বোয়েথিউস (৪৮০–৫২৫ খ্রি.) ছিলেন প্রাচীন রোমের এক প্রজ্ঞাবান দার্শনিক, যাঁর চিন্তাজগৎ আবর্তিত হয়েছে নিয়তি, স্বাধীন ইচ্ছা, পরম সত্য ও আত্মার মুক্তিকে কেন্দ্র করে। কারাগারের নিঃসঙ্গ অন্ধকারে রচিত তাঁর কালজয়ী গ্রন্থ The Consolation of Philosophy মানবজীবনের গভীরতম সংকটকে দর্শনের আলোয় উন্মোচন করেছে। তাঁর উপলব্ধিতে, জাগতিক সৌভাগ্য ও দুর্ভাগ্য উভয়ই পরিবর্তনশীল; অথচ মানুষের আত্মা অন্বেষণ করে এক অপরিবর্তনীয় পরম মঙ্গলকে। নিয়তি কি মানুষকে চালিত করে, নাকি আত্মার স্বাধীনতাই তার প্রকৃত পরিচয়—বোয়েথিউস আজও সেই চিরন্তন প্রশ্নের সামনে মানুষকে দাঁড় করিয়ে দেন।
বোয়েথিউস এর তিনটি কবিতার অনুবাদ করেছেন লাবিব মাহফুজ চিশতী।
০১. আহ্বান
হে আকাশ ও পৃথিবীর স্রষ্টা
তুমি যুক্তির দ্বারা জগৎকে করো শাসন
অনন্তকালের অতল থেকে যিনি উৎপন্ন করো সময়
সকল গতিশীল বস্তুর মাঝে তুমিই পরম গতি –
তুমিই স্থির ও নিশ্চল।
তুমি বাহ্যিক কারণ নও,
সুষম এ ধরা কে অসীম সত্ত্বা থেকে আকার দাও
তোমার অন্তর অনন্ত মঙ্গলের আদী উৎস
তোমার সত্ত্বার মধ্যে রয়েছে নিখুঁত মঙ্গলের রূপ –
তুমিই সমগ্র জগৎকে গড়ে তুলেছো স্বর্গীয় নকশায়।
এ জগৎ তো তোমাতেই প্রতিবিম্বিত
সৃষ্টিকে গড়ে তুলেছো সুন্দর প্রতিমূর্তিতে –
আদেশ দিয়েছো পূর্ণতার –
সুক্ষ্ম ও নিখুঁত কৌশলে।
তুমি উপাদান সমূহকে করো ভারসাম্যপূর্ণ
উষ্ণ ও শীতল, আর্দ্র ও শুষ্ক – নিয়মমতো।
যারা কখনো বিবাদে লিপ্ত হয়না –
অগ্নি মাত্রাতিক্রম করেনা, জল কভুও
ভাসিয়ে নিয়ে যায় না পৃথিবীকে।
তুমি সমগ্রের মাঝে সংযুক্ত
জগতকে করেছো বিন্যস্ত, ত্রিবিধ আত্মায়
যা সকলকে চালিত করে।
আত্মা – যা দ্বিখন্ডিত, একত্রিত হয় দুটি বৃত্তে
ছুটে চলে এমন এক পথে, যার গতি ফের নিজের দিকেই।
যা মনের সীমাকে বেষ্টন করে
আকাশকে করে সমুন্নত।
তুমি অনুরূপ বিধাতা ক্ষুদ্রেরও।
প্রত্যেককে করো নক্ষত্রখচিত রথে আসীন
ছড়িয়ে দাও দূর দূরান্তে।
আবার আদেশ করো ফিরে আসতে!
হে সর্বশক্তিমান পিতা
আমাদেরকে কৃপা করো
যুক্তির ডানায় ভর করে উঁচুতে উড়তে দাও
স্বর্গের মহিমান্বিত উচ্চতায়।
আমাদেরকে দেখাও মঙ্গলের উৎস, প্রকৃত আলো
আমাদের দৃষ্টিকে নিবন্ধ করো নির্মল আলোয়
দূর করো জগতের কুয়াশা –
এবং উদ্ভাসিত হও আপন মহিমায়।
কারণ, তুমিই আত্মার প্রকৃত প্রশান্তি ও পরম বিশ্রাম
তোমার মুখ দর্শনের জীবনের পরম পাপ্তি
তুমি অন্ত ও আদি – পথপ্রদর্শক
তুমিই পথ, তুমিই পথিক, তুমিই গন্তব্য।
০২. প্রকৃতির বিধান
প্রকৃতির শক্তি সমগ্র বিশ্বকে চালায়
সুশৃঙ্খলভাবে, এক অদম্য নিয়ম
নিয়ত নিয়ন্ত্রণ করে সমগ্র জগতকে।
বন্দী সিংহ বিনয়ের সাথে পড়ে থাকে সোনার শিকল
ভয় পায় প্রভুর চাবুককে, তাকে যত্নে খাওয়ানো হয় –
তবুও, যদি একবার সিংহ পেয়ে যায় রক্তের আহ্বান
অমনি তার নিষ্ঠুক চিবুক হয়ে ওঠে শানিত
জেগে ওঠে তার ঘুমন্ত হিংস্রতা
এক গর্জনে চ্ছিন্ন করে সকল বন্ধন
তার প্রতিশোধের আগুন সর্বপ্রথম পতিত হয়
তারই যত্নকারীর ক্ষতবিক্ষত লাশের ওপর।
খাঁচায় বন্দী গায়ক পাখিটি, একাকী
মালিকের অঢেল যত্ন, খাবার, মধূ, ফল
সে লাফিয়ে বেড়ায় এক শিক থেকে আরেক শিকে
যদি সে কখনো উঁকি দেয় –
দূরের অরণ্য, পত্রপল্লব, সীমাহীন আকাশ
সে প্রত্যাখ্যান করবে সকল সুস্বাদু খাবার
তার মন ফিরে যাবে অরণ্যে –
কেবল অরণ্যের জন্যই তার সকল আকুলতা
তার সকল গানে বেজে ওঠে কেবল অরণ্যেরই সুর।
রুক্ষ শক্তির কাছে ন্যূজ্ব চারাগাছটি
শক্তি শিথিল হলে পূণঃ সতেজ হয়ে ওঠে –
ফোবাসের রথ ডুবে যায় পশ্চিম সাগরে –
কিন্তু খুঁজে পায় এক গোপন পথ
ফিরে আসে পুণঃ
ভোরের সেই চিরচেনা দরোজায়।
এভাবেই চলতে থাকে সব –
যথাসময়ে যথাযথ প্রত্যাবর্তনের জন্য –
যে নিয়ম স্থির, তা নশ্বর
কেবল সে নিয়মই শাশ্বত – যা নির্ধারিত পথে
শেষকে যুক্ত করে শুরুর সঙ্গে
এক অবিরাম চক্রপথে।
০৩. আত্মার উড্ডয়ণ
মেরুর উপর দিয়ে, ডানা মেলে
আমি উড়ে চলি।
ডানায় আবৃত করে আমার ক্ষিপ্র আত্মা
আকাশ বাতাস চিড়ে
পেছনে ফেলে মেঘের পূঞ্জকে।
শীঘ্র পৌঁছাই সে উজ্জলতর বিন্দুতে
যেখানে আবর্তিত হয় স্বর্গ
নক্ষত্রখোচিত গোলকের মধ্য দিয়ে
অনুসরণ করি ফোবাসের পথ –
নক্ষত্রপুঞ্জের মাঝে।
শীতল শনি অথবা ঝলমলে মঙ্গলকে।
এমন করে প্রতিটি ঘূর্ণয়মান গোলক
অন্বেষণ করে রাতের চাদরে
সব হিসেব মিটে গেলে উড়ে যায়
দূরে, অনন্ত জ্যোতির নিকটে।
জগতের অধিপতি যেখানে
বজায় রাখেন শান্ত শাসন
ঘুরতে থাকে জগত
আর তিনি চালনা করে রথের লাগাম
জ্বজ্বল্যমান মহিমায়।
তিনি বলেন, হে পথহারা –
যদি খুঁজে পাও পথ – বলবে
হে হারানো দেশ, এসেছি বহুদূরে
আমি এখানেই থাকবো।
তবুও যদি কখনো কোনো বিষণ্ন রাতে
তুমি আবার ফিরে আসতে চাও
তখন দেখবে, তারা এখানে অসহায় –
জগতের সবাই যাদের ভয়ে ছিল ভীত।
বোয়েথিউস এর তিনটি কবিতা
অনুবাদ : লাবিব মাহফুজ চিশতী।

