অনুবাদ : লাবিব মাহফুজ চিশতী
দিয়োনিসিয়ুস দ্য অ্যারিওপাগাইট খ্রিষ্টীয় মরমিবাদ ও আধ্যাত্মিক দর্শনের ইতিহাসে এক অনন্য নাম। প্রাচীন খ্রিষ্টীয় ঐতিহ্যে তাঁকে এথেন্সের বিচারসভা অ্যারিওপাগাসের সদস্য এবং প্রেরিত পৌলের শিষ্য হিসেবে পরিচিত করা হয়। তবে আধুনিক গবেষণায় প্রতিষ্ঠিত হয়েছে, তাঁর নামে প্রচলিত গ্রন্থগুলোর প্রকৃত রচয়িতা ছিলেন পঞ্চম শতকের শেষভাগ অথবা ষষ্ঠ শতকের শুরুর দিকের এক অজ্ঞাতনামা খ্রিষ্টীয় দার্শনিক, যিনি ছদ্মনাম গ্রহণ করেছিলেন। তাঁকে তাই সিউডো-দিয়োনিসিয়ুস নামেও অভিহিত করা হয়।
তাঁর দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পরম সত্তার অনির্বচনীয় রহস্য। তাঁর মতে, ঈশ্বর সকল নাম, রূপ, জ্ঞান ও ধারণার ঊর্ধ্বে। তাঁকে কেবল গুণাবলি বর্ণনা করে জানা যায় না; বরং সকল ধারণা ও মানসিক সীমা অতিক্রম করে এক নিগূঢ় নীরবতার মধ্যে তাঁর সান্নিধ্য উপলব্ধি করতে হয়। এই সাধনদর্শন অপোফ্যাটিক থিওলজি বা নেতিবাচক ধর্মতত্ত্ব নামে পরিচিত।
তাঁর প্রধান রচনাগুলোর মধ্যে The Divine Names, Mystical Theology, Celestial Hierarchy এবং Ecclesiastical Hierarchy বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর চিন্তায় প্লেটোনিক দর্শন ও খ্রিষ্টীয় আধ্যাত্মিকতার এক গভীর সমন্বয় ঘটেছে।
তাঁর মরমি দর্শনের মূল আহ্বান—আলোকে অতিক্রম করে সেই পরম অন্ধকারে প্রবেশ করা, যেখানে জ্ঞান থেমে যায়, ভাষা নীরব হয়, আর আত্মা অনির্বচনীয় সত্যের সান্নিধ্যে উপনীত হয়।
আপন খবরেরে এবারের আয়োজনে থাকছে দিয়োনিসিয়ুস দ্য অ্যারিওপাগাইট এর কবিতা “আলোরও ঊর্ধ্বে আমাদের নিয়ে চলো” এর অনুবাদ। অনুবাদ করেছেন লাবিব মাহফুজ চিশতী।
আলোরও ঊর্ধ্বে আমাদের নিয়ে চলো
আমাদের নিয়ে চলো আলোরও ঊর্ধ্বে,
জ্ঞান ও অজ্ঞানেরও অতীত সীমায়,
সত্যের সর্বোচ্চ শিখরে—
যেখানে মহারহস্যগুলো
নিহিত রয়েছে গভীর গোপন আবরণে,
অপরিবর্তনীয় ও পরম সত্তারূপে,
নিগূঢ় নীরবতার
বিস্ময়কর অন্ধকারের অন্তরালে।
সেই রহস্যের ছায়ার তীব্র দীপ্তির কাছে
সমস্ত আলোই ম্লান হয়ে যায়,
আলোকের সকল প্রকাশ হার মানে
তার অতল গূঢ়তার কাছে।
ইন্দ্রিয়সমূহ সেখানে প্লাবিত হয়ে যায়,
মন হারিয়ে ফেলে তার দেখার ক্ষমতা—
এমন এক অদৃশ্য সৌন্দর্যের সম্মুখে,
যা সকল সৌন্দর্যেরও অতীত,
যা রূপের সীমা ছাড়িয়ে
পরম সৌন্দর্যের অনির্বচনীয় মহিমায় বিরাজমান।
