মাতা রূপা ভবানী (১৬২১–১৭২১) ছিলেন কাশ্মীরের একজন প্রখ্যাত মরমি সাধিকা, যোগিনী ও আধ্যাত্মিক কবি। কাশ্মীরি শৈবতত্ত্বের ইতিহাসে তিনি এক অনন্য সাধনব্যক্তিত্ব। লাল দেদের আধ্যাত্মিক উত্তরাধিকারের ধারায় তাঁকে বিশেষ মর্যাদায় স্মরণ করা হয়।
রূপা ভবানীর দর্শনের মূল প্রতিপাদ্য ছিল আত্মোপলব্ধি, অহংবোধের বিলোপ এবং পরমচৈতন্যের সঙ্গে আত্মিক সংযোগ। তাঁর উপলব্ধিতে মানুষের প্রকৃত পরিচয় দেহ কিংবা জাগতিক অস্তিত্বে সীমাবদ্ধ নয়। আত্মার গভীরে বিরাজমান রয়েছে এক শাশ্বত চৈতন্যসত্তা। তাঁর দর্শনের একটি মরমি বাণীর ভাবানুবাদ বিশেষভাবে উল্লেখযোগ্য—
“আমি পৃথিবীতে কোনো বীজ হয়ে আসিনি, জন্ম-মৃত্যুর আবর্তে আবদ্ধ হতে নয়। আমি পঞ্চভূত নই; আমি সেই পরম চৈতন্য, যা সমস্ত অস্তিত্বের ঊর্ধ্বে।”
এই উপলব্ধির মধ্যেই নিহিত রয়েছে তাঁর আত্মতত্ত্বের গভীর রহস্য। যোগসাধনা, ধ্যান, আত্মশুদ্ধি ও অন্তর্জাগরণের মধ্য দিয়ে ব্যক্তিসত্তার সীমা অতিক্রম করাই ছিল তাঁর সাধনার লক্ষ্য। তাঁর চিন্তায় সুফি দর্শনের ফানাফিল্লাহ, বেদান্তের আত্মব্রহ্ম উপলব্ধি এবং কাশ্মীরি শৈবদর্শনের প্রত্যভিজ্ঞা তত্ত্বের সঙ্গে গভীর সাদৃশ্য লক্ষ করা যায়।
রূপা ভবানী আমাদের শেখান, পরমসত্যের সন্ধান বাহ্যিক জগতে নয়, বরং আত্মার নিভৃত গভীরে। তাঁর সাধনজীবন মানবচৈতন্যের শাশ্বত মুক্তির এক অনন্য দৃষ্টান্ত।
মাতা রূপা ভবানীর তিনটি কবিতার অনুবাদ দেয়া হল। অনুবাদ করেছেন লাবিব মাহফুজ চিশতী।
০১.
গহীন তলদেশে থেকে তুলে আনলাম প্রাণবায়ু
যার খোঁজ ছিল মাটি আর পাথরে,
নাদের সাথে জেগে উঠল আমার কুন্ডলিনী
পান করলাম মদিরা –
আপন অন্তরে উপস্থিত করলাম তাকে।
০২.
জগতে আমি বীজ হয়ে আসিনি
কেনো জন্মচক্রে পতিত হবো?
আমি কোনো উপাদান নই
মাটি, জল, অগ্নি, বায়ু, কিংবা আকাশ –
আমি তো আদিম বিশ্বাত্মা –
ব্যক্তিসত্ত্বার বহু উর্দ্ধে
আমিই সেই পরম চেতনা।
০৩.
নিঃস্বার্থতাই নিঃস্বার্থের চিহ্ন
তুমি এবার অবনত হও নিঃস্বার্থের দ্বারে
যারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী –
অনন্তের বাদশাহ, সকল শক্তির ধারক।
অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী

