অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী
শায়খ ইব্রাহিম এফেন্দি ছিলেন সপ্তদশ শতকের উসমানীয় তুরস্কের একজন প্রভাবশালী সুফি সাধক, মরমি কবি ও বায়রামি-মেলামতি ধারার বিশিষ্ট পথপ্রদর্শক। তাঁর জন্ম ১৫৯১ সালে, তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের রুমেলি অঞ্চলের এগরিদেরে। শৈশব থেকেই তিনি সুফি পরিবেশে বেড়ে ওঠেন। প্রাথমিক আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন তাঁর দাদা, মেলামতি সাধক তাবতাব শাহ আলীর কাছে। পরে ইস্তাম্বুলে এসে হালভেতি তরিকার শায়খ হাকিকিজাদে ওসমান এফেন্দির শিষ্যত্ব গ্রহণ করেন। দীর্ঘ সাধনা ও কঠোর রিয়াজতের পর তিনি ইস্তাম্বুলের আকসারায় অবস্থিত গাওসি বা ওগলানলার খানকাহর শায়খের দায়িত্ব লাভ করেন।
তাঁর আধ্যাত্মিক পরিচয়ের কেন্দ্রে ছিল বায়রামি-মেলামতি সাধনধারা; আনুষ্ঠানিক তরিকার দিক থেকে তিনি হালভেতি পরম্পরার সঙ্গেও যুক্ত ছিলেন। ওহদাতুল উজুদ, ইনসানে কামিল, আত্মপরিচয় ও বেলায়েতের মতো গভীর তত্ত্ব নিয়ে তিনি কবিতা ও গদ্যে আলোচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে দিবান, মুফিদ উ মুখতাসার, কাসিদা-ই দিল-ই দানা এবং উসুল-ই মুহাক্কিকিন বা ওয়াহদাতনামা। তাঁর দিল-ই দানা কাসিদা মরমি তুর্কি সাহিত্যের গুরুত্বপূর্ণ সৃষ্টি হিসেবে বিবেচিত। ১৬৫৫ সালের ১ মার্চ তিনি ওফাত লাভ করেন।
সুফির পথ
লোকে বলে, সুফির পথ হলো
নিজের জীবনকে বিলিয়ে দেওয়া।
কিন্তু সুফির পথ হলো—
আত্মার সিংহাসনে সুলতান হয়ে অধিষ্ঠিত হওয়া।
তরিকতের মাকামে
বাহ্যিক দৃশ্যমানতার আবরণ ধ্বংস করে দেওয়াই সাধনা।
হাকিকতের মাকামে
হৃদয়ের অন্তঃপুরের নিভৃততম প্রাসাদে
অতিথি হয়ে প্রবেশ করাই সাধনা।
লোকে বলে, দেহকে পবিত্র করে
প্রিয়তমের নূরে উদ্ভাসিত হওয়াই সুফিপথ।
কিন্তু সুফির পথ হলো—
ধীরে ধীরে মাটি ও পানির তৈরি
এই পার্থিব পোশাক খুলে ফেলা।
লোকে বলে, প্রেমের আগুনে পুড়ে ছারখার হওয়াই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
প্রিয়তমের নূরে সম্পূর্ণরূপে দগ্ধ ও প্রজ্বলিত হওয়া।
লোকে বলে, বিশ্বাস স্থাপন করে
বিধিবিধান অনুসরণ করাই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
অসংখ্য আসমানের বিধানসমূহ
আবিষ্কার ও উপলব্ধি করা।
লোকে বলে, প্রতিটি ব্যাধির প্রতিষেধক হয়ে ওঠাই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
সৃষ্টির সকল রহস্যকে জানা
এবং সেই রহস্যসমূহের স্বরূপে পরিণত হওয়া।
লোকে বলে, দেহের মায়া বিনষ্ট করাই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
ঐশী নামসমূহের চাবিকাঠি দিয়ে
দেহের গোপন রহস্যের দ্বার উন্মোচন করা।
হে সুফি, এ পথের মর্ম উপলব্ধি করতে হলে
তোমাকে স্বয়ং সেই পথ হয়ে উঠতে হবে।
যে কেবল শব্দের মধ্যে হারিয়ে যায়,
সে কখনো শব্দের প্রকৃত অর্থ হয়ে উঠতে পারে না।
লোকে বলে, নিজের হৃদয়ের অন্তঃস্থলে
খোদার রহস্য হয়ে ওঠাই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
বাহ্যিক নিদর্শন পাঠ করে
অন্তর্নিহিত অর্থের সন্ধান লাভ করা।
লোকে বলে, সৃষ্টির মহিমা দেখে
বিস্ময়ে অভিভূত হওয়াই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
হাকিকতের স্বরূপ দেখে
প্রতিনিয়ত বিস্ময়ে অভিভূত থাকা।
লোকে বলে, প্রতিটি হৃদয়কে
খোদার আরশে পরিণত করাই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
হৃদয়ের আবাস থেকে খোদা ছাড়া
অন্য সবকিছুকে সরিয়ে দেওয়া।
লোকে বলে, সমগ্র মানবজাতির প্রতি
সজাগ দৃষ্টি রাখাই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
প্রতিটি নিঃশ্বাসে পূর্ব ও পশ্চিমকে
নিজ সত্তার পরিসরে ধারণ করা।
লোকে বলে, সূর্যের মতো দীপ্তিমান হওয়াই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুর মধ্যেও
খোদাকে অবলোকন করা।
লোকে বলে, সকল প্রকার মানুষের সঙ্গে
সামঞ্জস্য ও সম্প্রীতি বজায় রাখাই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
প্রতিদিন লক্ষ লক্ষ রূপে
নিজেকে প্রকাশ করা।
লোকে বলে, সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের কাছে
সোলায়মানের মতো হয়ে ওঠাই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
প্রতিটি ভাষা বুঝতে পারা
এবং প্রতিটি ভাষায় কথা বলা।
লোকে বলে, এক বিন্দু থেকে
মহাসমুদ্রে পরিণত হওয়াই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
নিজের হৃদয়কে এমন এক সুরাভাণ্ডারে পরিণত করা,
যেখানে হাকিকতের মদিরা সঞ্চিত থাকে।
লোকে বলে, অস্তিত্বের নূরে আলোকিত
এক পরিপূর্ণ মানুষ হয়ে ওঠাই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
অনস্তিত্বের নূরে
অস্তিত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া।
লোকে বলে, জীবনের প্রতিটি অণু-পরমাণুর
প্রাণসত্তা হয়ে ওঠাই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
হাজারবার মৃত্যুবরণ করা
এবং প্রতিটি মুহূর্তে নতুন করে জীবনে ফিরে আসা।
লোকে বলে, প্রজ্ঞা ও চিরন্তন ন্যায়ের
অধিকারী মহাপুরুষ হয়ে ওঠাই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
দেহের প্রতিটি লোমকূপ থেকে
দৃষ্টিপাতকারী এক একটি চোখ হয়ে ওঠা।
লোকে বলে, নিজের আত্মাকে
প্রিয়তমের কাছে সমর্পণ করাই সাধনা।
কিন্তু সুফির পথ হলো—
নিজেকেই প্রিয়তমের আত্মায় পরিণত করা।
লোকে বলে, এটাই মুহাম্মদের
রিসালাতের সত্যতার প্রমাণ।
কিন্তু হে ইব্রাহিম, সুফির পথ হলো—
নিজেকেই খোদার মূর্ত প্রকাশে
পরিণত করা।
