বুল্লেহ শাহ (১৬৮০–১৭৫৭) কেবল একজন সুফি কবি ছিলেন না; তিনি ছিলেন প্রচলিত ধর্মীয় অহংকার, সামাজিক বিভাজন এবং আত্মপ্রবঞ্চনার বিরুদ্ধে এক জীবন্ত বিদ্রোহ। তাঁর কাছে ঈশ্বর কোনো মসজিদ, মন্দির কিংবা শাস্ত্রের একচেটিয়া সম্পত্তি ছিলেন না; তিনি ছিলেন মানুষের অন্তরে প্রেমের গভীরে লুকিয়ে থাকা এক পরম সত্য। মুর্শিদ শাহ ইনায়েত কাদরীর সান্নিধ্যে তিনি উপলব্ধি করেছিলেন, স্রষ্টাকে পেতে হলে প্রথমে নিজের আমিত্বের মসনদ ভেঙে ফেলতে হয়।
বুল্লেহ শাহের দর্শনের কেন্দ্রে ছিল ইশ্ক—যে প্রেম মানুষকে নিজের অস্তিত্বের সীমানা অতিক্রম করায়। তিনি জাতপাত, ধর্মীয় গোঁড়ামি, বংশমর্যাদা ও পাণ্ডিত্যের অহংকারকে প্রত্যাখ্যান করেছিলেন। তাঁর কবিতায় কখনো তিনি প্রেমিক, কখনো পাগল, কখনো নর্তক; কারণ আত্মার কাছে পরিচয়ের সমস্ত আবরণই একসময় অর্থহীন হয়ে যায়।
তাঁর বিখ্যাত মরমি উচ্চারণ— বুল্লেয়া! কি জানা ম্যায় কৌণ! অর্থাৎ, বুল্লেহ! আমি কে, তা-ই বা কী করে জানব! এই প্রশ্নের মধ্যেই নিহিত রয়েছে আত্মানুসন্ধানের গভীরতম দর্শন। যে নিজেকে চিনেছে, সে সৃষ্টির রহস্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
বুল্লেহ শাহ এর ৫ টি কবিতার অনুবাদ দেয়া হল। অনুবাদ করেছেন লাবিব মাহফুজ চিশতী।
০১. প্রেমে যেজন বিদ্ধ হয়
প্রেমে যেজন বিদ্ধ হয়
তার গলা বেসুরো হলেও নৃত্যময়।
স্বর্গীয় আশির্বাদ সেই লাভ করে
যে প্রেমের পোশাকে অঙ্গ সাজায়।
যে প্রেমিক মাত্র পান করেছে পেয়ালা থেকে
তার প্রশ্ন বা উত্তর – কোনোটাই অবশিষ্ট নেই।
যেজন প্রেমে আকুল
তার কন্ঠ বেসুরো হলেও নৃত্যময়।
সেই প্রেমে পূর্ণ
যার প্রিয়তম বিরাজ করে তার হৃদয়েই।
তার কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই
সে কেলব উপভোগ করে পরমানন্দ।
যে প্রেমে মগ্ন
তার সুর বেসুরো হলেও নৃত্যময়।
০২. শুদ্ধতার পথ
আমিতো হারিয়ে গেছি প্রেমের নগরীতে
নিজেকে গুটিয়ে নিয়েছি –
মাথা, হাত ও পা থেকে
এবং এগিয়ে চলেছি শুদ্ধতার পথে।
আমি মুক্তি পেয়েছি আমার অহং থেকে
পৌঁছেছি আমার লক্ষ্যে –
এতেই যে শুভ পরিসমাপ্তি।
হে বুল্লেহ! প্রভু উভয় জগতে পরিব্যপ্ত
ফলে, কেউই আমার অপরিচিত নয়।
০৩. পবিত্র হৃদয়
ইশ্বরকে যদি পাওয়া যেত অজু করেই
নিশ্চয়ই ব্যাঙ আর মাছেরাই পেত সর্বাগ্রে!
ইশ্বর যদি লুকিয়ে থাকতেন গভীর জঙ্গল
পশুরা তাকে এতদিনে খুঁজে বের করেই ফেলত!
বুল্লেহ! ঈশ্বরকে তো তারাই পায় –
যাদের হৃদয় পবিত্র ও খাঁটি।
০৪. আপন পাঠ
অনেক শিখেছো তুমি
পড়েছো হাজারো বই
কখনো কি নিজেকে পড়েছো?
বহুবার মসজিদে ও মন্দিরে গিয়েছো
কখনো কি আপন আত্মার দ্বারে পৌঁছেছো?
শয়তানের সাথে যুদ্ধ করেছো অনেক
কখনো কি আপন কলুষিত কামনার বিরুদ্ধে লড়েছো?
হয়তো আকাশ জয় করেছো তুমি
কিন্তু পৌঁছতে ব্যার্থ হয়েছে আপন অন্তরভূমিতে।
০৫. প্রেমের নব নব বসন্ত
যেদিন প্রেমের পাঠ গ্রহণ করলাম
সেদিন মসজিদের প্রচলিত গন্ডি থেকে মন উঠে গেল
ছুটে গেলাম গুরুজীর আখড়ায় –
যেখানে হাজার সুরে বাজে আনন্দের বাদ্য
প্রেমের নব নব বসন্ত নেমে এলো হৃদয় জুড়ে।
জায়নামাজ পুড়িয়ে ফেলো, ছুড়ে ফেলো লোটা
হাত থেকে নামিয়ে রাখো তাসবীহ আর সাধনার লাঠি
ইশকের আহ্বান শুনো, একবার বেড়িয়ে আসো
প্রচলিত বিধি নিষেধের খোলস ভেঙ্গে
নিজেকে সঁপে দাও সত্যের বন্ধনে।
প্রেমের নব নব বসন্ত নেমে এলো হৃদয়জুড়ে।
হীর আর রাঞ্ঝার মিলন ঘটে গেছে
তবু হীর মনের ভুলে বনে বনে খুঁজে তার প্রিয়তমকে।
রাঞ্ঝা যে তার বাহুডোরেই বন্দী! খেলা করে নিয়ত
প্রেমের আবেশে তবু ডুবে যায় হুশ-খেয়াল!
প্রেমের নব নব বসন্ত নেমে এলো হৃদয়জুড়ে।
জ্ঞানী বেদ ও কোরান পাঠ করতে করতে ক্লান্ত
সিজদা করতে করতে ক্ষয়ে গেছে কপাল
স্রষ্টা কেবল তীর্থে নন, স্রষ্ঠা মক্কায়ও থাকেন না
তাকে খুঁজে পায় কেবল তিনি
যিনি প্রত্যক্ষ করে তার নূর।
প্রেমের নব নব বসন্ত নেমে এলো হৃদয়জুড়ে।
মূল – বুল্লেহ শাহ
অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী

