আপন ফাউন্ডেশন

Date:

দেল কোরান এবং ক্বাফ এর শক্তি – দুটি মারফতি কালাম

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল

দেল কোরান
ফকির আতিকুর রহমান চিশতী
দেল কোরানের মূল বারতা, দেল ডুবারু জানতে পারে
সবাই বুঝবে কেমন করে, কোরান পড়বে কেমন করে।।
কসম করে বলে আল্লাহ, এই কোরান পাবে না মোল্লা
কেরামতি কোরান আছে, কিতাবের ভিতরে –
নাপাকে ছুঁইতে পারেনা, পড়বে কেমন করে!
দেল দরিয়ার গুপ্ত কথা, সাধ্য কি জানিতে পারে।।
পাশাপাশি দুই দরিয়া, বরযোখে তা ভাগ করিয়া
এস্ক জোশে রত্ন পয়দা, হচ্ছে তার ভিতরে-
নুক্তা নূরে আলিফ লাম মীম, কিতাব এ সংসারে
ঐ কিতাবে নাই সন্দেহ, নূর দ্বারা হেদায়াত করে।।
নূরের প্রচার রাখতে জারি, এক নূরে তিন তৌহিদ তারি
আল্লা আদম আর মুহাম্মদ , প্রচার এ সংসারে-
মাওলা নিজে আশেক হইয়া, নিজকে খুঁজে ফিরে
আউয়াল আখের জাহের বাতেন, রয়েছে সব পর্দায় ঘিরে।।
আলে রাসুল বংশধারা, পবিত্র বিশুদ্ধ তারা
কিতাব কোরান রয়েছে সব, তাঁদের এক্তিয়ারে।
ফকির আতিক বলে নক্সায় কোরান, থাকো রূপ নিহারে
খোলা কিতাব আদম অজুদ, উম্মুল কিতাব চিনলে পরে।।

ক্বাফ এর শক্তি
হেলাল সরকার ওয়ায়েসী

ক্বাফ এর শক্তি নয় সামান্য, প্রাপ্ত হয় যে সেই তো ধন্য
গুরুর আদেশ নির্দেশ মানো নতশীরে, বলি তোমারে
সম্যক গুরু যদি কৃপা করে।।
কাইয়্যুমুন চিরস্থায়ী শক্তি, নির্ধারিত হয় যার প্রতি
জ্ঞানের বাতি জ্বলে আধার ঘরে,
কুদ্দুছুন করিলে অর্জন , দুর্বলতা হয় তার বর্জন
উন্নত মর্যাদা শক্তি ধরে।।
কাবিউন চিরঞ্জীব ধারা, বুঝা কঠিন তার মাজেরা
সৃষ্ট শক্তির উৎস বলে যারে,
কাদিরুন সুপরিমিত, পারি দিয়া কর্মবৃত্ত
দাড়ায় সত্য অলীদের কাতারে।।
কাহহারুন ক্ষমতাধারী, শক্তি হয় মৃত্যুদানকারী
ক্ষনস্থায়ী দুনিয়া ধ্বংস করে,
কাবিদুন হইলে দৃষ্টি, তার নিয়ন্ত্রনে যাবে সৃষ্টি
পরম ইষ্টি ডাইকা নেয় তাহারে।।
শেরে খোদা মাওলা আলী, এই ছয় শক্তির গুণাবলী
রাসুল হতে প্রাপ্ত ভবের পরে,
ক্বাফ শক্তি হইলে হারা, একুল সেকুল দফা সারা
কপাল পুড়া কয় হেলাল সরকারে।।

দেল কোরান এবং ক্বাফ এর শক্তি – দুটি মারফতি কালাম

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ