অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী
আমেরিকান কবি, প্রাবন্ধিক, দার্শনিক ও রালফ ওয়াল্ডো এমারসন ১৮০৩ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন উনিশ শতকের আমেরিকান নবজাগরণের অন্যতম প্রধান চিন্তক এবং Transcendentalism বা অতীন্দ্রিয়বাদী দর্শনের অগ্রগণ্য প্রবক্তা। হার্ভার্ডে শিক্ষা সমাপ্ত করে তিনি ইউনিটারিয়ান খ্রিষ্টীয় যাজক হিসেবে কর্মজীবন শুরু করেন। কিন্তু প্রচলিত ধর্মীয় আচার ও মতবাদের সঙ্গে আত্মিক উপলব্ধির বিরোধ দেখা দেওয়ায় ১৮৩২ সালে যাজকত্ব ত্যাগ করেন। পরবর্তী সময়ে বক্তৃতা, কবিতা ও প্রবন্ধ রচনাকেই জীবনের প্রধান কর্মে পরিণত করেন।
এমারসনের সাধনা ছিল মূলত আত্মঅনুসন্ধান, প্রকৃতির অন্তর্নিহিত ঐশ্বর্য উপলব্ধি এবং মানুষের অন্তরে বিরাজমান পরম সত্তার সন্ধান। তাঁর দর্শনে প্রকৃতি কেবল দৃশ্যমান জগৎ নয়; বরং তা এক অনন্ত আত্মিক সত্যের প্রকাশক্ষেত্র। তাঁর Over-Soul ধারণায় সমগ্র মানবাত্মা এক মহত্তর সর্বজনীন আত্মার সঙ্গে সংযুক্ত। তিনি বিশ্বাস করতেন, সত্য উপলব্ধির জন্য কেবল ধর্মগ্রন্থ, প্রতিষ্ঠান কিংবা বাহ্যিক কর্তৃত্বের ওপর নির্ভর না করে মানুষের অন্তর্দৃষ্টি ও আত্মবিশ্বাসের জাগরণ প্রয়োজন।
তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে Nature, Self-Reliance, The Over-Soul, The American Scholar, Essays এবং Representative Men। ভারতীয় উপনিষদীয় চিন্তা, প্রাচ্য দর্শন, প্লোটিনাসের নব্য-প্লেটোনিক ভাবধারা এবং ইউরোপীয় রোমান্টিক দর্শন তাঁর চিন্তাজগৎকে সমৃদ্ধ করেছিল। ১৮৮২ সালের ২৭ এপ্রিল কনকর্ডে তাঁর জীবনাবসান ঘটে। তাঁর চিন্তাধারা পরবর্তী সময়ে হেনরি ডেভিড থোরো, ওয়াল্ট হুইটম্যানসহ বহু কবি ও দার্শনিককে গভীরভাবে প্রভাবিত করে।
ব্রহ্ম
যদি রক্তিম ঘাতক মনে করে, সে হত্যা করেছে,
অথবা নিহত ব্যক্তি ভাবে, সে নিহত হয়েছে,
তবে তারা জানে না আমার সূক্ষ্ম লীলার পথ—
যে পথে আমি থাকি, অতিক্রম করি, আবার ফিরে আসি।
আমার কাছে দূরও নিকট, বিস্মৃতিও সন্নিকট;
ছায়া ও সূর্যালোক আমার কাছে অভিন্ন।
পরাজিত দেবতারাও আমার সামনে প্রতিভাত হয়;
আমার কাছে লজ্জা ও গৌরব একই সত্তা।
যারা আমাকে বাদ দিয়ে হিসাব কষে, তারা ভুল করে;
কারণ তারা যখন আমার কাছ থেকে পালায়, আমিই তাদের পাখা।
আমিই সংশয়কারী, আমিই সংশয়;
আর ব্রাহ্মণ যে স্তবগান গায়, আমিই সেই স্তবগান।
শক্তিশালী দেবতারাও আমার আবাসের জন্য আকুল;
পবিত্র সপ্তর্ষিরাও আকুল হয়, কিন্তু বৃথাই।
কিন্তু হে কল্যাণপ্রেমী বিনম্র সাধক!
আমাকে খুঁজে নাও, আর স্বর্গের দিক থেকে মুখ ফিরিয়ে নাও।
