আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

আপন খবর – ১৪তম সংখ্যা, জানুয়ারী ২০২৪

মুক্তিচেতনা ও আত্মোপলব্ধির মাসিক আপন খবর, ১৪তম সংখ্যা, জানুয়ারি ২০২৪ খ্রি.
এশকে মাওলা চিশতীয়া দরবার শরীফ হতে প্রকাশিত ও লাবিব মাহফুজ চিশতী কর্তৃক সম্পাদিত

প্রবন্ধ – শানে আহলে বাইয়্যেত (আ.)

লেখক – হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী

আসমানী কালাম আরবী ভাষা আর মহানবীর (আরব জাতির) ভাষাকে বলে আরবী ভাষা – এ দু‘য়ের প্রভেদ অভেদ জানা দরকার। কারণ, অন্যান্য ভাষায়ও আল্লাহর কালাম নাযিল হয়েছে; কিন্তু সব ভাষার মূলে আরবী ভাষা – মানুষের বাকশক্তিতে এসে হয়েছে যার যার ভাষা। ঘটনাক্রমে রাছুলুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের দেশ সৌদি আরব বিধায় তাঁর ভাষা আরবী আর আল্লাহর ভাষা আরবী একই নামে পরিচিত হলেও দুই ভাষার মধ্যে আসমান – জমিন প্রভেদ রয়েছে। একটি শাশ্বত কালের / কদিম ভাষা; অপরটি ধ্বংসশীল ভাষা। একটি আপেক্ষিক সত্য অপরটি চিরসত্য, দুই ভাষার সম্মিলন হয়েছে সত্য মানুষ মুহাম্মদের মধ্যে এসে। একটি মানব রচিত, অপরটি খোদার নূরের অক্ষরাতীত ভাষা।

জানা দরকার ঐ কিতাব সত্য – গুপ্ত গ্রন্থ (কিতাবুন মাকনুন – সুরা জারিয়াত)। আলিফ – লাম – মীম। জালিকাল কিতাব তথা ঐ কিতাব সত্য। ঐ কিতাব কি ? ঐ কিতাব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালাম। এ মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামই হলেন “লা রাইবা ফি” এবং “হুদাল্লিল মুত্তাকিন”- ইহাই কালামের মূল বক্তব্য এবং উদ্দেশ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামকে ১০০% সত্য না জানলে আল্লাহর কালামকে সত্য বলে জানা হলো না, মানা হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের জবান আল্লাহরই জবান (সুরা নজম-৩), মুহাম্মদের হাত আল্লাহরই হাত (সুরা ফাত্তাহ-১০), মুহাম্মদের চোখ আল্লাহর চোখ, হযরত মুহাম্মদ কে ভালোবাসলে আল্লাহ কে ভালোবাসা হয় এবং জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় (সুরা ইমরান-৩১), মুহাম্মদ এর কানই আল্লাহর কান তথা মুহাম্মদের কর্মই আল্লাহর কর্ম তথা আল্লাহর ফেল। মুহাম্মদ রাছুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের মাধ্যমে ক্রিয়াশীল হচ্ছে। (সুরা আন ফাল-১৭)।

মুহাম্মদী গৃহের ভিত্তি হলো আহলে বাইয়্যেত – যার মাধ্যমে আল্লাহর নূর ক্রিয়াশীল হচ্ছে। ঐ নূরের প্রতীক দুনিয়ার মানুষ আলী, ফাতেমা, হাসান ও হুসাইন আলাইহিমুস্ সালাম – যাদের মাধ্যমে আসমানী গুণ/আল্লাহর কালাম নাযিল/উদয় হচ্ছে। কিন্তু মুহাম্মদকে আল্লাহ বলা যায় না, আল্লাহকেও মুহাম্মদ বলা যায় না – কিন্তু আল্লাহ – মুহাম্মদ এক নূর। তারপরও এ দু’য়ের প্রভেদ অভেদের গোপন রহস্যটি গুরুর নিকট জেনে নেওয়াই ভালো। তাই বলা হচ্ছে, “ইন্নাহু লা কাওলু রাছুলিন কারিম।” অর্থাৎ নিশ্চয়ই ইহা সম্মানিত রাছুলের কালাম। সুতরাং “ওয়ামা আরসালনাকা লিলনাছে রাছুলান ওয়া কাফা বিল্লাহি সাহিদান মাইয়িতির রাছুলা ফাকাদ আতাল্লাহ (সুরা নেছা-৭৯-৮০)।” অর্থাৎ এবং তোমাকে মানুষদের নিকট পাঠিয়েছি রাছুলরূপে। আল্লাহই যথেষ্ট সাক্ষী। যে রাছুলের আনুগত্য করছে সেতো আল্লাহরই আনুগত্য করছে।

কোরানে রাছুলের আনুগত্যকেই আল্লাহর আনুগত্য বলে তুলে ধরা হয়েছে এবং আল্লাহর কালাম আর রাছুলের কালাম অভেদ ঘোষণা করা হয়েছে। কারণ, আল্লাহ – রাছুল – মুহাম্মদ ঐক্যতায় স্থিত/তাওহিদে অবস্থান করে অহেদাল অজুদ ধারণ করে আছে। আল্লাহর ওয়াজেবুল অজুদ মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের মধ্যে এসে নুরুন আলা নুর হয়েছে, ঐক্যতায় কায়েম আছে – এ মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামই সত্য কিতাব। আল্লাহর মতলেক কালামের প্রকাশক নাতেক কোরান মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালাম। তাহলে সত্য কিতাব বলতে ‘আলিফ-লাম-মীমকে’ বুঝানো হয়েছে – যার সমুজ্জ্বল অর্থ/ভেদ – রমুজাত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালাম। “লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন।” অর্থাৎ নাই কোনো সন্দেহ ইহার মধ্যে, মুত্তাকিদের (হুঁশ – আক্কেল – বিবেকবানদের জন্য) পথপ্রদর্শক / হেদায়েত। সত্য মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের মাধ্যমেই আল্লাহর হেদায়েত বাণী পতিত মানুষের নিকট বা পথভ্রষ্ট মানুষের নিকট পৌঁছে যাচ্ছে।

আল্লাহর ঐ কালাম শ্রবণে যারা হাবিবে খোদা মুহাম্মদ রাছুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের নিকট ঈমান (আল্লাহ মুমিন, মুহাম্মদ মুমিন, আলী মুমিন, আলীওয়ালাগণ মুমিন এবং মুহাম্মদ নিজেই হলেন ঈমান। যুগে যুগে ঈমান রূপ-শেকেল নিয়ে প্রবাহিত হচ্ছে সৎ মানুষ/প্রেরিত পুরুষ রূপে।) এনেছে তারা বাস্তবেই মুক্তি লাভ করছে। এ মুহাম্মদ হলেন রাছুল মুহাম্মদ। বুঝা দরকার আল্লাহকে বা মুহাম্মদকে না দেখে ঈমান আনা যায় না এবং ঈমান আনার জন্য আল্লাহর অনুমতি লাগবে (সুরা ইফসুফ-১০০)। যেখানে রাছুল মুহাম্মদ সেখানেই আল্লাহ। সুতরাং হাবিবে খোদার প্রতি ঈমান আনলেই/বায়াত হলেই আল্লাহর অনুমতি/সম্মতি নেয়া হলো (সুরা ফাত্তাহ-১০)। আল্লাহ হলেন নূর, বেমেছাল ঐ নূর যখন প্রকাশ হয় তখন হয় মুহাম্মদ। নিজের সাথে আহলে বাইয়্যেতকে চিনলে ঈমান ও আমলের সব ভেদই জানা যায়। এ মুহাম্মদই হলেন ‘ইয়াসিন’-যেখানে আল্লাহর সমস্ত নামে মোজহার বা সমষ্টিরূপ। এবং এখানেই আল্লাহর আরশ-কুরশী-লওহ-কলম সহ সামিউন, বাসিরুন, কালিমুন সেফাতসমূহ ক্রিয়াশীল। প্রয়োগহীন নূর প্রয়োগে এসেছে এবং এখান থেকেই সৃষ্টি আরম্ভ। কোরানের মুহকামাত যারা বুঝে তারা ইহাও জানে যে, মুহাম্মদ হতে আলী, ফাতেমা, হাসান ও হুসাইন এবং কোরান নবীর আহলে বাইয়্যেতের সাথে অবিচ্ছিন্ন রয়েছে – ইহা শাশ্বতকালের কথা। আরব দেশের ভাষায় লিখিত কাগজের কোরান পড়া আর কোরানের জ্ঞান লাভ করা এক জিনিস নয়।

যিনি জিন্দা কোরান/কোরানের হাফেজ (মুখস্থকারী নয় – হেফাজতকারী) তার নিকট ইলমে এলাহীর ভেদ রয়েছে, রয়েছে ধ্বংসশীল হরফের ভিতরে কদিম কোরান লুক্বায়িত সেই ভেদ-রহস্য, যা জানা হলে হক্কানী আলেম (গুরু/মুর্শিদ) হবে, হবে ওলীআল্লাহ। ওলীর পরিচয়ে আল্লাহপাক আছেন বিধায় বলা হয় ওলীআল্লাহ, আল্লাহ ওলী বলা হয় না। শাস্ত্রকানা পন্ডিতের দল এর ভেদ-রমুজাত না বুঝেই আবোল তাবোল বকবক করতে শুরু করে/করছে।

রাছুলপাক সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালাম বলছেন, “আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী, ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা, হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান, হুসাইন মিন্নি ওয়া মিনাল হুসাইন (মেশকাত)।” অর্থাৎ আলী আমা হতে এবং আমি আলী হতে, ফাতেমা আমা হতে এবং আমি ফাতেমা হতে, হাসান আমা হতে এবং আমি হাসান হতে, এবং হুসাইন আমা হতে এবং আমি হুসাইন হতে। এর মানে আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন এক মুহাম্মদের মধ্যে ঐক্যতায় স্থিত এবং আহলে বাইয়্যেত হতে মুহাম্মদী গুণ প্রকাশিত হচ্ছে।

যারা আহলে বাইয়্যেতের শত্রু, তাদের উপর নির্যাতন করছে, তাদেরকে ঘৃণা করে, তাদের হক হরণ করছে তারা মুনাফেক, জাহান্নামী ; আল্লাহ ও তাঁর রাছুলের শত্রু। বুঝতে হবে নূর যখন আকারে আসে তখন হয় মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন – এক নূরের প্রবাহিত রূপ। গায়ের কালো চাদর/কম্বল/দেহ – আত্মার জগতে যে জ্যোতির্ময় রূপরাশি বাইরে তেমনি দীপ্ত রূপের মূর্ত প্রতীক তথা নূর প্রতীকে আছেন আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, হাবিবে খোদা মুহাম্মদ রাছুলের নবুয়তের ফসল হলো তাঁর আহলে বাইয়্যেত। “জানা দরকার যখন আল্লাহর নূর জহুরে আসে তখন তাকে আল্লাহ বলা যায় না, বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালাম।” মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের অদৃশ্য অবস্থাটি শুধু নূর – যাকে আল্লাহ বলা হয়। আল্লাহ আদম মুহাম্মদ এক নূর কিন্তু এক নয়। মুহাম্মদ কারো নাম নয়, সৃষ্টির সর্বোচ্চ প্রশংসিত একটি স্তরের নাম । যিনি ঐ স্তরে পৌঁছেন তিনিই মুহাম্মদ। সুরা ফাত্তাহ-এর ১০ নম্বর আয়াতে বলা হচ্ছে, “ইন্নাল্াযিনা ইউবাইউনাকা ইন্নামা ইইবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহীম। অর্থাৎ নিশ্চয়ই যারা আপনার নিকট বায়াত গ্রহণ করছে তারা আল্লাহর হাতেই বায়াত গ্রহন করেছে, আমার হাত তাদের হাতের উপর। নবুয়তে আম্বিয়ায়ে কেরামের হাতে আর বেলায়েতে ওলীয়ম মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা ওয়াজিব।

মানব গুরুর হাতই আল্লাহর হাত এ বিশ্বাস রাখাই একজন ঈমানদারের বায়াতের শর্ত। এ বায়াত ভঙ্গকারী জাহান্নামী (সুরা ফাত্তাহ-১০)। বাহিরে মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের হাত হাকিকতে আল্লাহর হাত। চর্ম চক্ষে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের হাত, রাজে মুখফিতে তাকিয়ে দেখ, না না, ঐ হাত আল্লাহর হাত, ঐ চোখ আল্লাহর চোখ, ঐ কর্ণ আল্লাহর কর্ণ। মূলতঃ মুহাম্মদ রাছুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের সর্বাঙ্গের কর্তা আল্লাহ নিজেই, প্রভেদ নয় অভেদ হয়েই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের নিকট বায়াত মানে আল্লাহর হাতেই বায়াত হয়েছে। এ হাতের উপর ঐ আল্লাহর হাতই প্রকাশ পেয়েছে। এ হাত আর ঐ হাত অভেদ হয়েই ঐক্যতায় কায়েম আছে, ইহাই কোরানের মূল ভাষ্য। কারণ, কোরানের মুহকামাত হলো মানুষ-এ কথা না বুঝলে সবই ভন্ডুল হয়ে যাবে। অন্ধরা তা দেখে না, অন্ধত্বের কারণে ওরা শেরেক মনে করছে, গাইরুল্লাহ মনে করছে। মুহাম্মদকে গাইরুল্লাহ মনে করে কালেমা পড়লে জাহান্নামী হবে। মুহাম্মদ অবশ্যই গাইরুল্লাহ নয়, বরং নুরুল্লাহ, নফস্সুল্লাহ, হিজবুল্লাহ, আইনুল্লাহ, কালিমুল্লাহ।

সুতরাং যারা মুহাম্মদকে গাইরুল্লাহ মনে করে ওরা নিজেরাই আকন্ঠ শিরকের মধ্যেই ডুবে আছে সেই হুঁশ-আক্কেল নেই। তাবুক যুদ্ধে হয়েছিল মুসলমানদের সাথে, সে যুদ্ধে রাছুলপাক সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালাম কাফেরদের লক্ষ্য করে ধূলি নিক্ষেপ করলেন। তাতে তাদের মধ্যে কেউ অন্ধ, কেউ পঙ্গু হয়ে গিয়েছিল। সে ঘটনাকে লক্ষ্য করে কোরানে আয়াত নাযিল হলো। “ফালাম্ তাক্তুলুহুম্ ওয়ালা কিন্নাল্লাহা ক্বাতালাহুম। ওয়ামা রামাইতা ইয্ রামাইতা ওয়ালা কিন্নাল্লাহা রামা (সুরা আন ফাল-১৭)।” অর্থাৎ অতঃপর তোমরা তাদেরকে হত্যা করো নি। বরং আল্লাহপাকই তাদেরকে হত্যা করেছে। (হে আমার হাবিব) এবং আপনি যখন ধূলি নিক্ষেপ করতে ছিলেন তা আপনি নিক্ষেপ করেন নি, বরং আমিই ধূলি নিক্ষেপ করেছি। এখানেও নবীর হাতকে আল্লাহপাক নিজের হাত বলে সাব্যস্ত করেছেন এবং নবীর কর্মটি আল্লাহর কর্ম বলে ঐক্যতা ঘোষণা করেছেন। দূরে কোথাও হতে নয়; আল্লাহ-মুহাম্মদ ঐক্যতায় স্থিত হয়েই খোদার কর্ম প্রকাশ হচ্ছে। শুধু তা’ই নয়, মুমিনদের কর্মটিকেও আল্লাহপাক নিজের কর্ম বলে স্বীকার করে নিলেন। সুরা নজমের ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, “ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া।” অর্থাৎ (মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালাম) নিজ প্রবৃত্তি (ইচ্ছা) হতে কিছু বলেন না। অর্থাৎ যা বলেন আল্লাহর ওহী হতেই বলেন (ইন্ হুয়া ইল্লা ওয়া হয়ুই ইউহা)। কোরান হতে বুঝা গেল আল্লাহর ওয়াজেবুল অজুদ আর বান্দার অজুদ এক হয়ে অহেদাল হয়ে আছে। মুহাম্মদের সর্ব অঙ্গের কর্তা আল্লাহপাক নিজেই এবং তার হাকিকতে দৃষ্টি দিলে দেখা যায় হাবিবে খোদা মুহাম্মদ রাছুলকে দরশন করলে আল্লাহ দেখার আর বাকি থাকে না। তাইতো রাছুলপাক স্বয়ং-ই বললেন, “মান রা’য়ানী ফাকাদ রা’য়াল হক (তাফসিরে জিলানী ১ম খন্ড- ৩৭৭পৃঃ)।” অর্থাৎ যে ব্যক্তি আমাকে দেখলো সে হককেই/আল্লাহকেই দেখলো। তা জাগ্রত কিবা স্বপ্নে যেভাবেই হোক।

এ হাদিসের ব্যাখ্যা ভিন্ন দিকে নেয়ার অবকাশ নেই, কারণ, তার ভেদ-রমুজাত রয়েছে। যারা ঈমানদার হবে (আল্লাহর অনুমতি সাপেক্ষে ঈমান আনবে – সুরা ইউসুফ-১০০) বা উম্মতে মুহাম্মদী হবে তারা মুহাম্মদকে দেখেই ঈমান আনবে। মুহাম্মদকে না দেখে ঈমান আনা যায় না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালাম হলেন আল্লাহর নুরের প্রকাশ এবং সমস্ত ঈমানদারগণের হাকিকি কাবা-কেবলা। আড়েফেল অজুদটি আল্লাহর তরফ হতে আল্লাহকে দেখার জন্য ঈমানদারগণের জন্য একটি বিশেষ এনায়েত/নেয়ামত। যারা হাবিবে খোদা মুহাম্মদ রাছুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালাম থেকে আল্লাহকে পৃথক দেখছে, ভাবছে তারা খাঁটি কাফের (সুরা নেছা – ১৫০-৫১)। তাদের কালেমা পড়ায় শেরেক হচ্ছে এবং শেরেক যারা করছে তারা মুশরেক হচ্ছে। যারা মুশরেক তারা হবে জাহান্নামী। হাদিস বলছে, “মান ক্বলা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আল্লাফা মাররাতুল বেলা তাহকিক।” অর্থাৎ বিনা তাহকিকে হাজার হাজার বার কালেমা পড়লেও সে কাফেরই থেকে যাবে। হাদিসে আরো বলছে, “লাইছা মুমিনু মাহ্মাউনা ফিল মাসজিদি ইয়াকূলুনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাছুলুল্লাহ বারছাহি ফাহুয়া মুনাফিকুন।” অর্থাৎ ঐ সকল লোক মুমিন নহে যারা মসজিদে সমবেত হয়ে বাহ্যভাবে/শুধু মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাছুলুল্লাহ পাঠ করে থাকে, যেহেতু ঐ সকল লোক কপট মুনাফেক। কালেমাকে যারা তাহকিক করে, দেখে শুনে একবার পাঠ করবে তারা জান্নাতি (মেশকাত-৩৫ নম্বর হাদিস)।

হাবিবে খোদা মুহাম্মদ রাছুলকে না চিনলে, না দেখলে কালেমা পড়া হয় না, ইলমে বেলায়েতে সে ভেদ-রহস্য রয়েছে ; উম্মতে মুহাম্মদীগণ সে ভেদ জেনে-শুনেই কালেমা পাঠ করছে। ইলমে মদিনাতুন্নবীর দরজা মাওলা আলীর বেলায়েতের জগতে সে ইলেম রয়েছে। যারা নাকেছ, ৭২ ফেরকার লোক তারা ইলমে বেলায়েতের অস্বীকারকারী জাহান্নামী হবে। কালেমা একবার পড়লে জান্নাতি তা সে চুরি করুক বা জিনা করুক ; তবু সে বেহেশতী (বোখারী ৫ম খন্ড, ৫৭২৬, ৬ষ্ঠ খন্ড-৫৯৯৩। ইহা হাদিসে জিবরাইল)। কালেমার নফী-এসবাত, ফানা-বাকা, অরুজ-নজুল যে জানে না সে মুসলমানই নয় (মমতাজুল ফাতাওয়া)। রাছুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালাম মৃত্যুবরণ করেছেন বা আল্লাহ থেকে তাকে আলাদা দেখলে-ভাবলে বা প্রভেদ করলে তার কালেমা পড়ায় শেরেক হবে। রাছুলে খোদা যুগে যুগে বর্তমান এবং মূর্তমান এ ভেদ যে জানে না সে ঈমানদারই নয়। না চিনে না দেখে ঈমান আনা যায় না। যারা না চিনে না দেখে ঈমানদার দাবী করছে তাদের ঈমান শয়তানের ঈমানের সমতুল্য। শয়তানও না দেখে না চিনে ৬/৯ লক্ষ বৎসর আল্লাহর ইবাদত করেছিল, এখনো বেশী বেশী ইবাদত করছে। সে তার গুরু আদমকে অস্বীকার করে কালেমা পাঠ করছে। কিন্তু খোদার ছুরত গুরু / মুর্শিদ আদমকে অস্বীকার করে তার সমস্ত বন্দেগীর ফলাফল বাতিল হলো/হচ্ছে এবং শেষে কাফের হয়ে জাহান্নামী হলো। এ ঘটনা আওলাদে আদমের জন্য চিরবর্তমান একটি বিশেষ শিক্ষণীয় বিষয় যে, আদম গুরুকে সেজদা/তাঁর আনুগত্য করলে কি হবে আর না করলে কি হবে। আদমকে গাইরুল্লাহ জানলে, ভাবলে কাফের হয়ে যাবে। যাক, কোরান দ্বারা প্রমাণিত আল্লাহ এবং তাঁর হাবিব মুহাম্মদ রাছুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালাম ঐক্যতায় স্থিত, প্রভেদ জ্ঞানকারীরা মুশরেক হয়ে যাবে। আল্লাহর ছুরত হতেই মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের ছুরত প্রকাশিত হচ্ছে।

নিরাকারে তিনি আল্লাহ আর আকারে তিনি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামের সর্ব অঙ্গে আল্লাহপাকই কর্তা – এ বিশ্বাসই তাওহিদ জ্ঞান। আল্লাহপাকই তার বান্দাকে হেদায়েতের বাণী শুনিয়ে যাচ্ছেন এবং ভাষা জ্ঞান শিক্ষা দিচ্ছেন (সুরা রহমান ঃ ১-৪)। একটু দৃষ্টি দিয়ে দেখুন, আইনিয়াতে হাকিকিতে নবী ছিলেন, আসলেন গাইরিয়াতে এতবারিতে/মদিনাতে মুহাম্মদ রূপ ধারণ করে এলেন। মক্কায় থাকার জায়গা নয়, থাকার জায়গা মদিনাতে। হাকিকতে মক্কা এবং মদিনা কি, কোথায় তা জানা দরকার। “আন্ নাবীউ আওলা বিল মুমিনীনা মিন আনফুসিহিম।” অর্থাৎ নবী মুমিনগণের জানের চেয়ে নিকটে বা প্রিয়। ‘আওলা’ অর্থ জানের/প্রাণের চেয়েও প্রিয় বা নিকটে। প্রাণের মানুষ প্রাণেই বাস/অবস্থান করে। মদিনার পূর্ব নাম ইয়াছরিব ছিল, নবীজি সেখানে যাবার পর নাম মদিনাতুন্ নবী (নবীর শহর) হয়েছে। ভেদ বুঝে দেখুন মুমিনগণ নিজেই মদিনাতুন নবী। আহলে বাইয়্যেতকে ধারণ করে মুমিনগণ (হিজবুল্লাহ) মৃত্যুঞ্জয়ী হয়ে আছে। মুমিনগণই হলেন নবীর ঠিকানা। হাকিকতে দৃষ্টি দিয়ে দেখুন হিজাবে মুহাম্মদীতে কে রূপ দেখাচ্ছেন। সে-ই তো এই হয়ে আছে। নবুয়তের বে-নিশান কালেমা বেলায়েতে রূপ ধরে আছে।

“আল্লাহু নূরুচ্ছামাওয়াতি ওয়াল আরদ্ব”-এ নূর “মাছালু নূরীহি কামিশ কাতিন”-নূরের মেছাল দিয়ে আড়েফেল অজুদে ঝলক দিচ্ছে। পিছনের নবুয়ত সামনে এসে বেলায়েতে খোদার রূপ দেখাচ্ছে। উম্মতে মুহাম্মদীগণ খোদাকে দেখেই ঈমান আনছে এবং কালেমার সাক্ষী দিচ্ছে। আর ৭২ কাতারের মুনাফেকগণ অন্ধ-বধির হয়ে আছে, তাদের ক্বালবের নূর হারিয়ে বা নিজ আত্মা হারিয়ে (সুরা আনআম-১২) অন্ধকার কবরে বসে চিৎকার করছে। আল্লাহপাক দেখবেন, শুনবেন, হাটবেন, বলবেন স্বীয় ইচ্ছা পূরণ করবেন, তাই সেই ইচ্ছা পূরণের ক্ষেত্রটি হলেন তার হাবিব মুহাম্মদ রাছুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালাম। তাই হাবিবে খোদা মুহাম্মদ রাছুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াচ্ছালামকে ভালোবাসার মধ্যে আল্লাহরই ভালোবাসা/মহব্বত রয়েছে এবং এ ভালোবাসা/মহব্বতের বিনিময়ে ঈমানদারের সমস্ত গুনাহ্ আল্লাহপাক ক্ষমা করে দিবেন (সুরা বনি ইসরাঈল-৩১)। আল্লাহপাক মুহাম্মদের মধ্যে নিজ রূপ দরশন করে সৃষ্টির বিবর্তন থামিয়ে দিলেন তথা বললেন ‘ওয়া খাতামান্ নাবীয়্যিন’। এখান থেকেই মাওলা আলীর বেলায়েতের দরজা শুরু তথা এ মোহরে নবুয়তের উপরই রয়েছে মাওলা আলীর বেলায়েত।

কবিতা – বনী সাকিফা

এস এম বাহরায়েন হক ওয়ায়েসী

কি লিখি মনের ভাবনায়
যাহা আসে ভাষা-লয়ে
কাগজ কালির আঁকায়;
করি তাহা উপস্থাপন –
আত্মা হতে আত্মার বর্ণন
যদি মানুষ হয়ে উঠি, মানবতার ভাবনায়!

রইবো সবে সুখে, কলরবে
বাঁচবো এক সাথে
অনুভব করবো, আপন আপন আয়নায়।
এইনা ধরাধামে, শৃঙ্খল সুনামে
পাপ পঙ্কিল হতে
শুধরাবো গুণীজনের সাধনায়।

প্রকাশিল রহিম রহমান
রহমত মুহাম্মদ (সাঃ) ধাবমান
উম্মত কোরবা শ্রেষ্ঠ
মুক্তি আহলে বাইয়াতের ভালোবাসায়।
করবেন নাজাত রাসুল (সাঃ)
কলিজার টুকরা অছুল
তবু জালেমান, ডুবালো ইমামের রক্তে কারবালা!

ইয়া উম্মাতি উচ্চারণ
ওহি ঘোষণার কারণ, আলায়ছা ফি মুসলিমিন ধারণ
মোনাফেক ঘটালো রাজত্ব, বনি ছাকিফায়।
ঝরে কত অশ্রু, আশেকগণ অতি সহিষ্ণু
গোপন ধ্যানে খুুঁজে ফিরি, সু-স্বভাব সাধনায়।

কবিতা – অন্বেষণ

লেখক – অজয় বোস

সতত তৃপ্তি খুঁজে, অতৃপ্ত আত্মা মাঝে
মেটেনা পিয়াসা তবু, সময় বয়ে যায় –
প্রাণের পরশে জেগে, মহাকালের মহাভাবে
বসে আছি নদীকূলে এই অবেলায়।

দিকে দিকে কালে কালে, বেলা যে পড়ে ঢলে
থাকি তবু অবহেলে, তোমাহীন আমায় –
দিন গিয়ে রাত আসে, স্বপনেতে আঁখি ভাসে
রহে না এ প্রাণ তবু, প্রশান্তির ছায়ায়।

সিন্ধুতে বিন্দু হয়ে, আমাতে তুমি বয়ে
পূর্ণ প্রেমে মাখামাখি, হব এ ধরায় –
তবে কেন দিনমান, শুধু শুধু অভিমান
নয়ন বারি অকারণ, ধুলোতে লুটায়।

কবে হবে দিনক্ষণ, আশা মনে অনুক্ষণ
হেরিব তোমায় হৃদে, এ শুধু ভাবায় –
সদয় কি হবে তুমি, ওহে মোর প্রাণস্বামী
আপনি বাঞ্ছা করে, ডাকিবে আমায়।

ওহে মোর দয়াময়, তোমাতে পাই অভয়
থাকো তুমি থাকো সদা, মম হৃদকমলে হায় –
আমি তোমায় রব তুমিও আমায় রবে
মধুর প্রেম সঞ্চারিব, তব চরণ যুগলে তায়।

কবিতা – আকাঙ্খা

লেখক – জিসান রহমান সম্রাট

সে আমার ভিতরে আছে
বাহিরে আছে,
আছে অঙ্গে মাখামাখি করে
তবুও আমার কাছে নেই!

মৃত্যুমুখে পতিত
তবুও অযত্নে কিংবা সযত্নে
কোন যত্নেই নেই!

আকাঙ্খা কেন যত্নে লালিত?
দুঃখের সাগরে বসবাস –
তবুও দুঃখকে ভুলে না থাকা।

কি এক আজন্ম আকাঙ্খা!
কি না পাওয়ার যন্ত্রনা!
কেন নিজেকে ভুলে যাওয়া?
বারেবারে আকাঙ্খায় আকণ্ঠ ডুবে থাকা!

সংগীত – রূপের মাঝে নিরূপ সেজে

লেখক – মাওলানা মোফাজ্জল হোসাইন চিশতী

রূপের মাঝে নিরূপ সেজে, খেলছে খেলা রাব্বানা
বহুর মধ্যে একের প্রকাশ, ভেদ জানে তার কয়জনা।।
কুনেতে সাঁই ওয়াহেদ ছিল
ফায়াকুনে আহাদ হলো
পঞ্চ জাতে রূপ ধরিল
স্বরূপে রূপ নিশানা।।
ভবে অনন্ত রূপের মেলা
ভাঙ্গা গড়ার লীলা খেলা
লা ছানী লা বারিতালা
নাইকো তাহার তুলনা।।
সাতে পাঁচে বারো মিলে
খেলছে খেলা সুকৌশলে
উদয় বিলয় উরুজ নজুলে
কুদরতুল্লাহর বাহানা।।
হযতর রশীদ শাহ কয় মোফাজ্জলরে
থাকো গুরুর রূপ নিহারে
জাগিবে স্বরূপ অন্তরে
আমিত্ব হলে ফানা।।

সংগীত – জানো কলেমার খবর

লেখক – নূর আলম খাঁন

জানো কলেমার খবর
যেজন দিব্যদৃষ্টি লাভ করিলো ধরে মনচোর
সে ইনছানুল কামেল, আরেফে দাখেল
পরিশুদ্ধ তাহারই দেল, ছুরত দেখে কলেমার।।
মৌখিক কলেমায় না হইবে কলেমা পড়া
ওরুজ নজুল ফানা বাকা জানগে ভেদ মাজেরা
ঐ কলেমার রূপে, ছবি হৃদয়ে এঁকে
মজুদ রাখো আপন চিত্তে, পরপারে পাবি উদ্ধার।।
না জানিয়া পাঠ করিলে শিরক কয় সাধুগণে
গুরুকে সাবেত করো, দেখাইবে প্রেম দর্পণে
আল্লাহ রাসুল কলেমা, তিনেরই এক ঠিকানা
শুধু মৌখিক যার ভাবনা, তার হবে না দীদার।।
আজরাইলকে হুকুম করে গড়িতে সোনার আদম
কলেমার সুরতে অজুদ, প্রকাশিতে তার হুকুম
ইহা নয় মুখস্থ বিষয়, হৃদে আত্মস্থ করতে হয়
জানিতে রবের পরিচয়, মতি স্থির করো এবার।।
নয় বতুনে কলেমা নাজেল জানগে গুরু ধরে
মূল তত্ত্বে জ্ঞান না হলে, কাফের বলে তারে।
লা ইলাহা উবুদিয়াত মোকাম, ইল্লাল্লাহু উলুহিয়াত ধাম
নূর আলম বলে দয়াল, কলেমা ছাবেত হলোনা আমার।।

সংগীত – আমি পাপী অপরাধী

লেখক – মোবারক হুসাইন ওয়ায়েসী

আমি পাপী অপরাধী দয়াল
ক্ষমা করো নিজগুণে –
ঠাঁই দিও তোমার চরণে।।
তোমার নামের গুণে বেঁচে আছি
এইনা ভব মাঝারে
নাম বিনা মোর নাই আর সম্বল
নাই গতি ভব পাড়ে।
তুমি রহিম রহমান, ত্বরাও মোর নিদান
তোমার নাম যেনো ভুলিনে, জিবনে।।
আস সালাম আল মুমিন তুমি
হাইয়্যুল কাইয়্যুম নিরঞ্জন
তব কুদ্রত শান জগৎ ব্যাপী
তুমি ভক্তের ভগবান।
তুমি আল বারী দয়াল, আমি অবলা নারী
কৃপা করে দিও চরণ তরী, কঠিনও নিদানে।।
ডাকি তোমায় দিবানিশি দয়াল
আমার এ পাপী দেহ করো পার
তুমি বিনে নাই অন্য আশা
যে আমায় করবে উদ্ধার।
ঘাটের মাঝি হইয়া তুমি, পার করিও জগৎস্বামী
অধম মোবারককে উদ্ধারিও, তব কৃপা গুণে।।

অনুবাদ – ভালোবাসার চল্লিশ সূত্র, ২৭ ও ২৮ পর্ব

মূল এলিফ শাফাক হতে
অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী

পর্ব ২৭
শুভচিন্তার অনুশীলন আমাদের চেতনাকে উদ্দীপিত করে শুভকর্মের দিকে। আর আমাদের চিন্তা যদি হয় কুশ্রী, সে চিন্তার ছায়া আমাদের চেতনার রঙকে কালো করে দেয়। যেটাই করুন আপনি, ভালো বা মন্দ; কোনো না কোনো ভাবে তা আপনার কাছেই ফিরে আসবে। অতএব, আপনার প্রতিটি চিন্তা বা কর্ম, শুভবোধ দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত।

আপনি যদি হিংসাত্মক হয়ে ওঠেন এবং অন্যের খারাপ চিন্তা বা কর্মে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন, তবে অবশ্যই আপনার শুভচিন্তা ব্যাহত হবে এবং আপনি আটকা পড়ে যাবেন অশুভ শক্তির দুষ্টচক্রে। জিবনকে সৌন্দর্যমন্ডিত করতে অবশ্যই আপনাকে কায়মনে শুভচিন্তার অনুশীলন করতে হবে। আপনি একটানা চল্লিশ দিন একান্ত মনে শুভচিন্তার অনুশীলন করে দেখুন। এটা নিশ্চিত যে, চল্লিশ দিনেই আপনার জিবনে আমূল পরিবর্তন আসবে। আপনত্ব থেকে বিদায় নিবে সকল কলুষ। কারণ, চল্লিশ দিনে আপনি ভেতর থেকে শুদ্ধ হয়ে উঠবেন।

শুদ্ধতা আগে চিন্তায় আসা জরুরী। ভেতর সুন্দর হলে বাহিরও সুন্দর রঙে সু-সজ্জিত হবে।

চিন্তায় শুভবোধ উদয় হোক আমাদের।

পর্ব ২৮
মোহলিপ্সা ও মায়াবিভ্রম নিয়ত বন্দী করে রাখে আমাদের ভবিষ্যৎ ও অতীতকে। আমরা ভবিতব্যের নিগঢ়ে বন্দী, চলে যাওয়া স্রোত আমাদেরকে আটকে রাখে কূল থেকে কূলে। চিন্তার মূঢ়তা, বোধের ক্ষুদ্রতা আমাদেরকে আটকে রাখে মায়াজালে। আমরা পড়ে থাকি বোধের অতীত কোনো জিবন নামক গুহায়।

অন্তহীন সর্পিল সময়, যা মূলত সময়হীনতা; আমাদের ভেতর বাহির পরিব্যপ্ত করে বয়ে যায়। আমাদেরকে সম্মোহিত করে রাখে সুদূর স্বপ্নে কিংবা আলোহীন মরিচিকায়। বয়ে চলা সময় আমাদের স্থির করে রাখে বোধের সীমাহীন গহ্বরে। সেখানেই প্রশান্তি খুঁজে আজিবন না পাওয়ার বেদনায় ক্ষত বিক্ষত করতে থাকি আমাদের চির প্রশান্ত আত্মাকে! যদি আপনি লাভ করতে চান অনন্ত আলোক, অনুভব করতে চান জিবনের সীমাহীন ব্যাপ্তিকে, তাহলে অতীত ও ভবিষ্যত নামক মায়াজাল থেকে বের হয়ে আসুন। মনকে নিমগ্ন করুন বর্তমানে, মানে এই মুহুর্তে। মনে রাখবেন, বর্তমানের একটি মুহুর্তই চিরজিবনের অখন্ড কাল। মহাকাল। সুতরাং বাস করতে হবে বর্তমানে। এই মুহুর্তে।

বর্তমানের একটি মুহুর্তই অখন্ড মহাকাল।

অনুবাদ কবিতা – চিরন্তন হু

মূল – ড. জাভেদ নূর বখশ
অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী

আহা, কি প্রেমময় সুন্দর তোমার বদনখানি
প্রেমপূর্ণ নয়ন আর ভ্রু-যুগলে –
লুকিয়ে আছে অপার স্নিগ্ধতা!
সে মোহন রূপে দৃষ্টি আমার
এমনি নিবদ্ধ হলো –
আমি অন্ধের মতো দৃষ্টি ফিরিয়ে নিলাম
সকল রূপ হতে!

আমি যে একমাত্র তোমাকেই চাই
তোমার নামের জিকির
তোমার মোহন রূপের ধ্যান
আমিতো নিমগ্ন থাকি একমাত্র তোমাতেই।

আমার তনু-মন-প্রাণ, আমি সঁপে দিয়েছি
তোমারই পথে!
বিচ্যূতি! সে যে সবচেয়ে বড় পাপ!

আমাকে প্রতি মুহূর্তে আলিঙ্গন করে রাখে
তোমার করুণা, তোমার তিরষ্কার!
আহা, তোমার শাসন যে হৃদয় কে শাণিত করে।
প্রশান্ত করে।

আমার হৃদয়ের কনক-কাননে, যা যা আমার ছিল
মুছে ফেলেছি সব! সকল শক্তি দিয়ে
খোদাই করেছি –
সবই তুমি, সবই তুমি।

হৃদয় আজ তোমাময়
ত্যাগ করে সকল আত্ম-অস্তিত্ব! সকল দিক হতে
মুখ ফিরিয়ে থিতু হলাম, তোমার পানে।

তব জ্যোতি হতে, আমাকে
জ্যোতির্ময় করো বা না করো
বরং অবিরাম আমার জিকির হবে
তুমিই সব, তুমিই হু…..

সম্পাদকীয় – মানুষতত্ত্ব

লাবিব মাহফুজ চিশতী

জগৎব্যাপী বিরাজিত অনন্ত রহস্য সাগরের মন্থিত মণি-মুক্তা স্বরূপ একজন ‘পবিত্র মানুষ।’ যিনি অখন্ড চেতনায় সমগ্র জগৎকে তাঁর পরম আত্মোপলব্ধি’র দর্শনে একীভূত করে অনুভব করেন ও প্রকাশ করে থাকেন। তাঁর মাধ্যমেই জগতে প্রচারিত হয় ‘মানব ধর্ম’। যার মূলমন্ত্র হলো, “সমগ্র বিশ্বের একমাত্র সত্য হলো মানুষ তত্ত্ব, একমাত্র মানুষ তত্ত্বেই নিহিত প্রকৃত সত্য।”

মানুষের খোদা বিশ্বাস বড়ই নড়বড়ে। যেখানে মানুষ বিশ্বাসে অপূর্ণতা, সেখানে খোদা বিশ্বাসের স্থান কোথায়? মানুষ ব্যতিত খোদাকে যেখানেই কল্পনা করা হবে, সেখানেই প্রতিষ্ঠিত হবে অবিশ্বাস। যার থেকে জন্ম নেবে অবিশ্বাসীর দর্শন। মুসলিম জাতি আজ অধঃপাতে; তার কারণ – এখনো মুসলিম সমাজ বাকিতে বিশ্বাসী, নগদ প্রত্যাশী নয়। আজও হচ্ছে না মানুষ-দর্শন, বিধায় অধরাই থেকে যাচ্ছে খোদা-দর্শন।

মানুষ-তত্ত্বই একমাত্র সত্য। কারণ, মানুষই পরম সত্ত্বার চূড়ান্ত প্রকাশ। মানুষই আল্লাহর জাতপাক প্রকাশের আধার, নূরে মোহাম্মদীর লীলাক্ষেত্র। সমগ্র সৃষ্টিজগতের অস্তিত্ব নির্ভরশীল একটা মানব অস্তিত্বের ওপরে, যে অখন্ড অস্তিত্বটিই হলো সত্যের ধারক ও বাহক।

সত্যম-শিবম-সুন্দরমের অবয়ব একজন মানুষ। পৃথিবীতে একাধিক ধর্মের অস্বিত্ব থাকা অসম্ভব একমাত্র সহজাত শাশ্বত সত্য মানব ধর্ম ব্যতীত। আল্লাহ-ভগবান-গড বা ঈশ্বর বলে পৃথক কিছু থাকতে পারে না মানব সত্ত্বায় বিরাজিত সকল কারণের আদি কারণ পরম সত্ত্বা স্রষ্টার ‘মানব রূপ’ ব্যতীত। পবিত্র মানুষই একমাত্র পবিত্র সত্ত্বা; যার লয়-ক্ষয় বিনাশ বা পরিবর্তন নাই, নাই কোনো অংশীদার।

অপবিত্রতার গুণ খাছিয়তে আবৃত বা পবিত্রতার পথে উত্তোরন্মুখ মানুষের জন্য একমাত্র আরাধ্য, একমাত্র পূজ্য হলো একজন পবিত্র মানুষ (নিত্য মানুষ, সহজ মানুষ, দিব্য মানুষ, আলেক মানুষ, অধর মানুষ, সোনার মানুষ, সরল মানুষ, মনের মানুষ)। যিনি বিষয় মায়ায় আবদ্ধ পাপীদের পশুত্ব থেকে টেনে তুলবেন মনুষত্বে।

পৃথিবীতে মানুষ হলো এক জাতি। এদের জন্ম এক, পরিণতি এক, ¯্রষ্টাও এক। অতএব, একাধিক ধর্মবিশ্বাস অথবা একই ধর্মে মতোবিরোধ শুধু অযোক্তিকই নয়, অবান্তরও বটে। একক মানব-গোষ্ঠীর একক ধর্ম হলো মানব ধর্ম, শান্তিবাদ (ঔম বা ইসলাম)। এর প্রধান স্তম্ভ গুলো হলো বিশ্বস্ততা, সততা, সমতা, একতা, ত্যাগ, ভালোবাসা, সৌহার্দ্য-সম্প্রীতি ইত্যাদি। এই স্তম্ভগুলো দাঁড় করাতে হবে মিথ্যা, লোভ, হিংসা- অহংকার (শিরক/পাপ) ত্যাগের মাধ্যমে।

তথাকথিত ধর্মের সকল বিষ-বেড়াজালের উর্দ্ধে উঠে আমাদের সকলের উচিত মানুষ হওয়া। মনুষ্যত্বই একমাত্র পবিত্র বিধান এবং একমাত্র ধর্ম।

এলমে মারেফতের বাণীসমূহ

1. বিশ্বাস ভক্তি প্রেম, এ তিন তত্ত্বে ইসলামের ভিত্তি। আর এ তিন তত্ত্বের প্রয়োগক্ষেত্র হলো মুর্শিদ।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী

2. যদি তুমি তৌহিদে বাস করতে চাও, তবে পূর্ণ বিশ্বাসে মুর্শিদের আশ্রয় গ্রহণ করো।
– হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী

3. লা ইলাহা ইল্লাল্লাহ উপলব্ধি হৃদয়ের এমন একটি অবস্থা যা জিহ্বা দ্বারা প্রকাশ করা যায় না এবং মন দ্বারা চিন্তা করা যায় না।
– ইবনে আতাউল্লাহ রহ.

4. যে ঈশ্বরকে হারিয়েছে, সে কি পেয়েছে? আর যে ঈশ্বরকে পেয়েছে, সে কি হারিয়েছে?
– ইবনে আতাউল্লাহ রহ.

5. হৃদয় যখন শূণ্য হয়ে যায়, তখনি সেখানে মিনার স্থাপন করা হয় আর জ্ঞানের সুলতান সেখানে উপবেশন করেন।
– ইবনে আতাউল্লাহ রহ.

মুক্তিচেতনা ও আত্মোপলব্ধির মাসিক আপন খবর, ১৪তম সংখ্যা, জানুয়ারি ২০২৪ খ্রি.
এশকে মাওলা চিশতীয়া দরবার শরীফ হতে প্রকাশিত ও লাবিব মাহফুজ চিশতী কর্তৃক সম্পাদিত

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ