লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

গুরু ও ভক্তের সংলাপ (নিরবতার ভাষা কী)

লাবিব মাহফুজ চিশতী

ভক্ত – হে দয়াল মুর্শিদ! এতদিন কিতাবের অক্ষরে খুঁজেছিলাম সমুদ্র, আর তুমি এসে এক বিন্দু নীরবতার মাঝে আমাকে ডুবিয়ে দিলে! বলো, এ নীরবতার ভাষা কী?

গুরু – যে হৃদয় ইতোমধ্যে পূর্ণ হয়ে আছে শব্দে, সে কিভাবে শুনতে পাবে নিরবতার ভাষা? এতদিন পড়েছো কিতাব, এবার নিজেকে পড়ো। যে অক্ষর মুছে যায় নিবেদনের নিরবচ্ছিন্ন অশ্রুধারায়, সেখানেই জ্বলে ওঠে সত্যের নাম।

ভক্ত – হে দয়াল মুর্শিদ! যখনি আমি নিজেকে খুঁজি, তখনি দেখতে পাই হাজারো অবয়ব, হাজারো মুখমন্ডল! অসংখ্য আমির ভিড়ে আমি নিজেকেই যে চিনতে পারি না!

গুরু – যে মুখ আয়নায় দেখা যায় না, সেটিই তোমার আসল মুখ। যে ‘আমি‘ কে এতদিন যত্ন করেছো, সে কেবল পথের ধূলা। বাতাস উঠলে ধূলো হারিয়ে যায়, কিন্তু আকাশ কোথায়ও হারায়না। সর্বব্যাপী সে শাশ্বত অস্তিত্বটিই তুমি।

ভক্ত – হে দয়াল মুর্শিদ! তাহলে কি আমাকে আমিত্ব পরিত্যাগ করতে হবে?

গুরু – পরিত্যাগ করতে হবে না, ভেঙ্গে ফেলতে হবে। পাথরটি ভাঙলেই প্রকাশ পায় মূর্তি। আমিত্ব ভাঙলেই প্রকাশ পায় চিরন্তন আমি। চিরন্তন ‘হু‘।

ভক্ত – হে দয়াল মুর্শিদ! প্রেম কেনো এত যন্ত্রণাময়? যে আগুন আমাকে পোড়ায়, সে আগুনেই কেনো আমি শান্তি পাই?

গুরু – সাধারণ আগুন পোড়ায় দেহ, আর ইশকের আগুন পোড়ায় পর্দা। পর্দা মুছে গেলেই অবারিত অনন্তের দ্বার। তুমি ভাবছো তুমি জ্বলছো, আসলে জ্বলছে তোমার বন্ধন, তাই এত শান্তি।

ভক্ত – হে দয়াল মুর্শিদ! আমি কি তবে প্রেমিক, নাকি প্রেমের কোনো বিকারমাত্র?

গুরু – তুমি প্রেমিক নও, তুমি প্রেমের আয়না। আয়না আপন দর্শনের অহংকার পরিত্যাগ করে যেদিন পরমের রূপ প্রকাশ করবে, সেদিনি প্রেমের সফলতা।

ভক্ত – হে দয়াল মুর্শিদ! পরমকে পাওয়ার পথ কোথায়?

গুরু – যে পথের শুরুতে তুমি ছিলে, কিন্তু শেষে তুমি থাকবে না।

ভক্ত – হে দয়াল মুর্শিদ! কিভাবে সে সত্ত্বাকে ধারণ করি? আমি যে এক ফোঁটা মাত্র!

গুরু – ফোঁটার অহংকার আছে, সমুদ্রের নেই। সমুদ্র হয়ে যাও।

ভক্ত – হে দয়াল মুর্শিদ! আমাকে শেষ উপদেশ দাও।

গুরু – শেষ উপদেশ নেই। শেষ মানেও একটা পর্দা। শুধু একটি কথাই মনে রেখো, যে হৃদয় প্রেমে পুড়ে ছাই হয়ে যায়, সে ছাই দিয়ে ফেরেশতারা পথের চিহ্ন আঁকে।

ভক্ত – হে দয়াল মুর্শিদ! তাহলে আমি কে?

গুরু – খুঁজতে খুঁজতে প্রশ্নটি যেদিন হারিয়ে যাবে, সেদিন তুমি তোমাকে পাবে, যাকে কোনো ভাষা ধারণ করতে পারেনা।

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ