মির্জা আবদুল কাদের বেদিল (১৬৪৪–১৭২১) ছিলেন ভারতীয় উপমহাদেশের ফারসিভাষী সুফি কবি, দার্শনিক ও আধ্যাত্মিক চিন্তাবিদ। তাঁর জন্ম মুঘল ভারতের পাটনায়। পুরো নাম মির্জা আবদুল কাদের বেদিল আজিমাবাদি। ফারসি সাহিত্যে তিনি ‘আবু আল-মা’আনি’ বা ‘অর্থের জনক’ নামে পরিচিত। তাঁর কবিতায় প্রেম, অস্তিত্ব, আত্মজিজ্ঞাসা, স্রষ্টা এবং সৃষ্টির রহস্য এক গভীর দার্শনিক ব্যঞ্জনায় প্রকাশিত হয়েছে।
বেদিলের চিন্তাজগতে ইবনে আরাবির ওয়াহদাতুল ওজুদ দর্শনের গভীর প্রভাব লক্ষ করা যায়। তাঁর কাছে জগৎ কেবল দৃশ্যমান বস্তুর সমষ্টি নয়; বরং অস্তিত্বের এক বিস্ময়কর প্রকাশ। মানুষ যে জগৎকে বহুরূপে প্রত্যক্ষ করে, তার অন্তরালে রয়েছে এক পরম সত্তার অনন্ত ঐক্য। বহুত্বের আবরণ ভেদ করে সেই একত্ব উপলব্ধি করাই আত্মজিজ্ঞাসার অন্যতম উদ্দেশ্য। বেদিলের দর্শনে মানুষের আত্মা এক ঊর্ধ্বমুখী অভিযাত্রী। খনিজ, উদ্ভিদ, প্রাণী এবং মানবসত্তার মধ্য দিয়ে অস্তিত্বের ক্রমবিকাশকে তিনি আধ্যাত্মিক বিবর্তনের আলোকে দেখেছেন। তাঁর বিখ্যাত মসনবি মুহিত-ই আজম ও ইরফান-এ সৃষ্টির উৎপত্তি, আত্মার অবতরণ এবং পুনরায় ঊর্ধ্বারোহণের রহস্য দার্শনিক কাব্যভাষায় ফুটে উঠেছে।
তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ধর্মীয় উদারতা। ভারতীয় দর্শন, হিন্দু আধ্যাত্মিক চিন্তা এবং সুফি মরমিবাদের মধ্যে তিনি ভাবগত সংযোগ খুঁজেছেন। তাঁর কাছে সত্য কোনো সংকীর্ণ পরিচয়ের বন্দি ছিল না; সত্যের অনুসন্ধান ছিল মানুষের অন্তর্জগতের এক অনন্ত সাধনা। বেদিলের কবিতার ভাষা অত্যন্ত জটিল, প্রতীকনির্ভর ও রহস্যময়। তিনি সহজ উত্তর দেওয়ার চেয়ে মানুষের মনে গভীর প্রশ্ন জাগাতে ভালোবাসতেন। তাঁর দর্শনে বিস্ময়ও একপ্রকার জ্ঞান; কারণ মানুষ যখন নিজের অস্তিত্বের রহস্যের সামনে দাঁড়ায়, তখনই তার আত্মোপলব্ধির যাত্রা শুরু হয়।
১৭২১ সালে দিল্লিতে এই মহান কবি মৃত্যুবরণ করেন। কিন্তু তাঁর চিন্তার জগৎ আজও জীবন্ত। মির্জা গালিব ও আল্লামা ইকবালের মতো কবি-চিন্তকদের ওপরও তাঁর প্রভাব সুদূরপ্রসারী। বেদিলের দর্শনের নির্যাস যেন এই—মানুষ জগৎকে যতটা আবিষ্কার করে, তার চেয়ে বেশি আবিষ্কার করে নিজের অজানা সত্তাকে। আর নিজের গভীরে প্রবেশ করতে করতেই একদিন সে অস্তিত্বের মহারহস্যের মুখোমুখি হয়।
আব্দুল কাদির বেদিলের দুটি প্রতীকধর্মী কাসিদার বাংলা অনুবাদ দেয়া হল। অনুবাদ করেছেন আপন খবরের সম্পাদক লাবিব মাহফুজ চিশতী।
০১.
সময়ের আদিতে
সেই শাশ্বত সৌন্দর্য – ফুঠে উঠেছিল
দর্পনে! অগনণ নূরের স্রোতে।
কেউ দেখেনি এ মহিমা!
একদিন হঠাৎ স্রষ্টার খেয়ালে
আবির্ভূত হল মানুষ, মানবচক্ষু!
আর পরিচিত হলো সে!
০২.
শাশ্বত রহস্যসমূহ
অনুসরণ করে প্রজ্ঞার পথ
জন্ম দিল মানুষকে, মানব রূপকে।
সমুদ্র থেকে উত্থিত হলো একটি বিন্দু
যাতে নিমগ্ন সেই অনাদী সত্য
কেউ লক্ষ্য করলো না সে মহিমা।
অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী

