সুফি সংগীত ০১.
ফকির আতিকুর রহমান চিশতী
জ্ঞান হলো না ভ্রান্ত মানুষ
কান্দো লাশের মায়ায়
ভাবলি না তুই দেহ ছেড়ে
গেল পাখি কোথায়।।
খাঁচা যে তোর মাটির গড়া
মাটি হবে এইতো ধারা,
ময়না পাখি, তার মায়া নাই
কান্দো খাঁচার মায়ায়।।
মেরুদন্ড মাংস শিরা
স্বভাব তাদের ভাঙ্গাগড়া,
সেটিই হবে আসল কবর
যেই খাঁচায় সে বন্দী হয়।।
কাঁচা দেহ খসেই যাবে
পাকা বাড়ি বানাও তবে,
ফকির আতিক বলে জিন্দা মরলে
যমরাজা তার বাধ্য হয়।।
সুফি সংগীত ০২.
দাউদ আহমেদ চিশতী
মুহাম্মদ এক নূরের পুতুল
কে বলে সে অনেক দূরে
আমার নবী এলো নাছুত পুরে।।
ইল্লাল্লারী রূপ দেখাতে, প্রকাশ হলো নজুলেতে
সকল সিফাত সঙ্গে নিয়ে, নয় বোতনে এলো ঘুরে।।
নবী লা ইলাহাতে প্রকাশ হলো, ইল্লাল্লাকে চিনাইলো
মাওলা আলী চিনলো ভালো, বায়াত হয়ে নবীর ধারে।।
ইল্লাল্লাকে চিনবি, লা ইলাহা খুঁজো নিরবধী
ইল্লাল্লাকে চিনতে দাউদ, লা ইলাহাকেই চিহ্ন করে।।
