সুফি কবিতা ০১
এস. এম. বাহরায়েন হক ওয়ায়েসী
কি নেশা খাওয়াইলে বন্ধু, সব ভুলে যাই কেনে?
তুমি বিনা নাইরে বন্ধু, যে আমারে চিনে?
এসেছিলাম ভবের বাড়ী
পেয়েছি নিয়ামত কোটি হাজারী,
শুকর করতে পারলাম না
আমি গুনে গুনে।।
পঞ্চ ইন্দ্রিয়ের এমন ভাবনা
সুরত শেকেল এক, নেই বিড়ম্বনা
স্বভাবে মানুষ না হইলে
কষ্ট কেনো আসে মনে।।
কোথায় পাবো যেয়ে মানবরূপ
কে দেখাবে আমায় তার অনুরূপ,
পাইতাম যদি সন্ধান তাহার
রাখতাম মাথা চরণে।।
বাহরাইন শাহ্ বলে অবুঝ মন
কাহার কাছে দুঃখের কথা করিবো বর্ণন,
খাওয়াইয়ে বিষম নেশা
আমায় মারিলে পরাণে।।
সুফি কবিতা ০২
আব্দুর রাজ্জাক বিশ্বাস
তোমার আগমনে প্রিয় নবি, নৃত্যে দোলে ধরনী
আলোকিত হলো সৃষ্টিকূল, সৌরভ পুষ্প মঞ্জুরী।।
আবির রাঙা হাসে উষা, মরু বক্ষে লাবনী,
চন্দ্র-সূর্য, গ্রহ-তারা, সজীব হলো অবনী।।
তুমি আনলে কালিমার দাওয়াত, মানব মুক্তির পথ,
আল্লাহ ছাড়া নাই প্রভু, তুমি শিখালে একত্ববাদ।।
শোনালে তুমি সাম্যের বাণী, নাই মানুষের ভেদাভেদ,
বিশ্বে ছড়ালে ধর্মের বারতা, আল্লাহ-রাসুল অভেদ।।
হে মরুচারী মানব কান্ডারী, আমরা তোমার উম্মত,
ধন্য মোরা তোমায় পেয়ে, হে প্রিয় মোহাম্মদ।।

