1. দেওয়ান শাহ আব্দুর রশিদ চিশতী
তিনটি সুফি সংগীত : আত্মতত্ত্ব, খোদাতত্ত্ব ও মানুষত্ত্ব – Tribeni
থেকো মন স্বচেতনে, জ্ঞান নয়নে, ঘুমাইও না
ঘুমাইলে পড়বি ভুলে, হারাবি মূল ষোল আনা।
চৈতন্য মানুষ যারা, বেহুঁসে রয় না তারা
সদা দেয় রূপের পাহারা, সাধু যারা,
ও সে, দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরে বাস করে না।
যে থাকে ভগ্ন ঘরে, কারিগরে পেয়ে তারে
ভাঙ্গে গড়ে বারে বারে, দেয় যাতনা,
ঘরামী সে বাধ্য হলে, ঠিক রবে ঘর ষোল আনা।
করে মন তাড়াতাড়ি, কায়েমী কর বাড়ী
কত কাল থাকবি আর এই ছাড়া বাড়ী,
ও মন, সাদ্ধ সিদ্ধি যোগ বলে, ঘর কেন পাকা কর না।
রশিদ কয় বারে বারে, ঘরখানি পাকা করে
বসত কর সেই ঘরে, আর ভাঙবে না,
ছাড়া বাড়ী পলানে ঘর, সে ঘরে আর বাস কর না।
2. হযরত খাজা দেওয়ান শাহ রজ্জব আলী আল চিশতী নিজামী
তিনটি সুফি সংগীত : আত্মতত্ত্ব, খোদাতত্ত্ব ও মানুষত্ত্ব – Tribeni
খোদা তোর হাজির নাযির, জান মুসাফির, সদায় বর্তমান।
যে দেখেছে বর্তমানে, সে কি মানবে অনুমান?
যার হুকুমে কুল মাখলুকাত, এ সারে জাহান
পয়দা হল আগুন পানি, জমিনও আসমান।
স্বচক্ষে দেখতে তারে, এক নজরে, চায় না কেনো প্রাণ!
(এক) আল্লাহ আছে, এই বিশ্বাসে, আনিয়ে ঈমান
পড়ে মায়ার ভুলে, মহাজালে, হল দিন কাটান।
কেবল তাই ডাকাডাকি, হল ফাঁকি, বাকির খাতায় টান।
আকার ধরে সেজদা করে, যাবে জাহান্নাম
নীরাকারেও হয়না সেজদা, বলছে পাক কোরান
কামেলীন পীরের কাছে, বিধান আছে, জান তার সন্ধান ।
দয়াল কাদির চাঁন কয় রজ্জবরে তুই চোখ থাকিতে আন্ধা
জ্ঞান অস্ত্রে কাটলে না, চোখের আবরণ পর্দা।
মন তোর কাটলে পর্দা, খুলত ধান্ধা, দেখতি বর্তমান।
3. হযরত খাজা ইয়ার আলম চিশতী নিজামী
তিনটি সুফি সংগীত : আত্মতত্ত্ব, খোদাতত্ত্ব ও মানুষত্ত্ব – Tribeni
চাও যদি মানুষে
ভক্তি রসের বাদাম দিয়া, যাওনা সরল দেশে।
মনা ভাই, সেই না দেশে যেতে যদি, মনে বাঞ্ছা করো
অনুরাগের বিষ খাইয়া, বাইচা যাইচা মরা মরো।
সেই না দেশের মানুষরে ভাই, মরা ভালোবাসে
জিন্দা মানুষ গেলে ধৈরা খায় মরা মানুষে।
মনা ভাই, ত্রিবেণীরও উজান বাকে, রাগ দেখা যায় পানি
ঘুর্ণিপাকে পইলে নৌকা, করবে টানাটানি।
নিরিখ বেন্ধে ধইরো শলা, সেই মানুষের আশে
তোর প্রেমের নৌকা টেনে নিবে, অনুরাগ বাতাসে।
মনা ভাই, সরল দেশের সরল মানুষ, সরল বেচাকেনা
গরল জিনিস সেই হাটেতে, কভূও বিকায় না।
মন মানুষ পবনে তথা ওজন করে বৈশে
তোলামাপা কম পড়িলে নেয় কিনা বাতাসে।
মনা ভাই, গুরুবস্তু কবচ কৈরে, সঙ্গে যদি রাখো
ঝড় তুফানের থাকবে না ভয়, সদায় মনে রেখ।
ইয়ার আলম সেই ভয়েতে, নয়ন জলে ভাসে
হালচালা সব ছেড়ে দিছে, নেয় কিনা বাতাসে।

