লাবিব মাহফুজ চিশতী
যাবি যদি নিত্যধামে, ছাড়ো আগে ছলচাতুরী
কূলের বাহাদুরী ছাড়ো, বংশের বাহাদুরী।
সাদা পোষাক বেশ ধরিয়া, সাধন ছাড়া পীর সাজিয়া
বাপ-দাদার নাম ভাঙ্গাইয়া, করতেছো বাটপারি
দু নাম্বারী খেলাফত আর চুক্তি বায়াতধারী
বাপ-দাদার নাম বেচতে পটু, সাধনার নাই খবরদারি।
বিদ্যাবুদ্ধি জাহাজ ভরা, চা’র দোকানে দেয় মহড়া
কানাগলির কিচ্ছা গাইয়া, বেজায় অহংকারী
দালাল ধরে শিষ্য বানায় ঘুরে বাড়ি বাড়ি
নাইরে আপন কর্ম সাধন, বিন্দুমাত্র নাই ফকিরি।
বারো মাসে তেরো পূজা, জাঁকজমক আর আলোকসজ্জা
ভক্তের টাকা খাইতে মজা, সারা বছর ভরি
মদ-গাঁজা আর নারী লইয়া মগ্ন তারা ভারি
আযাযিলেও লজ্জিত হয়, দেখে এদের দুই নাম্বারি।
স্বভাবে নাই কু-ভাবের শেষ, সাদা লুঙ্গি খুবসুরত বেশ
অন্তরে শয়তানের আবাস, মুখে রসের হাড়ি
মুরিদ হওয়ার নাই যোগ্যতা সেজেছে কান্ডারী
পেটে শুধু হিংসা গীবত, হাছদ বোগজ তাকাব্বরী।
ভন্ড – পীর আর গদিনশীন, জাল খেলাফত ভজন বিহীন
এরাই ধর্মে কীটের সমান, জাহান্নামের খড়ি
সদলে যাবে জাহান্নাম, সকল লেবাছধারী
এদের থেকে পানাহ চাই, অধম লাবিব বিনয় করি।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – ০২|১১|২০২৬ খ্রি.

