Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

হযরত ইউনুস এমরে: মরমি সাধনার ১০ কবিতা

অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী

হযরত ইউনুস এমরে (আনুমানিক ১২৪০–১৩২০ খ্রি.) ছিলেন মধ্যযুগের আনাতোলিয়ার একজন মহান সুফি কবি, আরিফ ও প্রেমসাধক। তুর্কি ভাষার আদি মরমি কাব্যধারায় তাঁর অবদান অতুলনীয়। তাঁর জীবন ছিল ইশকে ইলাহি, আত্মশুদ্ধি, মারিফত ও হাকিকতের সন্ধানে নিবেদিত এক আধ্যাত্মিক অভিযাত্রা।

তাঁর আধ্যাত্মিক জীবনের প্রধান পথপ্রদর্শক ছিলেন সুফি সাধক তাপ্তুক এমরে। প্রচলিত সুফি-আখ্যান অনুসারে, মুর্শিদের দরবারে তিনি দীর্ঘকাল খেদমত, বিনয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে নফসের পরিশুদ্ধি সাধন করেন। কথিত আছে, প্রায় চল্লিশ বছর তিনি খানকাহর জন্য কাঠ সংগ্রহ করেছিলেন। এই খেদমত ছিল তাঁর কাছে কেবল দৈহিক শ্রম নয়; বরং মুর্শিদের প্রতি আনুগত্য এবং আত্মিক সাধনার এক বিশেষ অনুশীলন।

ইউনুস এমরের সাধনদর্শনের কেন্দ্রবিন্দু ছিল প্রেম। তাঁর কাছে ইশক কেবল আবেগ নয়, বরং আত্মার পরিশুদ্ধি ও পরম সত্যের পরিচয় লাভের পথ। তিনি বিশ্বাস করতেন, পুঁথিগত জ্ঞান দিয়ে হাকিকতের পূর্ণ উপলব্ধি সম্ভব নয়; এর জন্য প্রয়োজন অন্তরের জাগরণ, আত্মদর্শন ও আমিত্বের বিলয়। তাঁর কবিতায় মানবদেহ, বিশ্বজগৎ, সত্তর হাজার পর্দা, নূর, আত্মা ও পরম সত্তার নিগূঢ় সম্পর্ক মরমি ভাষায় প্রকাশিত হয়েছে।

তাঁর প্রধান রচনার মধ্যে রয়েছে দিওয়ান ও রিসালাতুন নুশিয়্যা। সহজ তুর্কি ভাষায় গভীর সুফি তত্ত্ব প্রকাশ করে তিনি সাধারণ মানুষের হৃদয়েও মারিফতের বাণী পৌঁছে দিয়েছিলেন।

ইউনুস এমরে আজও প্রেম, মানবতা ও আত্মজিজ্ঞাসার এক অনন্য আধ্যাত্মিক পথপ্রদর্শক। তাঁর বাণীর মূল আহ্বান—বাহ্যজগতের অসংখ্য রহস্যের সন্ধান করতে করতে মানুষ যেন নিজের অন্তরের বাতেনি জগৎকে বিস্মৃত না হয়। কারণ আত্মদর্শনের মধ্য দিয়েই হাকিকতের দ্বার উন্মোচিত হয়।

আপন খবরের এবারের আয়োজনে থাকছে মহামতি ইউনুস এমরের ১০ টি কবিতার অনুবাদ। অনুবাদ করেছেন লাবিব মাহফুজ চিশতী।

01.
যারা জানেন, তাঁদের জিজ্ঞাসা করো

যাঁরা মারিফতের মর্ম জানেন, তাঁদের জিজ্ঞাসা করো—
এই দেহের অভ্যন্তরে বিরাজমান আত্মা আসলে কী?
তা তো হাকিকতেরই নিজস্ব শক্তি।
তবে এই শিরা-উপশিরায় প্রবাহিত রক্তই বা কী?

চিন্তা কেবল এক বার্তাবাহক,
আর ভয়—উদ্বেগ ও উৎকণ্ঠার এক খনি।
এই দীর্ঘশ্বাসগুলো প্রেমেরই পোশাক।
তবে সিংহাসনে অধিষ্ঠিত সেই খান কে?

তাঁর একত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো।
যখন কিছুই ছিল না, তখন তিনিই সৃষ্টি করেছেন।
আর প্রকৃতপক্ষে যখন আমরা কিছুই নই,
তবে সোলায়মানের সমস্ত ঐশ্বর্যই বা কী?

ইউনুস ও তাপ্তুককে জিজ্ঞাসা করো—
তাঁদের কাছে এই জগৎ-সংসারের অর্থ কী?
এই জগৎ তো চিরস্থায়ী নয়।
তুমি কে? আমি-ই বা কে?

02.
যাও, সকল প্রেমিকের কাছে এ কথা প্রচার করে দাও

যাও, সকল প্রেমিকের কাছে এ কথা প্রচার করে দাও—
আমি সেই মানুষ, যে প্রেমের কাছে সমর্পণ করেছে তার হৃদয়।
আমি রূপান্তরিত হই প্রেমোন্মত্ত এক বুনো হাঁসে,
আমিই সেই সত্তা, যে দ্রুততম নিমজ্জনে ডুব দেয়।

সমুদ্রের তরঙ্গমালা থেকে আমি জল তুলে নিই,
আর তা নিবেদন করি আসমানের সর্বোচ্চ সীমা পর্যন্ত।
প্রেমাসক্তির আরাধনায় মেঘের মতো ঊর্ধ্বে উড়ে চলি,
আমিই সেই সত্তা, যে ঊর্ধ্বাকাশের বেহেশতে উড্ডীন হয়।

যে বলে, সে দর্শন করেছে—শপথ করলেও সে দর্শন করেনি;
যে দাবি করে, সে জানে—সে আদৌ জানে না।
একমাত্র তিনিই সেই সত্তা, যিনি জানেন এবং দেখান।
আর আমি সেই মানুষ, যে প্রেমের গোলামে পরিণত হয়েছে।

প্রকৃত প্রেমিকদের কাছে এই ধরাধামই বেহেশত;
যাঁরা মারিফতের মর্ম জানেন, তাঁরা খুঁজে পান অট্টালিকা ও প্রাসাদ।
মুসার মতো বিস্ময়াভিভূত ও প্রেমাসক্ত হয়ে,
আমি আজও সিনাই পর্বতে অবস্থান করি, সেখানেই আমার পরম বিকাশ।

ইউনুস আমার নাম, আমি আপন সত্তার হুঁশ হারিয়েছি।
প্রেমই আমার পথপ্রদর্শক, অন্তিম গন্তব্য পর্যন্ত।
একাকী, সেই মহিমাময় বন্ধুর অভিমুখে
আমি ভূমি চুম্বন করতে করতে এগিয়ে চলি—আর তাঁর সান্নিধ্যে পৌঁছে যাই।

03.
আমি এখানে স্থায়ীভাবে বসতি গড়তে আসিনি

আমি এখানে স্থায়ীভাবে বসতি গড়তে আসিনি,
এসেছি বিদায় নিতে, পথের ওপারে চলে যেতে।
আমি বহু সম্পদের এক বণিক,
যে ক্রেতা পায়, তার কাছেই বেচে দিই সেই সম্পদ।

আমি এখানে কোনো বিবাদ-বিসংবাদ সৃষ্টি করতে আসিনি,
আমার আগমন কেবল প্রেমের জন্য।
একটি হৃদয়ই প্রিয়তম বন্ধুর উপযুক্ত আবাস।
আমি এসেছি কিছু হৃদয় গড়ে তুলতে।

এই বন্ধুত্বের সুরায় আমি কিছুটা মত্ত—
কোনো প্রেমিকই আমার এই দশার স্বরূপ বুঝতে পারবে।
আমি এসেছি আমার দ্বিত্বসত্তাকে বিনিময় করে
একত্বের মাঝে নিজেকে বিলীন করে দিতে।

তিনিই আমার উস্তাদ, আমি তাঁর গোলাম।
আমি তাঁর বাগানের এক বুলবুলি।
উস্তাদের সেই বাগানে এসেছি
আনন্দে বিভোর হয়ে গান গাইতে গাইতে মৃত্যুবরণ করতে।

লোকে বলে,
‘যেসব আত্মা এখানে পরস্পরকে চিনে নেয়,
সেখানে গিয়েও তারা পরস্পরকে চিনতে পারে।’

আমি এসেছি একজন উস্তাদকে চিনতে
এবং তাঁর সামনে আমার প্রকৃত স্বরূপ প্রকাশ করতে।

04.
ওরা বেহেশত পাক

আমার নয়ন যুগল তোমাকে দর্শন করার জন্যই,
আমার হস্তদ্বয় তোমার সান্নিধ্যে পৌঁছানোর জন্যই।
আজ তোমার পথে আমি আমার জীবন সমর্পণ করলাম—
আগামীকাল তোমার সাক্ষাৎ লাভ করব।

আজ তোমার পথে আমি আমার জীবন সমর্পণ করলাম,
যেন আগামীকাল তুমি আমার প্রেমের মূল্য উপলব্ধি করো।
আমার বিশ্বাসের প্রতিদান হিসেবে আমাকে বেহেশত দিও না—
আমি সেখানে যেতে আদৌ আকাঙ্ক্ষী নই।

যে স্থানকে তোমরা বেহেশত বলে অভিহিত করো,
যার প্রত্যাশায় প্রত্যেক সৎ বিশ্বাসী সাধনায় রত,
জ্ঞানীদের দৃষ্টিতে তা কেবল সুন্দরী নারীদের এক আবাসমাত্র—
আমি তাদের আলিঙ্গন করতে আকাঙ্ক্ষী নই।

তুমি আমাকে এক পুত্র ও এক কন্যা দান করেছ,
যারা আমাকে দিয়েছে জীবনের সকল আনন্দ।
তাদের প্রতিও আজ আমার আর কোনো আকাঙ্ক্ষা অবশিষ্ট নেই—
আমার সমস্ত আকাঙ্ক্ষা কেবল তোমাকে ঘিরে।

এসব কিছুই তুমি দাও সেই শরিয়তপন্থী বিশ্বাসীদের—
তারাই তো তোমার অনুগ্রহ ও দানের প্রত্যাশী।
গৃহ কিংবা ধনসম্পদের প্রতিও আমার কোনো আকাঙ্ক্ষা নেই—
তুমি ছাড়া আর কিছুই আমার কাম্য নয়।

ইউনুস তোমার বিরহে বড়ই কাতর,
তুমিও যে তাকে বিরহে স্মরণ করো,
তাকে সেই সংবাদ দাও।

যদি তোমার পথ কাউকে যাতনা দেওয়ার না হয়,
তবে কিছুটা দয়া বর্ষণ করো,
যেন সে তোমার সান্নিধ্যে পৌঁছাতে পারে।

05.
হে প্রেমের শিষ্য, তোমার নয়ন উন্মীলন করো

হে প্রেমের শিষ্য, তোমার নয়ন উন্মীলন করো,
ধরিত্রীর মুখমণ্ডলের দিকে দৃষ্টিপাত করো।
এই সূক্ষ্ম কোমল উদ্ভিদরাজির দিকে তাকাও—
দেখো, কীভাবে তাদের পুষ্পিত হওয়ার ক্ষণ ফুরিয়ে যায়।

কী গভীর যত্নে তারা প্রিয়তম বন্ধুর অভিমুখে বেড়ে ওঠে—
তাদের জিজ্ঞাসা করো, কোন অভীষ্টের সন্ধানে তারা এমনভাবে ধাবমান?

প্রতিটি পুষ্পের রয়েছে সত্যের সঙ্গে প্রেমালাপের সহস্র উপায়।
প্রতিটি বিহঙ্গ তার গানের সুরে স্মরণ করে সেই মহাপ্রভুকে।

তারা তাঁর অসীম ক্ষমতার প্রশস্তি করে,
প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ের মধ্যে তাঁর উপস্থিতির বন্দনা করে;
হ্যাঁ, আর যখন তারা জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে,
তখন তাদের বর্ণও বিবর্ণ হয়ে আসে।

প্রতিদিন তাদের রং বদলে যায়,
অবশেষে তারা ঝরে পড়ে ধরিত্রীর বুকে।
জ্ঞানীদের উপলব্ধির জন্য এর মধ্যেই নিহিত রয়েছে এক মহাশিক্ষা।

তোমার আগমন তোমাকে কোথাও পৌঁছে দেয় না।
তোমার হাসিও কোনো আনন্দের অর্থ বহন করে না।
যদি প্রেম করতে না শিখে থাকো,
তবে মৃত্যু ছাড়া তোমার আর কোনো গন্তব্য নেই।

হে ইউনুস, বাক্যবিস্তার বিস্মৃত হও,
নিজ আমিত্বের ওপর থেকে তোমার হাত সরিয়ে নাও।
তোমারই বা কী করার আছে?
শুভ কিংবা অশুভ—একটিও বিষয় খোদা থেকে স্বতন্ত্র নয়।

06.
হাকিকত থেকে অবতীর্ণ সুরা

হাকিকত থেকে অবতীর্ণ সেই সুরা
আমরা পান করেছি—সুবহানাল্লাহ!
আর কুদরতের মহাসমুদ্র পাড়ি দিয়ে
আমরা ভেসে চলেছি—সুবহানাল্লাহ!

সেই পাহাড়শ্রেণি ও ওকবনেরও ওপারে,
সেই আঙুরের বাগান ও উদ্যানরাজিরও ওপারে,
সুস্থতা ও পরম আনন্দের সঙ্গে আমরা অতিক্রম করেছি—সুবহানাল্লাহ!

আমরা ছিলাম শুষ্ক, কিন্তু সিক্ত হয়ে উঠলাম।
আমাদের ডানা গজাল, আমরা বিহঙ্গে রূপান্তরিত হলাম।
পরস্পরের সঙ্গে মিলনবন্ধনে আবদ্ধ হয়ে উড়ে চললাম—
সুবহানাল্লাহ!

যে ভূমিতেই আমরা উপনীত হয়েছি,
যে হৃদয়েই প্রবেশ করেছি, সমগ্র মানবসমাজের অন্তরে,
তাপ্তুক আমাদের যে মর্মবাণী শিক্ষা দিয়েছিলেন,
সেই বাণীর অর্থবীজ বপন করেছি—সুবহানাল্লাহ!

এসো, এখানে আমরা পরস্পরের সঙ্গে সন্ধি করি,
একে অপরের কাছে অপরিচিত হয়ে না থাকি।
আমরা অশ্বকে জিন পরিয়েছি,
তাকে প্রশিক্ষিত করে প্রস্তুত করেছি—সুবহানাল্লাহ!

আমরা ক্ষুদ্র জলধারা হয়ে প্রবাহিত হয়েছিলাম,
ক্রমে এক বিশাল নদীতে পরিণত হলাম।
ডানা মেলে উড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লাম,
অতঃপর উপচে পড়লাম—সুবহানাল্লাহ!

আমরা তাপ্তুকের দরবারের দ্বারে গোলাম হয়ে রইলাম।
অধম ইউনুস ছিল কাঁচা, অপরিণত ও স্বাদহীন;
অবশেষে সে প্রেমের অগ্নিতে পরিপক্ব হয়ে উঠল—
সুবহানাল্লাহ!

07.
হাকিকত সমগ্র জগৎ পরিপূর্ণ করে রেখেছে

হাকিকত সমগ্র জগৎ পরিপূর্ণ করে রেখেছে,
কিন্তু সেই হাকিকত কার কাছে পরিচিত?
তুমি তাঁর কাছে কত কিছুই না প্রার্থনা করো,
অথচ তিনি তো তোমার আপন সত্তা থেকে পৃথক নন।

তুমি এই জগৎকে সত্য বলে বিশ্বাস করো,
প্রতিদিনের রুজিকে নিজের অর্জন বলে দাবি করো।
আর কতকাল এই মিথ্যার আবরণ বজায় রাখবে?
তুমিও তো জানো, বাস্তবতা এমন নয়।

পরজগতের পথ অনেক দীর্ঘ।
বিচ্ছেদ ও বিরহের দহনময় আকুলতার মধ্যেও
নিজের কাছে সৎ থেকো, নিজের সত্যকে অস্বীকার কোরো না।
যাঁরা সেই পরম গন্তব্যে উপনীত হন, তাঁরা আর ফিরে আসেন না।

এই ধরাধামে যারা আগমন করে,
তারা একে একে মৃত্যুর অমৃতরস পান করে।
এই জগৎ তো কেবল এক সেতু—
যদিও যৌবনের উন্মাদনায় মানুষ তা অনুমান করতে পারে না।

এসো, আমরা পরস্পরকে চিনে নিই,
এবং আমাদের পথচলার ভার সহজ করে তুলি।
চলো, প্রেম করি, প্রেমের পাত্র হই।
এই জগৎ কারও উত্তরাধিকার হয়ে থাকে না।

হে ইউনুস, যদি উপলব্ধি করতে পারো,
যদি অন্তর্নিহিত মর্মবাণী শ্রবণ করতে পারো,
তবে জীবনের মধ্যে সামান্য আনন্দ খুঁজে নাও।
এখানে কেউ চিরকাল অবস্থান করবে না।

08.
সত্য বাণী হলো নীরবতারই ফল

প্রকৃত বাণী হলো নীরবতারই পরিপক্ব ফল।
অতিরিক্ত বাক্যব্যয় হৃদয়ের স্বচ্ছতাকে আচ্ছন্ন করে ফেলে।

যদি হৃদয়কে নির্মল করতে চাও,
তবে সমস্ত কথার নির্যাসস্বরূপ এইটুকুই বলো—

সত্য কথা বলো। সত্যের সঙ্গে উচ্চারিত বাক্যের মধ্য দিয়েই খোদা কথা বলেন।
অসত্যের পরিণতি কেবল যাতনা।

যতক্ষণ না একটিমাত্র দৃষ্টিতে সমগ্র সৃষ্টিকে অবলোকন করতে পারছ,
ততক্ষণ তোমার সমস্ত ধর্মাচরণ সত্ত্বেও তুমি পাপের মধ্যেই রয়েছ।

শরিয়তের ব্যাখ্যা এই—
শরিয়ত একটি তরী, আর হাকিকত তার মহাসমুদ্র।

কাঠ যতই মজবুত হোক না কেন,
সমুদ্র চাইলে সেই তরীকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে।

রহস্যটি হলো এই—
ধর্মের কোনো ‘ওলি’ বাস্তবিক অর্থে একজন অবিশ্বাসীও হতে পারেন।

আমরা এই ইলমের অধিকারী হব
এবং প্রেমের এই কিতাব পাঠ করব।
খোদাই শিক্ষা দেন, আর প্রেমই তাঁর বিদ্যায়তন।

যেদিন থেকে ওলীদের দৃষ্টির কৃপা
অধম ইউনুসের ওপর বর্ষিত হয়েছে,
সেদিন থেকে আর কোনো ঘটনাই তার কাছে অমঙ্গল হয়ে দেখা দেয়নি।

09.
আমরা প্রবেশ করিলাম মারিফতের গৃহে

আমরা প্রবেশ করিলাম মারিফতের গৃহে,
সেখানে দেহের বাতেনি স্বরূপ প্রত্যক্ষ করিলাম।

ঘূর্ণায়মান আসমানমণ্ডলী, স্তরে স্তরে বিস্তৃত ধরিত্রী,
সত্তর হাজার হিজাব ও পর্দার অন্তরাল—
সকলেরই সন্ধান পাইলাম এই দেহের অভ্যন্তরীণ জগতে।

শব ও রোজ, গ্রহ-নক্ষত্রের আবর্তন,
লওহে মাহফুজে উৎকীর্ণ কালামে ইলাহি,
মুসা (আ.)-এর তাজাল্লি-দর্শনের সেই তূর পর্বত, পবিত্র মন্দির,
আর ইসরাফিলের শিঙ্গার মহাধ্বনি—
এসবেরই শহুদ লাভ করিলাম এই দেহের বাতেনি পরিসরে।

তওরাত, যাবুর, ইনজিল ও কোরআন—
এই আসমানি কিতাবসমূহে যে নিগূঢ় বাণী বিবৃত রহিয়াছে,
তার মর্মতত্ত্বের সন্ধানও পাইলাম এই দেহের অভ্যন্তরে।

সকলেই বলে, ইউনুসের এই কালাম সত্য।
অথচ হাকিকত তো সেখানেই, যেখানে তুমি তাহার সন্ধান করিতে চাও।
আমরা সেই সমুদয় তত্ত্ব ও সত্যের সন্ধান পাইলাম
নিজ দেহের বাতেনি জগৎ-ভুবনের অভ্যন্তরে।

10.
প্রেমিক পরিত্যক্ত, ভবঘুরে ও অকর্মণ্য

হে আমার আত্মা,
আহলে মারিফতের পথ
অতি সূক্ষ্মেরও অধিক সূক্ষ্ম।
সোলায়মানের পথ রুদ্ধ করেছিল একটি পিঁপড়ে।

রাত ও দিন, প্রেমিকের
অশ্রুধারা কখনো অবসিত হয় না—
রক্তাশ্রু ঝরে অবিরাম,
প্রিয়তমের স্মরণে।

‘প্রেমিক তো সমাজচ্যুত, ভবঘুরে ও অকর্মণ্য’—
লোকেরা একসময় আমাকে এমনই বলত।
কথাটি সত্য।
আমার জীবনেও তা-ই ঘটেছে।

চার কিতাবের মর্মোদ্ধারের চেষ্টা করেছিলাম,
যতক্ষণ না প্রেমের আগমন ঘটল;
প্রেম এসে সকল কিছুকে
একটি মাত্র হরফে রূপান্তরিত করে দিল।

তোমরা, যারা নিজেদের দরবেশ বলে দাবি করো,
আর বলো, খোদার নিষিদ্ধ কোনো কাজই তোমরা করো না—
তোমরা কেবল তখনই গুনাহ থেকে মুক্ত,
যখন তাঁরই হেফাজতে সমর্পিত থাকো।

দুজন লোক কথোপকথন করছিল।
একজন বলল, ‘ইশ্‌, যদি এই ইউনুসকে একবার দেখতে পেতাম!’
অন্যজন বলল, ‘আমি তো তাকে দেখেছি।
সে আর কিছু নয়—প্রেমে মাতোয়ারা
আরেকজন বৃদ্ধ আশেক মাত্র।’

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ