তার সৌরভে চারদিক মুখরিত হয়ে ওঠে
এবং সকলেই তার মহিমা কীর্তন করে।
