মনসুর আল-হাল্লাজ (Mansur al-Hallaj, আনুমানিক 858–922 খ্রিষ্টাব্দ) ছিলেন নবম-দশম শতকের অন্যতম প্রভাবশালী পারস্যীয় সুফি সাধক, মরমি কবি ও আধ্যাত্মিক চিন্তাবিদ। তাঁর জন্ম আনুমানিক ৮৫৮ খ্রিষ্টাব্দে পারস্যের ফার্স অঞ্চলে, তূর নামক স্থানে।
শৈশব থেকেই তিনি ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেন। জুনাইদ বাগদাদি, সাহল আল-তুস্তারি ও আমর আল-মাক্কির মতো সুফি সাধকদের সংস্পর্শে তাঁর সাধনজীবন বিকশিত হয়। তিনি প্রেম, ফানা, আত্মবিলোপ এবং স্রষ্টার সঙ্গে আত্মার গভীর সম্পর্ক নিয়ে অনন্য মরমি দর্শন প্রকাশ করেন।
তাঁর বিখ্যাত উক্তি “আনা আল-হক” (আমি পরম সত্য)—সুফি ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত আধ্যাত্মিক ঘোষণা। তাঁর বক্তব্যের অন্তর্নিহিত অর্থ নিয়ে পরবর্তী সুফি ও ধর্মতাত্ত্বিকদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে।
ঐশী প্রেম ও আত্মবিলোপের সাধনায় নিবেদিত এই মরমি সাধক ৯২২ খ্রিষ্টাব্দে বাগদাদে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। তাঁর জীবন ও মৃত্যু সুফি ইতিহাসে সত্যসন্ধান, প্রেম ও আত্মত্যাগের এক গভীর প্রতীক হয়ে আছে।
1. আমি সেই সত্ত্বা
আমি-ই সেই সত্তা, যাকে আমি ভালোবাসি;
আর যাকে আমি ভালোবাসি, সে-ই আমি।
আমরা দুই আত্মা,
এক দেহে ধারণ করেছি অবয়ব।
তুমি যদি আমাকে দেখো,
তবে তাঁকেই দেখবে;
আর যদি তাঁকে দেখো,
তবে আমাদের উভয়কেই দেখবে।
2. হৃদয়ের নয়ন
আমার হৃদয়ের নয়ন দিয়ে
আমি আমার স্রষ্টাকে প্রত্যক্ষ করেছি।
আমি জিজ্ঞেস করলাম,
‘তুমি কে?’
তিনি উত্তর দিলেন,
‘তুমি!’
তোমার ক্ষেত্রে প্রশ্ন করা চলে না—
‘তুমি কোথায়?’
কারণ, তোমার জন্য ‘কোথায়’—
সেই ‘কোথায়’ই বা কোথায়?
তুমি কল্পনার সীমায় ধরা দাও না,
নতুবা আমরা জেনে যেতাম—
তুমি কোথায় অবস্থান করো।
তুমিই সেই সত্তা,
যিনি সর্বত্র বিরাজমান,
অথচ কোথাও নও।
তবে তুমি কোথায়?
আমার ফানার মধ্যেই
আমার ফানারও ফানা ঘটে;
আর আমার সেই ফানার গভীরেই
তোমার সন্ধান মেলে।
3. তোমার আত্মা মিশে আছে আমার আত্মার সঙ্গে
তোমার আত্মা মিশে আছে আমার আত্মার সঙ্গে,
যেমন সুরা মিশে যায় জলের সঙ্গে;
যা কিছু তোমাকে স্পর্শ করে,
তা-ই স্পর্শ করে আমাকেও।
আত্মার সকল মাকামে,
তুমিই আমি।
4. হে আমার বিশ্বস্ত বন্ধুগণ, আমাকে হত্যা করো
হে আমার বিশ্বস্ত বন্ধুগণ, আমাকে হত্যা করো,
কারণ আমার নিহত হওয়ার মধ্যেই নিহিত রয়েছে আমার জীবন।
প্রেম হলো—
যখন তোমার সমস্ত গুণাবলি ও বৈশিষ্ট্য
তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়,
তবুও তুমি তোমার প্রিয়তমের সম্মুখে
অবিচল দাঁড়িয়ে থাকো;
তখন তাঁর গুণাবলিই
তোমার গুণাবলিতে পরিণত হয়।
আমার ও তোমার মাঝে
কেবল আমিই অন্তরায় হয়ে আছি।
আমিত্বকে সরিয়ে দাও,
যাতে কেবল তুমিই অবশিষ্ট থাকো।
5. স্তব্ধতা
প্রথমে স্তব্ধতা, তারপর নীরবতা, তারপর বিক্ষিপ্ত কথন;
তারপর জ্ঞান, আত্মবিস্মৃত মত্ততা, আত্মবিলোপ।
প্রথমে মাটি, তারপর আগুন, তারপর আলো।
প্রথমে শীতলতা, তারপর ছায়া, তারপর সূর্যালোক।
প্রথমে কণ্টকাকীর্ণ পথ, তারপর সরু পথ, তারপর অরণ্যপ্রান্তর।
প্রথমে নদী, তারপর মহাসমুদ্র, তারপর তীরভূমি।
প্রথমে তৃপ্তি, তারপর আকাঙ্ক্ষা, তারপর প্রেম।
নিকটতা, মিলন, অন্তরঙ্গতা।
প্রথমে রুদ্ধ হওয়া, তারপর উন্মোচন, তারপর সম্পূর্ণ বিলোপ;
বিচ্ছেদ, একাত্মতা, তারপর বিরহাকুল আকুলতা।
এ সকলই নিদর্শন তাদের জন্য,
যাদের রয়েছে প্রকৃত অন্তর্দৃষ্টি—
যারা এই জগৎকে
অতি তুচ্ছ মূল্য বলে গণ্য করে।
