বুল্লেহ শাহ প্রেম, আত্মানুসন্ধান ও পরমসত্তার মরমি অভিযাত্রী। বুল্লেহ শাহ (আনুমানিক ১৬৮০–১৭৫৭ খ্রি.) ছিলেন পাঞ্জাবের এক কালজয়ী সুফি সাধক, মরমি কবি ও আধ্যাত্মিক দার্শনিক। তাঁর দর্শনের কেন্দ্রে ছিল আত্মানুসন্ধান, প্রেম, মুর্শিদতত্ত্ব এবং পরমসত্তার উপলব্ধি। তিনি ধর্মকে কেবল শাস্ত্র, বিধিবিধান কিংবা বাহ্যিক উপাসনার মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং মানুষের অন্তর্জগতে সত্যের জাগরণকেই ধর্মের প্রকৃত উদ্দেশ্য হিসেবে বিবেচনা করেছেন।
তাঁর আধ্যাত্মিক জীবনে মুর্শিদ শাহ ইনায়েতের প্রভাব ছিল গভীর। মুর্শিদের সান্নিধ্যে তিনি উপলব্ধি করেন, আত্মার পর্দা অপসারিত না হলে পরমের পরিচয় লাভ সম্ভব নয়। তাঁর কাছে মারেফত ছিল পুঁথিগত জ্ঞান নয়, বরং নিজের অস্তিত্বের গভীরে প্রবেশ করে সত্যকে অনুভব করার এক প্রত্যক্ষ অভিজ্ঞতা।
বুল্লেহ শাহ জাতপাত, ধর্মীয় সংকীর্ণতা, সামাজিক বিভাজন এবং আত্মম্ভরিতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর দর্শনে মসজিদ-মন্দিরের বিরোধ অপেক্ষা মানুষের অন্তরের পবিত্রতা অধিক গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করতেন, যে হৃদয়ে প্রেমের জন্ম হয়নি, সেখানে ধর্মের বাহ্যিক অনুশীলনও আত্মিক পূর্ণতা দিতে পারে না।
তাঁর কবিতায় ফানা বা আমিত্বের বিলয়, ইশক বা ঐশী প্রেম এবং আত্মপরিচয়ের অনুসন্ধান একাকার হয়ে উঠেছে। নিজের পরিচয় সম্পর্কে তাঁর গভীর জিজ্ঞাসা মূলত অস্তিত্বের পর্দা উন্মোচনের সাধনা। বুল্লেহ শাহের মরমি দর্শনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো—স্রষ্টাকে খুঁজতে হলে প্রথমে নিজের অন্তরের অজ্ঞতা ও অহংকার অতিক্রম করতে হবে। তাঁর কাছে প্রেমই ছিল মুক্তির পথ, আর আত্মবিসর্জনই ছিল পরম সত্যের দিকে যাত্রার চূড়ান্ত সাধনা।
লাবিব মাহফুজ চিশতীর অনুবাদে পড়ুন বুল্লেহ শাহ এর কবিতা – পরিচয়।
আমি মসজিদের ভেতরের কোনো ধার্মিক নই
না বিশ্বাস করি পৌত্তলিকতায়,
আমি অপবিত্রদের মধ্যে পবিত্র নই
মুসাও নই, ফেরাউন ও নই।
বুল্লেহ! আমি আমার কাছেই পরিচিত নই।
পবিত্র বেদে আমি নেই
না আফিমে, না মদে
মাতালের উন্মত্ততায়ও নেই
না জাগ্রতে, না নিদ্রায়।
বুল্লেহ! আমি আমার কাছেই পরিচিত নই।
না সুখে, না দুঃখে
না স্বচ্ছতায়, না নোংরা কাদায়
না পানিতে, না মাটিতে
না আগুনে, না বাতাসে আমার জন্ম।
বুল্লেহ! আমি আমার কাছেই পরিচিত নই।
না আরবী, না লাহোরী
না হিন্দি, না নাগৌরী
না হিন্দু, না পেশোয়ারি
নাদাউনেও থাকিনা আমি।
বুল্লেহ! আমি আমার কাছেই পরিচিত নই।
না জানি ধর্মের রহস্য
না আমি আদম হাওয়ার বংশধর
যে নাম আমার, তা আমি নই
না স্থির, না গতিশীল।
বুল্লেহ! আমি আমার কাছেই পরিচিত নই।
আমিই প্রথম, আমিই শেষ
অন্য কাওকে চিনি না আমি
সকলের মধ্যে আমিই জ্ঞানী
আমি কি একা?
বুল্লেহ! আমি আমার কাছেই পরিচিত নই।
মূল – হযরত বুল্লেহ শাহ
অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী

